কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে বিশ্বজুড়ে চাকরির ধরন ও কর্মসংস্থানের প্রচলিত কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে। নির্দিষ্ট কর্মঘণ্টার ভিত্তিতে মাসিক বেতন দেওয়ার পরিবর্তে কর্মীর কাজের ফলাফল, দক্ষতা ও সরবরাহ করা সেবার ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণের প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে বাড়বে প্রকল্পভিত্তিক কাজ, স্বাধীন পেশাজীবীদের চাহিদা এবং এআইকেন্দ্রিক নতুন কর্মসংস্থান।
দুবাইভিত্তিক এআই কৌশলবিষয়ক পরামর্শক নাদের তুর্কি মনে করেন, ভবিষ্যতে প্রচলিত নয়টা-পাঁচটার চাকরির ধারণা বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে পারে। বর্তমানে একজন কর্মী কত ঘণ্টা অফিসে থাকছেন, তার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হলেও এআইয়ের সহায়তায় একই কাজ অনেক কম সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো কর্মঘণ্টার পরিবর্তে কাজের ফলাফলকে বেশি গুরুত্ব দিতে পারে।
২০২৬ সালের শিক্ষা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তুর্কি বলেন, নির্দিষ্ট কর্মঘণ্টার বিনিময়ে নির্দিষ্ট বেতন দেওয়ার ধারণাটি মানবসভ্যতার কর্মসংস্থান ইতিহাসে তুলনামূলক নতুন। প্রায় দেড় শ বছর আগে আট বা নয় ঘণ্টা কাজের বিনিময়ে নির্দিষ্ট বেতন দেওয়ার প্রচলন গড়ে ওঠে। তাঁর মতে, এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এই কাঠামো নতুনভাবে সাজানোর প্রয়োজন দেখা দিতে পারে। একজন কর্মী আট ঘণ্টায় যে কাজ করেন, অন্য কেউ এআই ব্যবহার করে অনেক কম সময়ে একই ফলাফল দিতে পারলে শুধু সময়ের ভিত্তিতে দুজনের পারিশ্রমিক নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে।
স্থায়ী চাকরির বদলে বাড়বে প্রকল্পভিত্তিক কাজ
ভবিষ্যতের কর্মসংস্থানে বড় পরিবর্তন আসতে পারে স্বাধীন পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের চাহিদা বৃদ্ধির মাধ্যমে। প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি নিয়োগের পরিবর্তে নির্দিষ্ট কাজ বা প্রকল্প সম্পন্ন করার জন্য বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারে। এতে একজন দক্ষ পেশাজীবীর পক্ষে একই সময়ে একাধিক প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজ করার সুযোগ তৈরি হবে। সফটওয়্যার তৈরি, ভিডিও নির্মাণ, অ্যাপ্লিকেশন উন্নয়ন কিংবা ডিজিটাল সেবা দেওয়ার মতো কাজে এই প্রবণতা আরও বাড়তে পারে।
নিজের একটি বই প্রকাশের অভিজ্ঞতা তুলে ধরে তুর্কি বলেন, তিনি পাঁচ বছর ধরে ৫০০ পৃষ্ঠার একটি উপন্যাস লিখেছেন। কিন্তু বইটির প্রচ্ছদ তৈরি, পাণ্ডুলিপি বিন্যাস এবং অনলাইনে প্রকাশের কাজ নিজে না করে আলাদা দক্ষতাসম্পন্ন ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়েছেন। তাঁর বক্তব্য, প্রত্যেক পেশাজীবীর সব ধরনের দক্ষতা অর্জনের প্রয়োজন হবে না। বরং নিজের মূল কাজের ওপর মনোযোগ রেখে অন্য বিশেষজ্ঞদের সহায়তায় একটি প্রকল্প সম্পন্ন করার প্রবণতা বাড়বে।
সাবস্ক্রিপশন ও চাহিদাভিত্তিক অর্থনীতির প্রভাব
ভবিষ্যতের চাকরির বাজারে আরও দুটি প্রবণতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একটি হলো সাবস্ক্রিপশনভিত্তিক অর্থনীতি, অন্যটি চাহিদাভিত্তিক সেবা। বিনোদন, নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন সেবায় মানুষ এখন পণ্য কেনার পরিবর্তে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের সুবিধা নিচ্ছে। একইভাবে প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণের প্রবণতাও বাড়ছে। তুর্কির মতে, প্রকল্পভিত্তিক কাজ, সাবস্ক্রিপশন অর্থনীতি এবং চাহিদাভিত্তিক সেবা—এই তিনটি প্রবণতা ভবিষ্যতের পেশা ও কর্মসংস্থানের ধরন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এআই ঘিরে তৈরি হবে নতুন পেশা
এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এমন কিছু পেশার চাহিদা তৈরি হতে পারে, যেগুলো এখনো প্রচলিত চাকরির বাজারে খুব বেশি পরিচিত নয়। এর মধ্যে রয়েছে এআইয়ের তথ্য ও ফলাফলে পক্ষপাত শনাক্ত করার বিশেষজ্ঞ, এআইয়ের নৈতিক ব্যবহার নিশ্চিত করার পেশাজীবী, মানুষকে কাজ করতে দেখে এআইকে প্রশিক্ষণ দেওয়ার বিশেষজ্ঞ এবং বিভিন্ন এআই মডেলের সক্ষমতা যাচাইকারী।
তুর্কির মতে, এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মানুষের বাস্তব কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে কর্মীদের কাজ পর্যবেক্ষণের জন্য ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নিচ্ছে, যাতে এআই ব্যবস্থা মানুষের কার্যক্রম থেকে শিখতে পারে। ভবিষ্যতে নির্দিষ্ট কাজ করে দেখানোর বিনিময়েও মানুষ পারিশ্রমিক পেতে পারেন। একই সঙ্গে এআই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তথ্যের মধ্যে থাকা পক্ষপাত শনাক্ত করাও গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠবে। কারণ মানুষের তৈরি তথ্যের মধ্যেই অনেক সময় বৈষম্য ও পক্ষপাত থাকে, যা এআইয়ের ফলাফলেও প্রতিফলিত হতে পারে।
এ ছাড়া বিভিন্ন এআই মডেলের কার্যকারিতা যাচাই করার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন বাড়বে। গবেষণা, ছবি তৈরি, তথ্য বিশ্লেষণ কিংবা অন্যান্য নির্দিষ্ট কাজে কোন এআই মডেল বেশি কার্যকর, তা মূল্যায়ন করবেন এসব পেশাজীবী। ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতেও বিশেষজ্ঞদের ভূমিকা বাড়তে পারে।
বাড়তে পারে ব্যক্তিগত সেবার চাহিদা
এআইয়ের কারণে কিছু মানুষের কাজের সময় কমে গেলে এবং আয় ও অবসর সময় বাড়লে ব্যক্তিগত সেবার বাজারেও নতুন সুযোগ তৈরি হতে পারে। বাড়িতে পণ্য পৌঁছে দেওয়া, গৃহপরিচর্যা, সৌন্দর্যসেবা, ব্যক্তিগত পোশাক পরামর্শ এবং ভার্চুয়াল সহকারীর মতো সেবার চাহিদা বাড়তে পারে বলে মনে করেন তুর্কি। তাঁর ধারণা, প্রযুক্তি মানুষের কিছু কাজ সহজ করে দিলেও ব্যক্তিগত সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য মানুষের তৈরি সেবার প্রয়োজন শেষ হবে না। বরং নতুন ধরনের সেবার বাজার তৈরি হতে পারে।
তরুণদের জন্য বদলে যাচ্ছে কর্মসংস্থানের প্রস্তুতি
ভবিষ্যতের চাকরির বাজারে কোন পেশার চাহিদা বাড়বে, শুধু সেই তালিকা মুখস্থ করার পরিবর্তে তরুণদের শিল্প ও প্রযুক্তির পরিবর্তন বুঝতে হবে বলে মনে করেন তুর্কি। তাঁর মতে, নতুন কর্মসংস্থানের সুযোগ কোথায় তৈরি হচ্ছে এবং এআইভিত্তিক অর্থনীতিকে সহায়তা করতে কী ধরনের দক্ষতা ও সেবা প্রয়োজন, তা চিহ্নিত করাই গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে এআই শুধু কিছু প্রচলিত চাকরির ধরন বদলে দেবে না, বরং কর্মীর পারিশ্রমিক নির্ধারণ, নিয়োগপ্রক্রিয়া, কাজের সময় এবং পেশাগত দক্ষতার ধারণাও নতুনভাবে সাজাতে পারে। ভবিষ্যতের চাকরির বাজারে তাই শুধু কতক্ষণ কাজ করা হচ্ছে, তার চেয়ে কী ফলাফল দেওয়া যাচ্ছে এবং সেই ফলাফল তৈরিতে প্রযুক্তি কতটা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।












