লিবিয়ার বেনগাজি বন্দরে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর লিবিয়াগামী রুশ সামরিক সরঞ্জামবাহী তিনটি জাহাজের বহর ভূমধ্যসাগর থেকে ফিরে গেছে। গত ২২ নভেম্বর বেনগাজিতে হামলার দিনই রুশ নৌবাহিনীর একটি ফ্রিগেটের পাহারায় থাকা বহরটি সিসিলি প্রণালির কাছে গতিপথ পরিবর্তন করে। সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।
বহরটির গতিপথ পরিবর্তনের ঘটনা আগে প্রকাশ্যে আসেনি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, ইউক্রেনের হামলায় রুশ যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর ভূমধ্যসাগরে নিজেদের নৌসম্পদ ও সামরিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া সতর্ক অবস্থান নিয়েছে।
তিনটি জাহাজের বহর ফিরল কোথায়?
রাশিয়ার পতাকাবাহী তিনটি পণ্যবাহী জাহাজ—মাইয়া ১, লেডি আর এবং লেডি ডি—এই বহরে ছিল। জাহাজগুলো সামরিক যানবাহন পরিবহনের উপযোগী রোল-অন/রোল-অফ ধরনের। গত ৫ নভেম্বর কালিনিনগ্রাদ থেকে যাত্রা শুরু করা বহরটির সঙ্গে রুশ নৌবাহিনীর গোলভকো নামের একটি ফ্রিগেট ছিল।
ইউরোপীয় সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর সিসিলি প্রণালির কাছে বহরটি লিবিয়ার দিকে যাত্রা বন্ধ করে ফিরে যায়। ২৫ নভেম্বর জাহাজগুলোর অবস্থান আলজেরিয়ার কাছাকাছি শনাক্ত করা হয়েছিল। এরপর সেগুলো কোথায় যাবে, তা নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জাহাজগুলো ভূমধ্যসাগরে আপাতত যাত্রা স্থগিত করেছে।
জাহাজগুলোর সর্বশেষ অবস্থানসংক্রান্ত তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর এগুলোকে বিস্কে উপসাগরের কাছাকাছি দেখা গিয়েছিল। জাহাজ পরিচালনাকারী রাশিয়ার প্রতিষ্ঠান জেএসসি সোভফ্রাখট ও এমজি-ফ্লোটের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে।
বেনগাজিতে ডুবেছে রুশ করভেট মার্কুরি
গত ২২ নভেম্বর বেনগাজির নৌঘাঁটিতে রাশিয়ার করভেট যুদ্ধজাহাজ মার্কুরিতে হামলা হয়। লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানায়, সন্দেহভাজন ড্রোন হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। পরে সেটি উল্টে ডুবে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বেনগাজির ওই নৌঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেন।
ইউরোপীয় সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, মার্কুরি একটি পণ্যবাহী জাহাজকে পাহারা দিচ্ছিল। ওই জাহাজে সামরিক যানবাহন আনা হচ্ছিল এবং ১৩ অক্টোবর থেকে সেটিতে সরঞ্জাম তোলার কাজ শুরু হয়েছিল। ফিরে যাওয়া বহরের জাহাজগুলোও একই সময়ে সামরিক যানবাহন বোঝাই করেছিল।
আফ্রিকায় রাশিয়ার সামরিক তৎপরতার সঙ্গে যোগসূত্র
ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের সূত্রগুলোর ধারণা, জাহাজে থাকা সামরিক যানবাহনের একটি অংশ পশ্চিম আফ্রিকায় পাঠানোর কথা ছিল। সেখানে রাশিয়ার আফ্রিকা কর্পসের কাজে এগুলো ব্যবহৃত হতে পারত। তবে কিছু যানবাহন লিবিয়ার পূর্বাঞ্চলের সামরিক বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মির জন্যও নির্ধারিত থাকতে পারে বলে ইউরোপীয় সূত্রটি জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত আফ্রিকা কর্পস আফ্রিকা মহাদেশে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের অনেক কার্যক্রমের দায়িত্ব নিয়েছে। মালির সামরিক নেতৃত্বাধীন সরকারের হয়ে সশস্ত্র ইসলামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানেও তারা সহায়তা করছে।
লিবিয়ার পূর্বাঞ্চল সামরিক কমান্ডার খলিফা হাফতারের নিয়ন্ত্রণে, যাঁর বাহিনীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে। অন্যদিকে, দেশটির পশ্চিমাঞ্চল ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকারের নিয়ন্ত্রণে।
‘সিরিয়া এক্সপ্রেস’-এ ব্যবহৃত জাহাজও ছিল বহরে
পশ্চিমা সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, বহরের কয়েকটি জাহাজ আগে ‘সিরিয়া এক্সপ্রেস’ নামে পরিচিত সরবরাহ কার্যক্রমে ব্যবহৃত হয়েছিল। সিরিয়ার গৃহযুদ্ধের সময় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে সামরিক সরঞ্জাম সরবরাহে রাশিয়া এসব বাণিজ্যিক জাহাজ ব্যবহার করেছিল।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কৃষ্ণসাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আগেও ঘটেছে। তবে যুদ্ধক্ষেত্র থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবির ঘটনা এবং এর পরপরই সামরিক বহরের গতিপথ পরিবর্তন ভূমধ্যসাগরে রাশিয়ার সামরিক সরবরাহ কার্যক্রমের নিরাপত্তা নিয়ে নতুন পরিস্থিতি তৈরি করেছে।












