কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দ্রুত বিনিয়োগ বাড়াচ্ছে এশিয়ার দেশগুলো। শিল্প, ব্যবসা, ব্যাংকিং, যোগাযোগ ও সরকারি সেবায় এ প্রযুক্তির ব্যবহারও বিস্তৃত হচ্ছে। তবে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে বাড়ছে নতুন ধরনের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু উন্নত প্রযুক্তি গ্রহণ করলেই ডিজিটাল অর্থনীতি নিরাপদ হবে না। বরং বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যেও তথ্য, লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার সক্ষমতা তৈরি করতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং, ই-মেইল ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রযুক্তিগত কার্যক্রমে একাধিক বিঘ্ন সেই দুর্বলতা সামনে এনেছে। জাতীয় নিরাপত্তা সংস্থার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও এসব সমস্যার বাইরে ছিল না। এতে প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, এশিয়ার দেশগুলো যখন এআই অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ বিনিয়োগ করছে, তখন প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তার প্রতিশ্রুতির পাশাপাশি তাদের বিপর্যয় মোকাবিলা ও দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতাও যাচাই করা জরুরি।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান দ্য রায়াদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আয়ুব বলেন, নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদন বা পর্যবেক্ষণ ব্যবস্থা দিয়ে কোনো প্রযুক্তিসেবা বাস্তবে কতটা সুরক্ষিত, তা নিশ্চিত করা যায় না। ফিলিপাইনের একজন খুচরা ব্যবসায়ী, ভিয়েতনামের রপ্তানিকারক কিংবা জাপানের কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংকটের সময়ও যেন অর্ডার ও আর্থিক লেনদেন সচল থাকে।
তার মতে, বিকল্প প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান রাখলেই ঝুঁকি কমে না। কারণ, বিকল্প প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ও তথ্য পুনরুদ্ধার ব্যবস্থা যদি মূল সরবরাহকারীর ওপর নির্ভরশীল হয়, তাহলে বড় ধরনের বিপর্যয়ের সময় উভয় ব্যবস্থাই অকার্যকর হয়ে পড়তে পারে।
মাইক্রোসফটের বিপর্যয় থেকে নতুন শিক্ষা
নভেম্বরে প্রযুক্তি খাতের বড় ধরনের বিঘ্নগুলোর মধ্যে অন্যতম ছিল মাইক্রোসফটের সেবায় সমস্যা। আয়ুবের ব্যাখ্যা অনুযায়ী, প্রতিষ্ঠানটির চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময় আগে থেকে থাকা একটি ত্রুটি সক্রিয় হয়ে পড়ে। এরপর স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অঞ্চলে সেবা স্থানান্তরের প্রক্রিয়ায় সমস্যাটি আরও বিস্তৃত হয়।
মাইক্রোসফট জানিয়েছে, ত্রুটিটি সংশোধন করা হয়েছে। তবে কিছু পরীক্ষা ও পুনরুদ্ধার ব্যবস্থার উন্নয়ন ২০২৭ সাল পর্যন্ত চলতে পারে। এসব কাজের কয়েকটির জন্য নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়নি।
আয়ুব বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জানতে চাওয়া উচিত, সংশোধিত ব্যবস্থাটি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না। প্রযুক্তিগত বিপর্যয়ের সময়ও প্রতিষ্ঠানের তথ্য সঠিক থাকবে এবং কর্মীরা বিকল্প ব্যবস্থায় কাজ চালিয়ে যেতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন।
অরেলিয়ান ল্যাবসের প্রধান নাথানিয়েল নরম্যানও প্রযুক্তিগত হালনাগাদ ব্যবস্থার ওপর কঠোর নজরদারির পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, কোনো সফটওয়্যার হালনাগাদ করার আগে তা পরীক্ষা করা, ধাপে ধাপে কার্যকর করা এবং সমস্যা দেখা দিলে আগের সংস্করণে ফিরে যাওয়ার ব্যবস্থা রাখা জরুরি।
তিনি বলেন, ক্লাউডভিত্তিক সেবায় নিরাপত্তা হালনাগাদ থাকলেই সব ধরনের সাইবার আক্রমণ ঠেকানো সম্ভব নয়। বিশেষ করে এইচটিটিপি/২ প্রযুক্তিকে লক্ষ্য করে পরিচালিত কিছু আক্রমণ প্রচলিত ওয়েব নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কার্যকরভাবে প্রতিরোধ করা কঠিন হতে পারে। তবে কোনো প্রতিষ্ঠানের প্রকৃত ঝুঁকি নির্ভর করে তার সার্ভারের বিন্যাস এবং নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রবাহের পদ্ধতির ওপর।
দক্ষিণ কোরিয়া ও ভারতের জন্য বিশেষ সতর্কতা
এশিয়ার বিভিন্ন অর্থনীতিতে প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাবও ভিন্ন হতে পারে। দক্ষিণ কোরিয়ায় কম্পিউটিং সেবায় ধীরগতি দেখা দিলে মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অর্ডার সরবরাহ পিছিয়ে যেতে পারে। অন্যদিকে ভারত ও ভিয়েতনামের যেসব প্রতিষ্ঠান দ্রুত কম্পিউটিং সক্ষমতা বাড়াচ্ছে, তাদের প্রযুক্তি সরবরাহকারীদের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর, তা যাচাই করা প্রয়োজন।
দক্ষিণ কোরিয়ায় ২০২২ সালে একটি তথ্যকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে কাকাওয়ের বিভিন্ন সেবা বিঘ্নিত হয়েছিল। ওই ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পর্যবেক্ষণব্যবস্থাও অকার্যকর হয়ে পড়ে। একই সঙ্গে তথ্য পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান ক্ষতিগ্রস্ত স্থাপনাতেই কেন্দ্রীভূত ছিল।
আয়ুবের মতে, এই ঘটনা দেখিয়েছে, যে স্থাপনায় বিপর্যয় ঘটেছে, সেটির ওপর নির্ভর করেই পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা নিরাপদ নয়। বিকল্প তথ্য সংরক্ষণ ও স্বাধীন পুনরুদ্ধার ব্যবস্থা থাকা জরুরি।
প্রযুক্তি খাতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়ানোর দাবি
প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় শুধু ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। নিয়ন্ত্রক সংস্থাগুলোকেও আরও সক্রিয় হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়ার ভাষ্যকার এবং স্ট্রিট এমবিএর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লকলান ওয়ার্ডের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর স্বাধীনভাবে পুনরুদ্ধার পরীক্ষা পরিচালনার বাধ্যবাধকতা থাকা উচিত। ব্যাংক, বিমানবন্দর ও সরকারি সেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে যুক্ত করে একাধিক প্রযুক্তিগত বিপর্যয়ের পরিস্থিতিতে পরীক্ষা চালানো হলে বিকল্প ব্যবস্থার প্রকৃত সক্ষমতা বোঝা যাবে।
আইসিএমের সহপ্রতিষ্ঠাতা ও সিক্সআরের ব্যবসাপ্রধান উমর খট্টাক বলেন, কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে কয়েকটি বিষয় পরিষ্কার করা জরুরি। সেবা বন্ধ হয়ে গেলে কীভাবে নিজেদের তথ্য পাওয়া যাবে, অন্য সরবরাহকারীর কাছে স্থানান্তরের খরচ কে বহন করবে এবং মূল ব্যবস্থা বন্ধ রেখে বিকল্প তথ্য সংরক্ষণব্যবস্থা পরীক্ষা করা হয়েছে কি না, তা জানতে হবে।
তিনি আরও বলেন, শুধু অর্থ পরিশোধের ব্যবস্থা পুনরায় চালু করলেই দায়িত্ব শেষ হয় না। প্রযুক্তিগত বিপর্যয়ের সময় কোন লেনদেন সম্পন্ন হয়েছে আর কোনটি হয়নি, তা যাচাই করে গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে হবে।
ব্যবহারকারীদেরও বিকল্প অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপদ অফলাইন কপি সংরক্ষণ করা উচিত। কোনো লেনদেন সম্পন্ন হয়েছে কি না নিশ্চিত না হয়ে একই অর্থ আবার পাঠানোর চেষ্টা করলে দ্বৈত লেনদেনের ঝুঁকি তৈরি হতে পারে।
বিদেশে তথ্যকেন্দ্র নির্মাণ নিয়ে ট্রাম্পের অবস্থান
এশিয়ার এআই সম্প্রসারণে আরেকটি অনিশ্চয়তা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। বিদেশে মার্কিন কোম্পানিগুলোর তথ্যকেন্দ্র নির্মাণ বন্ধ করা কিংবা এ ধরনের বিনিয়োগের ওপর উচ্চ কর আরোপের হুমকি প্রযুক্তি খাতের ভবিষ্যৎ পরিকল্পনাকে জটিল করে তুলছে।
আয়ুব বলেন, বিশ্বজুড়ে তথ্যকেন্দ্র নির্মাণে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে এখনো কোনো প্রকাশিত পূর্ণাঙ্গ নীতি নেই। আগে থেকে চালু থাকা স্থাপনাগুলোর ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিও পরিষ্কার নয়। তবে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে পাঠানো নির্দিষ্ট উন্নত প্রযুক্তির চিপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন লাইসেন্সসংক্রান্ত বিধিনিষেধ কার্যকর হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এআই খাতের দ্রুত সম্প্রসারণের পেছনে শুধু প্রযুক্তিগত উদ্ভাবন নয়, অর্থায়ন, অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ, তথ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক নীতির বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সব মিলিয়ে এশিয়ার ডিজিটাল অগ্রগতির প্রকৃত সাফল্য নির্ভর করবে শুধু প্রযুক্তি কতটা উন্নত, তার ওপর নয়। বরং প্রযুক্তিগত বিপর্যয় ঘটলে কত দ্রুত সেবা পুনরুদ্ধার করা যায়, তথ্যের নির্ভুলতা বজায় রাখা যায় এবং ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়—সেটিই হবে বড় পরীক্ষা।












