লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের সময় বেঁধে দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা। শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে তাঁরা এ হুমকি দেন। ফেসবুক লাইভ ও ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হুমকিদাতারা হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
ফেসবুক লাইভে ওসিকে হুঁশিয়ারি
শুক্রবার ফেসবুক লাইভে এসে আবু জাফর রানা রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পুলিশ হয়রানি করলে তা মেনে নেওয়া হবে না।
তিনি ওসিকে উদ্দেশ করে তিন দিনের সময়সীমা বেঁধে দেন। তাঁর বক্তব্যে ওসি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও হুমকি দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে ‘জয় বাংলা’র প্রতিধ্বনি শোনানোর কথা বলে তিনি পুলিশকে চ্যালেঞ্জ জানান।
লাইভে রানা আরও বলেন, হয় পুলিশ থাকবে, নয়তো তাঁরা থাকবেন—এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির সরকারি মুঠোফোন নম্বরে কল করেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি অভিযোগ করেন, বিএনপির কথায় পুলিশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটক বা হয়রানি করলে এর পরিণতি ভালো হবে না।
একপর্যায়ে তিনি থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।
ফেসবুক লাইভ ও ফোনালাপের রেকর্ড ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে পুলিশ
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, যুবলীগ নেতার ফেসবুক লাইভ এবং ছাত্রলীগ নেতার সরকারি নম্বরে ফোন করে হুমকি দেওয়ার রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












