ভিটামিন ডি সাপ্লিমেন্টে অননুমোদিত উপাদানের উপস্থিতি শনাক্ত হওয়ার পর বাজার থেকে ওষুধটির সব ব্যাচ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কাতার। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের অবিলম্বে সাপ্লিমেন্টটি ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যাহারের আওতায় রয়েছে প্যাক্সাস ফার্মাসিউটিক্যালস এলএলসির তৈরি ‘ভিটামিন ডি৩ ১০০০ আইইউ’। পরীক্ষায় পণ্যটিতে এমন কিছু উপাদান পাওয়া গেছে, যেগুলো ব্যবহারের অনুমোদন নেই। জনস্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে স্থানীয় বাজার থেকে পণ্যটি সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
একাধিক ওষুধ ও স্বাস্থ্যপণ্য প্রত্যাহার
সাম্প্রতিক সময়ে কাতারে কয়েকটি ওষুধ ও স্বাস্থ্যপণ্য প্রত্যাহারের ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে রাসায়নিক বৈশিষ্ট্যে অসংগতি পাওয়ায় ‘ফেরিনজেক ৫০ মিলিগ্রাম/মিলিলিটার’ ইনজেকশনের সব ব্যাচ প্রত্যাহার করা হয়। পরীক্ষায় ওষুধটির রাসায়নিক বৈশিষ্ট্য প্রস্তুতকারকের ঘোষিত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাওয়া যায়নি।
ফেরিনজেক মূলত শরীরে আয়রনের ঘাটতি পূরণে শিরায় প্রয়োগ করা হয়। মুখে খাওয়ার আয়রন ওষুধ কার্যকর না হলে, সহ্য না হলে কিংবা চিকিৎসাগত কারণে ব্যবহার অনুপযুক্ত হলে এটি দেওয়া হয়।
এর আগে উৎপাদনজনিত ত্রুটির কারণে বাজার থেকে ‘আইসোটিয়ার্স প্লাস’ চোখের ড্রপের সব ব্যাচ সরিয়ে নেওয়া হয়। চোখের শুষ্কতা, জ্বালাপোড়া ও অস্বস্তি সাময়িকভাবে কমাতে এই ড্রপ ব্যবহার করা হয়। পণ্যটি কেনা গ্রাহকদের অবিলম্বে ব্যবহার বন্ধ করতে বলেছিল কর্তৃপক্ষ।
গত ৫ নভেম্বর ‘ক্লাসজেন ০.০৫ শতাংশ’ চোখের ড্রপও প্রত্যাহার করা হয়। পণ্যটির উৎপাদনসংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্যতা এবং জীবাণুমুক্ত উৎপাদনপ্রক্রিয়া নিয়ে সমস্যা শনাক্ত হয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতেও প্রত্যাহারের ঘটনা
শুধু কাতার নয়, সংযুক্ত আরব আমিরাতেও সম্প্রতি বিভিন্ন স্বাস্থ্যপণ্য প্রত্যাহার করা হয়েছে। গত মাসে মান নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় ‘নিন ১৬০ এফএমবি-এনএমএল’ নীল রঙের তিন স্তরবিশিষ্ট মাস্কের নির্দিষ্ট একটি ব্যাচ বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মানসংক্রান্ত অভিযোগের পর পরিদর্শনে ওই ব্যাচের কিছু মাস্কে বাইরের বস্তু বা দূষণের উপস্থিতি শনাক্ত হয়েছিল।
এ ছাড়া দুবাইয়ে শিশুদের জন্য তৈরি ‘বেবিজ ম্যাজিক টি—বেবি স্লিপ গ্রাইপ ওয়াটার’-এর কয়েকটি ব্যাচ প্রত্যাহার করা হয়েছে। পণ্যটিতে ঘোষণাবহির্ভূত অ্যালকোহলের উপস্থিতি এবং বৈধ বাজারজাতকরণ অনুমোদন না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে এমিরেটস ড্রাগ এস্টাবলিশমেন্ট সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে সতর্ক করে। দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষও এ নির্দেশনা প্রচার করে।
সাম্প্রতিক এসব ঘটনায় উপসাগরীয় অঞ্চলে ওষুধ ও স্বাস্থ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, উৎপাদনপ্রক্রিয়া এবং বাজারজাতকরণের অনুমোদন যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে।












