কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মজীবন বদলে দেবে—এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই পরিবর্তন কি ব্যাপক বেকারত্বের ঢেউ তৈরি করবে? প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের বক্তব্যে প্রায়ই এমন আশঙ্কা উঠে আসে যে, অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক চাকরি বিলুপ্ত হবে। বিশেষ করে অফিসভিত্তিক পেশা ও নতুন কর্মজীবনে প্রবেশ করা তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে বাস্তব শ্রমবাজারের চিত্র এখনো সেই আশঙ্কার সঙ্গে পুরোপুরি মেলে না। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, অধিকাংশ চাকরি আসলে বিচ্ছিন্ন কিছু কাজের সমষ্টি নয়; বরং বহু দক্ষতা, সিদ্ধান্ত, সম্পর্ক ও দায়বদ্ধতার সমন্বয়।
২০১৫ সাল থেকেই ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কর্মসংস্থানে এআইয়ের বড় ধরনের প্রভাবের কথা বলে আসছেন। ২০২৩ সালে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, চাকরি হারানোর ঘটনা ঘটবেই। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইও আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী পাঁচ বছরে এআই যুক্তরাষ্ট্রের অর্ধেক প্রাথমিক পর্যায়ের অফিসভিত্তিক চাকরি বিলুপ্ত করতে পারে এবং বেকারত্বের হার ২০ শতাংশে পৌঁছাতে পারে।
কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে এমন বিপর্যয়ের লক্ষণ দেখা যায়নি। ২০২৬ সালের ২৭ নভেম্বর প্রকাশিত বিশ্লেষণে উদ্ধৃত তথ্য অনুযায়ী, দেশটিতে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশ। চ্যাটজিপিটি চালুর সময় ২০২২ সালের শেষ দিকে যে হার ছিল, তার চেয়ে এটি মাত্র আধা শতাংশ বেশি। ২২ থেকে ২৭ বছর বয়সী সাম্প্রতিক কলেজ স্নাতকদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশ—বছরের শুরুতে যা ছিল তার চেয়ে কম এবং গত ৩০ বছরের গড় ৪ দশমিক ৬ শতাংশের কাছাকাছি।
এর অর্থ এই নয় যে এআইয়ের প্রভাব নেই। বরং পরিবর্তন ঘটছে নির্দিষ্ট কিছু পেশায়, নির্দিষ্ট ধরনের কাজে। প্রশ্ন হলো, প্রযুক্তি যখন দ্রুত উন্নত হচ্ছে, তখন কর্মসংস্থানের বড় অংশ এখনো কেন অক্ষত?
চাকরি শুধু কাজের তালিকা নয়
এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। রোগ শনাক্ত করা, জটিল গাণিতিক সমস্যা সমাধান কিংবা সৃজনশীল কাজেও মডেলগুলো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাচ্ছে। কোড লেখা, গ্রাফিক ডিজাইন, গ্রাহকসেবা এবং ঋণ অনুমোদনের মতো কাজে এর প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান। যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের মে মাসের আগের ১২ মাসে গ্রাহকসেবা প্রতিনিধির সংখ্যা কমেছে ১ লাখ ৩০ হাজার।
তবু শ্রম পরিসংখ্যান ব্যুরোর চিহ্নিত এআই-ঝুঁকিতে থাকা ১৮টি পেশায় একই সময়ে কর্মসংস্থান কমেছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। এই ব্যবধান বোঝার জন্য চাকরির প্রকৃতি দেখতে হবে।
বেশির ভাগ পেশায় বিশ্লেষণ, যোগাযোগ, দর-কষাকষি, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ফলাফলের দায় নেওয়ার মতো কাজ একে অন্যের সঙ্গে যুক্ত। এআই তথ্য বিশ্লেষণ করে সুপারিশ দিতে পারে, কিন্তু সেই সুপারিশ বাস্তবে কার্যকর করতে মানুষকে বোঝানো, ভিন্ন স্বার্থের মধ্যে সমঝোতা তৈরি করা এবং সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরা প্রয়োজন। এসব কাজকে আলাদা করে শুধু যন্ত্রের হাতে তুলে দেওয়া সব সময় সম্ভব নয়।
একজন পারিবারিক চিকিৎসকের কথাই ধরা যাক। এআই অনেক ক্ষেত্রে চিকিৎসকের সমপর্যায়ের দক্ষতায় স্ক্যান বিশ্লেষণ করে রোগ শনাক্ত করতে পারে। কিন্তু রোগীকে রোগের ব্যাখ্যা দেওয়া, চিকিৎসার সিদ্ধান্তে সম্মতি নেওয়া, নার্সদের সঙ্গে সমন্বয় করা এবং চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা চিকিৎসকের দায়িত্ব। রোগ নির্ণয়ের প্রক্রিয়াটি নিজে না বুঝলে চিকিৎসকের পক্ষে পরবর্তী সিদ্ধান্তগুলোর দায় নেওয়াও কঠিন। তাই বিশ্লেষণের একটি অংশ স্বয়ংক্রিয় করা গেলেও পুরো পেশাটিকে যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া যায় না।
একই বাস্তবতা দেখা যায় ব্যবসা পরামর্শের ক্ষেত্রেও। এআই বিক্রির হিসাব করতে পারে, তথ্য সাজিয়ে উপস্থাপনা তৈরি করতে পারে। কিন্তু প্রতিষ্ঠানের কর্মী, ব্যবস্থাপক ও গ্রাহকদের প্রকৃত প্রয়োজন বুঝতে ব্যক্তিগত আলোচনা দরকার। পরামর্শদাতাকে শুধু সুপারিশ দিলেই চলে না; কেন সেটি কার্যকর হবে, তা ব্যাখ্যা ও সমর্থন করার সক্ষমতাও থাকতে হয়।
সফটওয়্যার খাতেও বদলাচ্ছে কাজের ধরন
সফটওয়্যার উন্নয়নকে এআইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোর একটি মনে করা হয়। কারণ, কোড লেখার ক্ষেত্রে প্রযুক্তি দ্রুত দক্ষ হয়ে উঠছে। কিন্তু সফটওয়্যার তৈরি মানে শুধু কোড লেখা নয়। ব্যবহারকারীরা কী চান, বিভিন্ন পক্ষের অগ্রাধিকার কী, প্রকল্পের পথে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত—এসব বোঝাও একজন ডেভেলপারের কাজ।
কর্মসংস্থানের পরিসংখ্যানেও এই পার্থক্যের ইঙ্গিত রয়েছে। ২০২২ সালের মে থেকে ২০২৫ সালের মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোড লেখার কাজে নিয়োজিত কম্পিউটার প্রোগ্রামারের সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমেছে। একই সময়ে ব্যবহারকারীর চাহিদা বিশ্লেষণ ও সফটওয়্যার উন্নয়নের সঙ্গে যুক্ত ডেভেলপারের সংখ্যা বেড়েছে ১০ শতাংশ। অর্থাৎ কোড লেখার মতো নির্দিষ্ট কাজ সংকুচিত হলেও সামগ্রিক দায়িত্ব বহনকারী পেশার চাহিদা বেড়েছে।
অ্যানথ্রপিকের ১০ হাজার প্রকৌশলীকে গ্রাহকদের সঙ্গে কাজ করে তাদের প্রয়োজন অনুযায়ী ক্লড ব্যবহারের সুযোগ খুঁজে বের করার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
কোন চাকরি বেশি ঝুঁকিতে?
যেসব পেশায় কাজগুলো সহজে আলাদা করা যায় এবং প্রতিটি কাজের জন্য আলাদা মানবিক সিদ্ধান্ত বা যোগাযোগের প্রয়োজন নেই, সেগুলো বেশি ঝুঁকিতে থাকতে পারে। সভার কার্যবিবরণী তৈরি বা নির্দিষ্ট তথ্য সাজানোর মতো কাজ এআই সহজেই করতে পারে। এ ধরনের দায়িত্বের ওপর নির্ভরশীল চাকরির পরিধি সংকুচিত হলে পুরো পদটির প্রয়োজনীয়তাও কমে যেতে পারে।
বিশেষ করে নতুন কর্মজীবনে প্রবেশ করা তরুণদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেক প্রাথমিক পর্যায়ের চাকরিতে কর্মীরা প্রথমে সীমিত কিছু দায়িত্ব পালন করেন, পরে অভিজ্ঞতার মাধ্যমে বৃহত্তর কাজের সঙ্গে যুক্ত হন। কিন্তু সেই প্রাথমিক দায়িত্বগুলোই যদি স্বয়ংক্রিয় হয়ে যায়, তাহলে অভিজ্ঞতা অর্জনের প্রচলিত পথ সংকুচিত হতে পারে।
তরুণদের লক্ষ্য হওয়া উচিত পূর্ণ দায়িত্বের কাজ
এই পরিবর্তনের মুখে তরুণদের জন্য গুরুত্বপূর্ণ হলো এমন পেশা বেছে নেওয়া, যেখানে শুধু একটি নির্দিষ্ট কাজ নয়, পুরো ফলাফলের দায়িত্ব নিতে হয়। যেখানে বিভিন্ন মানুষের চাহিদা বুঝতে হবে, মতবিরোধ সামলাতে হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অন্যদের সঙ্গে কাজ করতে হবে।
এ কারণে ছোট বা কম পরিচিত প্রতিষ্ঠানে কাজের সুযোগও বিবেচনা করা যেতে পারে। সেখানে একই কর্মীকে নানা ধরনের দায়িত্ব সামলাতে হয় এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম বোঝার সুযোগ থাকে। বিপরীতে, বড় ও আকর্ষণীয় প্রতিষ্ঠানে কোনো কর্মী যদি একটি সংকীর্ণ দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে তাঁর কাজ স্বয়ংক্রিয় হওয়ার ঝুঁকি বেশি হতে পারে।
এআইয়ের অগ্রগতি থামবে না। বরং আরও অনেক পেশার কাজের ধরন বদলে যাবে। কিন্তু চাকরির ভবিষ্যৎ নির্ধারণে শুধু কোন কাজ যন্ত্র করতে পারে, সেটি দেখলে চলবে না; দেখতে হবে একটি কাজের সঙ্গে কতগুলো মানবিক দায়িত্ব যুক্ত। বিশ্লেষণ ও তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্রের হাতে গেলেও সমন্বয়, বিচারবোধ, যোগাযোগ এবং ফলাফলের দায় মানুষের প্রয়োজনীয়তা ধরে রাখতে পারে।
আগামী দিনের শ্রমবাজারে তাই শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন যথেষ্ট হবে না। জটিল পরিস্থিতি সামলানো, মানুষের সঙ্গে কাজ করা এবং একটি সম্পূর্ণ ফলাফলের দায়িত্ব নেওয়ার সক্ষমতাই কর্মীদের মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এআই যত শক্তিশালী হবে, বিচিত্র ও পরস্পরনির্ভর কাজ সামলাতে পারা মানুষের গুরুত্বও তত স্পষ্ট হয়ে উঠতে পারে।












