শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস ও আনন্দ বাড়াতে স্কুলের দৈনন্দিন রুটিনে নিয়মিত বই পড়ার সময় রাখার পরিকল্পনা করছে ইংল্যান্ড সরকার। নতুন জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন এবং মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহে কয়েক দিন শিক্ষার্থীদের আনন্দের জন্য বই পড়ার সুযোগ দিতে হবে। শিশুদের মধ্যে পড়ার আগ্রহ কমে যাওয়া এবং মোবাইল ফোনে দীর্ঘ সময় কাটানোর প্রবণতা মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল আগামী সোমবার পার্লামেন্টে ইংল্যান্ডের জাতীয় শিক্ষাক্রম সংস্কারের পরিকল্পনা তুলে ধরবেন। এতে বাধ্যতামূলক শিক্ষার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের কী কী শিখতে হবে, তার বিস্তারিত পাঠ্যসূচিও নির্ধারণ করা হবে।
শিক্ষা বিভাগের পরিকল্পনা অনুযায়ী, পড়াকে নতুন শিক্ষাক্রমের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। সব বিদ্যালয়ে নিয়মিতভাবে আনন্দের জন্য বই পড়ার সময় রাখা হবে, যাতে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির শিশুরা নিজেদের পছন্দের বই ও পাঠ্যসামগ্রী আবিষ্কারের সুযোগ পায়।
মাধ্যমিকে পুরো বই পড়ার ওপর গুরুত্ব
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু ছোট অংশ বা নির্বাচিত অনুচ্ছেদ নয়, পুরো বই, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্ম পড়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ১২ থেকে ১৩ বছর বয়সী, অর্থাৎ অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদক্ষতা যাচাইয়ে একটি পরীক্ষার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাক্রম পর্যালোচনায় অধ্যাপক বেকি ফ্রান্সিসের সুপারিশের ভিত্তিতে এ পরীক্ষার প্রস্তাব এসেছে। শিক্ষার্থীদের পড়ার দক্ষতা, সাবলীলতা এবং সাহিত্য বোঝার সক্ষমতা মূল্যায়ন করাই এর উদ্দেশ্য।
শিক্ষামন্ত্রী মনে করেন, পড়ার আগ্রহ কমে যাওয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় উদ্বেগের বিষয়। তাঁর মতে, সাবলীলভাবে পড়তে পারা শুধু ভাষা শেখার জন্য নয়, বিদ্যালয়ের প্রতিটি বিষয়ে জ্ঞান অর্জনেরও ভিত্তি।
জিসিএসই পরীক্ষার পাঠ্যসূচিও সংক্ষিপ্ত হতে পারে
জাতীয় শিক্ষাক্রম সংস্কারের অংশ হিসেবে জিসিএসই পরীক্ষার কিছু বিষয়ের পাঠ্যসূচি কমানোর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে কোনো কোনো বিষয়ে একটি পরীক্ষা তিন ঘণ্টা পর্যন্ত চলে। পাঠ্যবস্তুর পরিমাণ কমানো হলে কিছু পরীক্ষার সময়ও কমতে পারে।
ইতিহাস, ভূগোল ও আধুনিক বিদেশি ভাষার মতো যেসব বিষয়ে পাঠ্যসূচি তুলনামূলক বিস্তৃত, সেগুলোতে পরিবর্তনের সম্ভাবনা বেশি। তবে সরকারের লক্ষ্য শিক্ষার মান কমানো নয়; বরং শিক্ষার্থীরা যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও গভীরভাবে শিখতে পারে, তা নিশ্চিত করা।
এ ছাড়া নবম শ্রেণি থেকেই জিসিএসইর পাঠদান শুরু করার প্রবণতা বন্ধে আগেই নির্দেশনা দিয়েছে শিক্ষা বিভাগ। সাধারণত দশম শ্রেণি থেকে দুই বছরের মধ্যে এ কোর্স শেষ করার ব্যবস্থা রাখতে চায় সরকার। পাওয়েলের মতে, আগেভাগে পরীক্ষার প্রস্তুতি শুরু করায় মাধ্যমিকের শুরুর বছরগুলো কার্যত পরীক্ষার অপেক্ষার সময়ে পরিণত হচ্ছিল।
পড়ার পাশাপাশি কথা বলার দক্ষতাও গুরুত্ব পাবে
নতুন শিক্ষাক্রমে পড়া ও লেখার পাশাপাশি মৌখিক যোগাযোগ বা কথা বলার দক্ষতার ওপরও গুরুত্ব বাড়তে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে প্রচলিত মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের প্রয়োজন দেখা দেওয়ায় শিক্ষার্থীরা কীভাবে নিজের জ্ঞান ও যুক্তি প্রকাশ করছে, তা যাচাইয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
তবে জিসিএসই পরীক্ষাকে কয়েকটি ছোট ধাপে ভাগ করে নেওয়ার ব্যবস্থা চালুর পরিকল্পনা নেই বলে ধারণা করা হচ্ছে। অতীতে এ ধরনের পদ্ধতিতে বারবার পরীক্ষা দিয়ে ফল উন্নত করার প্রবণতা তৈরি হয়েছিল।
শিক্ষাক্রম সংস্কার নিয়ে রাজনৈতিক বিতর্ক
সরকারের এ উদ্যোগের সমালোচনা করেছেন বিরোধী দলের ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট। শিশুদের বেশি বই পড়তে উৎসাহিত করার উদ্যোগকে স্বাগত জানালেও তিনি শ্রেণিকক্ষে পর্দা ব্যবহারের সময় কমানোর ওপর জোর দিয়েছেন।
পাঠ্যসূচি কমানোর পরিকল্পনাকে তিনি শিক্ষার মান দুর্বল করার ঝুঁকি হিসেবে দেখছেন। তাঁর দাবি, জ্ঞানভিত্তিক শিক্ষাক্রমের কারণে ইংল্যান্ডের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মূল্যায়নে ভালো অবস্থানে রয়েছে। তাই পাঠ্যবস্তুর পরিধি কমানোর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
অন্যদিকে, সরকারের অবস্থান হলো—অতিরিক্ত বিষয়বস্তুর চাপ না বাড়িয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান গভীরভাবে শেখানোই সংস্কারের লক্ষ্য। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এক দশকের বেশি সময় পর ইংল্যান্ডের স্কুলশিক্ষায় এটি হবে বড় ধরনের পরিবর্তন।












