ইরানে বাধ্যতামূলক পোশাকবিধি অমান্য করে গান পরিবেশনের অভিযোগে নারী সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। গত সোমবার দেওয়া এই শাস্তিকে দেশটির ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্বের শক্তি প্রদর্শন এবং ভিন্নমতাবলম্বীদের ভয় দেখানোর চেষ্টা হিসেবে দেখছেন ইরানের রাজনৈতিক অঙ্গনের কয়েকজন ব্যক্তি। তাঁদের মতে, যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে থাকা সরকারের ওপর কঠোরপন্থীদের চাপ বাড়ছে। সেই চাপ সামাল দিতেই এমন শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি প্রায় দুই বছর আগে পবিত্র শিয়া নগরী কোমের কাছের একটি ঐতিহাসিক সরাইখানায় গান পরিবেশন করেন। সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছিল। সেখানে তাঁর কাঁধ অনাবৃত ছিল, মাথায় হিজাব ছিল না এবং তাঁর সঙ্গে পুরুষ সংগীতশিল্পীরাও ছিলেন। ইরানের ধর্মীয় আইন ও বাধ্যতামূলক পোশাকবিধির সঙ্গে এই পরিবেশনা সাংঘর্ষিক বলে বিবেচিত হয়।
আহমাদির পাশাপাশি তাঁর প্রযোজনা দলের আরও চার সদস্যকে একই শাস্তি দেওয়া হয়েছে। তবে বেত্রাঘাতের পর তাঁদের বর্তমান অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভিন্নমত দমনে শক্তি প্রদর্শনের বার্তা
ইরানের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের কয়েকজন ব্যক্তির ভাষ্য, এই শাস্তি কেবল পোশাকবিধি লঙ্ঘনের বিচার নয়; সম্ভাব্য প্রতিবাদীদের জন্যও একটি সতর্কবার্তা। একই সঙ্গে সরকারের কঠোরপন্থী সমর্থকদের সন্তুষ্ট করার চেষ্টা রয়েছে এর পেছনে।
লন্ডনভিত্তিক ইরানি সংগীতশিল্পী সাবা রোবাতজাজি, যিনি এমা নামে গান করেন এবং শৈশব থেকে আহমাদিকে চেনেন, মনে করেন বেত্রাঘাতের মাধ্যমে কর্তৃপক্ষ মানুষের মধ্যে ভয় ছড়াতে চাইছে। তাঁর আশঙ্কা, এই শাস্তি মানুষের ক্ষোভ আরও বাড়াতে পারে।
তবে ইরানের সরকার বলেছে, দেশটির বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। এ ধরনের শাস্তির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে বাড়ছে উদ্বেগ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে রয়েছে। সূত্রগুলোর দাবি, গত শীতের দেশব্যাপী বিক্ষোভের বার্ষিকী সামনে আসায় সরকার নতুন করে জনঅসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতানকার মতে, সামনে কঠিন শীত এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে। জনবিক্ষোভ ঠেকাতে কখনো কখনো সরকার শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।
২০২২ সালের বিক্ষোভের পর পোশাকবিধি শিথিল
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে ২০২২ সালে হিজাবসংক্রান্ত বিধি ভাঙার অভিযোগে আটক এক নারীর হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সেই আন্দোলনের পর থেকে অনেক নারী প্রকাশ্যে পোশাকবিধি উপেক্ষা করছেন।
সূত্রগুলোর দাবি, পোশাকবিধি প্রয়োগে শিথিলতা নিয়ে সরকারের কঠোরপন্থী অংশের মধ্যে অসন্তোষ বাড়ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে বলপ্রয়োগের বিরোধিতা করলেও রক্ষণশীল রাজনীতিকেরা বিধি কঠোরভাবে কার্যকরের দাবি জানিয়ে আসছেন।
কঠোরপন্থীদের চাপ, জনরোষের আশঙ্কা
ইরানের ক্ষমতাসীন কাঠামোয় কঠোরপন্থীরা এখনো প্রভাবশালী। তাঁরা পশ্চিমাবিরোধী অবস্থান এবং বিপ্লবের আদর্শ কঠোরভাবে বাস্তবায়নের পক্ষে। তাঁদের সমর্থন ধরে রাখা সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে দেশজুড়ে নারীদের বিরুদ্ধে নতুন করে ব্যাপক অভিযান চালালে জনরোষ বাড়তে পারে—এমন আশঙ্কাও রয়েছে। আহমাদি ও তাঁর দলের সদস্যদের শাস্তি দিয়ে সরকার কঠোরপন্থীদের আশ্বস্ত করতে চাইলেও একই সঙ্গে বড় ধরনের প্রতিক্রিয়া এড়ানোর চেষ্টা করেছে বলে মনে করছেন দুই সূত্র।
মানবাধিকারকর্মীদের মতে, নারীদের পোশাক ও জনপরিসরে চলাফেরার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বৃহত্তর প্রচেষ্টার অংশ এই শাস্তি। তবে আহমাদির শৈশবের বন্ধু সাবা রোবাতজাজির ভাষ্য, বেত্রাঘাত মানুষের প্রতিবাদী মনোভাব থামানোর বদলে ক্ষোভ আরও বাড়াতে পারে।












