মানবসভ্যতার ভবিষ্যৎ সুরক্ষায় পৃথিবীর খাদ্যশস্যের বৈচিত্র্য সংরক্ষণ করা এখন আর কেবল কৃষিবিজ্ঞানের বিষয় নয়; এটি বৈশ্বিক নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন কিংবা বড় কোনো দুর্যোগে কৃষি উৎপাদনব্যবস্থা ভেঙে পড়লে বেঁচে থাকা বীজই হতে পারে খাদ্যব্যবস্থা পুনর্গঠনের শেষ অবলম্বন। এই ভাবনা থেকেই নরওয়ের প্রত্যন্ত আর্কটিক দ্বীপপুঞ্জ স্বালবার্ডে গড়ে তোলা হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বীজভান্ডার। কিন্তু যে অঞ্চলকে একসময় নিরাপত্তার আদর্শ ঠিকানা মনে করা হয়েছিল, ভূরাজনৈতিক উত্তেজনা ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় সেই নিশ্চয়তাও এখন প্রশ্নের মুখে।
২০০৮ সালে নরওয়ে সরকার প্রতিষ্ঠা করে স্বালবার্ড গ্লোবাল সিড ভল্ট। আর্কটিক সার্কেলের ভেতরে, উত্তর মেরু থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের এই স্থাপনাটি মূলত বিশ্বের কৃষিজ উদ্ভিদের জিনগত বৈচিত্র্য সংরক্ষণের একটি বৈশ্বিক ব্যাকআপ। জনবসতি থেকে দূরত্ব, রাজনৈতিক অস্থিরতা থেকে বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিকভাবে ঠান্ডা পরিবেশ—সব মিলিয়ে স্থানটিকে দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছিল।
বর্তমানে সেখানে ৬ হাজার ৫৩৯ প্রজাতির প্রায় ১৪ লাখ বীজের নমুনা সংরক্ষিত রয়েছে। ফিলিস্তিন ও সুদানের মতো সংঘাতপ্রবণ অঞ্চল থেকেও বীজ জমা রাখা হয়েছে। এসব বীজের মালিকানা সংশ্লিষ্ট জমাদাতাদের কাছেই থাকে। কোনো দেশ বা অঞ্চলে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো বিপর্যয়ে ফসলের জাত হারিয়ে গেলে সেখান থেকে বীজ ফিরিয়ে নিয়ে কৃষি পুনরুদ্ধারের সুযোগ তৈরি করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য।
কিন্তু নিরাপত্তার ধারণা কি শুধু ভৌগোলিক বিচ্ছিন্নতার ওপর নির্ভর করতে পারে?
আর্কটিক আর নিরপেক্ষ নিরাপদ অঞ্চল নয়
স্বালবার্ডের অবস্থান এখন আর কেবল বরফ, পাহাড় ও সমুদ্রের সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নেই। আর্কটিক অঞ্চল ক্রমেই বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ, স্বালবার্ডের কাছাকাছি সমুদ্রতলের যোগাযোগ অবকাঠামোতে রাশিয়ার সম্ভাব্য নাশকতার অভিযোগ এবং নরওয়ের নিরাপত্তা উদ্বেগ—সবকিছুই এই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার ইঙ্গিত দেয়।
নরওয়ের মূল ভূখণ্ডের কাছেই রাশিয়ার কোলা উপদ্বীপে দেশটির কৌশলগত পারমাণবিক সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। নরওয়ের নেতাদের আশঙ্কা, কোনো সংঘাতের পরিস্থিতিতে নিজেদের সামরিক স্থাপনা সুরক্ষার যুক্তিতে রাশিয়া নরওয়ের ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে।
স্বালবার্ডে রাশিয়ার দীর্ঘদিনের একটি বসতিও রয়েছে। ১৯২০ সালের চুক্তি অনুযায়ী, সেখানে নরওয়ে ও রাশিয়া—কোনো পক্ষই সামরিকীকরণের অধিকার রাখে না। তবে কোনো রাষ্ট্র চুক্তি থেকে সরে গিয়ে দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে না, এমন নিশ্চয়তা নেই। পরিস্থিতি সামরিক সংঘাত পর্যন্ত গড়ালে বীজভান্ডারও তার প্রভাব থেকে মুক্ত থাকবে না।
বীজভান্ডার সরাসরি কোনো সামরিক অভিযানের লক্ষ্য হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যুদ্ধের গতিপ্রকৃতি সব সময় পরিকল্পনামাফিক চলে না। ইউক্রেন যুদ্ধের সময় চেরনোবিলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা সংঘাতের প্রভাবের মধ্যে পড়েছে। অর্থাৎ কোনো অবকাঠামো সামরিক লক্ষ্য না হলেও আশপাশের লড়াইয়ের কারণে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। খাদ্যনিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপনাকে ঘিরেও একই ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।
জলবায়ু পরিবর্তনও নিরাপত্তার পরীক্ষা নিচ্ছে
স্বালবার্ডের জন্য বিপদ শুধু যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনা নয়। জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ দ্রুত বদলাচ্ছে। ২০১৬ সালে বরফ গলার কারণে বীজভান্ডারের প্রবেশপথে সামান্য বন্যার ঘটনা ঘটেছিল। এতে সংরক্ষিত বীজের কোনো ক্ষতি হয়নি। তবে ঘটনাটি দেখিয়েছে, প্রকৌশলগতভাবে যত উন্নত ব্যবস্থাই তৈরি করা হোক, অস্বাভাবিক পরিবেশগত পরিবর্তনের ঝুঁকি পুরোপুরি দূর করা যায় না।
যে পারমাফ্রস্ট বা দীর্ঘদিন জমে থাকা মাটিকে স্থাপনাটির প্রাকৃতিক সুরক্ষার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছিল, সেই বরফস্তরই জলবায়ু পরিবর্তনের চাপে দুর্বল হয়ে উঠতে পারে। ফলে আর্কটিকের ঠান্ডা পরিবেশকে স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ কমছে।
সংরক্ষণের পরিধিও প্রয়োজনের তুলনায় সীমিত
স্বালবার্ডের আরেকটি সীমাবদ্ধতা হলো এর সংরক্ষণের পরিধি। ৬ হাজারের বেশি উদ্ভিদপ্রজাতির বীজ সংরক্ষিত থাকলেও বিশ্বের মোট উদ্ভিদপ্রজাতির তুলনায় তা খুবই সামান্য। পৃথিবীতে প্রায় ৩ লাখ ৯০ হাজার উদ্ভিদপ্রজাতি রয়েছে এবং প্রতিবছর নতুন করে প্রায় ২ হাজার প্রজাতি শনাক্ত হচ্ছে। অর্থাৎ কৃষিজ ফসলের গুরুত্বপূর্ণ কিছু জাতের জন্য ব্যাকআপ তৈরি হলেও সামগ্রিক উদ্ভিদবৈচিত্র্যের জন্য সমান মাত্রার বৈশ্বিক সুরক্ষা এখনো গড়ে ওঠেনি।
যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সে অবস্থিত মিলেনিয়াম সিড ব্যাংক এই ক্ষেত্রে আরেকটি বড় উদ্যোগ। সেখানে বন্য উদ্ভিদের ৪০ হাজার প্রজাতির ২৫০ কোটির বেশি বীজ সংরক্ষিত রয়েছে। সংখ্যার বিচারে এটি স্বালবার্ডের চেয়ে অনেক বড় সংগ্রহ। তবে জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় বিদ্যুৎ বিপর্যয়, অগ্নিকাণ্ড, সামাজিক অস্থিরতা কিংবা অন্যান্য অবকাঠামোগত সমস্যার ঝুঁকি সেখানেও রয়েছে।
একটি বীজভান্ডার যত বড়ই হোক, একক কোনো স্থাপনাকে পুরো পৃথিবীর উদ্ভিদবৈচিত্র্যের নিরাপত্তার দায়িত্ব দেওয়া যায় না। আর্কটিকের প্রত্যন্ত অঞ্চল যেমন ভূরাজনৈতিক সংঘাত ও পরিবেশগত পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে, তেমনি জনবসতিপূর্ণ এলাকার সংরক্ষণাগারও নিজস্ব বিপদের বাইরে নয়।
একাধিক ব্যাকআপই হতে পারে কার্যকর সুরক্ষা
বীজভান্ডারের মূল ধারণা হলো বিপর্যয়ের পর পুনরুদ্ধারের সুযোগ অক্ষুণ্ন রাখা। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে হলে সংরক্ষণের ব্যবস্থা এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে কৃষিজ ফসলের পাশাপাশি বন্য উদ্ভিদ ও বৃহত্তর বাস্তুতন্ত্রের বৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্ব বাড়ানো প্রয়োজন।
স্বালবার্ডের গুরুত্ব কমে যায়নি। বরং জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার যুগে এর মতো উদ্যোগের প্রয়োজন আরও বেড়েছে। তবে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি দুর্গের ওপর নির্ভর করলেই চলবে না। প্রয়োজন বহুস্তরীয় সংরক্ষণব্যবস্থা, একাধিক বিকল্প ভান্ডার এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা।
পৃথিবীর খাদ্য ও পরিবেশব্যবস্থার স্থিতিশীলতা নির্ভর করে উদ্ভিদবৈচিত্র্যের ওপর। সেই বৈচিত্র্য রক্ষার দায়িত্বও তাই কোনো একটি দেশ বা স্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। স্বালবার্ড আমাদের দেখিয়েছে, বিপর্যয়ের আগেই প্রস্তুতি নেওয়া সম্ভব। এখন প্রয়োজন সেই প্রস্তুতিকে আরও বিস্তৃত ও কার্যকর করা।












