গত ৪ অক্টোবর রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ছেলে নিস্বর্গ হোসেন তূর্য ছিল প্রতিবন্ধী। বয়স ১৫ বছর। গত শুক্রবার রাত ১১টার দিকে তূর্য মারা যায়।
মায়ের একটি পুরোনো ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বলছেন, সন্তানকে সারা রাত ওষুধ দিতে হয় এবং মা-বাবা ছাড়া তাকে দেখার কেউ নেই। তূর্য মারা যাওয়ার পর মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানো হয়েছে কারাফটকে, মাত্র দুই মিনিটের জন্য। সংবাদমাধ্যম শিশুর বাবার বরাত দিয়ে বলছে- কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাঝুঁকি আছে, পাহারা দেওয়ার মতো বাহিনীর যথেষ্ট সংখ্যক সদস্য নেই, আর ডিসেম্বর পর্যন্ত কাউকে প্যারোল (শর্তসাপেক্ষ সাময়িক মুক্তি) না দেওয়ার ঊর্ধ্বতন নির্দেশ আছে।
এই লেখা মা দোষী না নির্দোষ, সে বিষয়ে নয়। প্রশ্ন একটাই: অভিযোগ যা-ই হোক, একজন প্রতিবন্ধী শিশুর যত্ন যাঁর ওপর নির্ভর করে, তাঁকে আটক রাখার আগে এবং পরে রাষ্ট্র কি অন্য পথ ভেবে দেখেছিল?
আমাদের আইন কী বলে
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ১৬ প্রতিবন্ধী ব্যক্তির নিপীড়ন থেকে সুরক্ষা ও নিরাপদ পরিবেশে থাকার অধিকার দিয়েছে। একই ধারায় এসব অধিকারে বৈষম্য নিষিদ্ধ। আইনের শুরুতেই বলা আছে, বাংলাদেশ জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার সনদ মেনে নিয়েছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তার কথা আছে।
এই আইনে প্রতিবন্ধী শিশুর প্রধান যত্নদাতাকে গ্রেপ্তারের আগে বা পরে কী কী বিবেচনা করতে হবে, এ নিয়ে আলাদা কোনো ধারা নেই।
তবে লক্ষ্য করার বিষয়, অন্য কয়েকটি দেশে এমন ধারা আছে, আর সেখানকার আদালত তা কাজে লাগিয়েছেন। সেই দেশগুলোর আইন ও উদাহরণ ধেখা যাক:
ব্রাজিল: জেলের বদলে ঘরে নজরদারি
ব্রাজিল ২০১৮ সালে আইন করেছে (আইন নম্বর ১৩.৭৬৯)। ফৌজদারি কার্যবিধির নতুন ধারা ৩১৮-ক অনুযায়ী, কোনো নারী গর্ভবতী হলে, বা শিশু কিংবা প্রতিবন্ধী ব্যক্তির মা বা দায়িত্বশীল হলে, মামলা চলাকালে তাঁকে জেলে না রেখে বাড়িতে রাখা হবে। তবে মায়ের অপরাধ সহিংস হলে, বা কাউকে গুরুতর হুমকি দেওয়ার হলে, বা নিজের সন্তানের বিরুদ্ধে হলে এই সুবিধা নেই।
আদালত আইনটি যেভাবে প্রয়োগ করেছেন, তার কয়েকটি উদাহরণ:
১) পাঁচ বছরের একটি অটিস্টিক শিশুর মা চাঁদাবাজির সন্দেহে আটক ছিলেন। তিনি প্রমাণ করেন, পরিবারে আর কেউ শিশুটির যত্ন নিতে পারে না। দেশের উচ্চ আদালত (STJ) তাঁকে ইলেকট্রনিক ট্যাগসহ গৃহবন্দিত্ব দেন। অর্থাৎ ঘরে থাকবেন, কিন্তু নজরদারির মধ্যে।
ইলেকট্রনিক ট্যাগ হলো একটি ছোট যন্ত্র, সাধারণত পায়ের গোড়ালিতে ঘড়ির মতো করে পরানো হয়। যন্ত্রটি জিপিএসের মাধ্যমে ওই ব্যক্তি কোথায় আছেন তা কর্তৃপক্ষকে জানায়। তাই কাউকে কারাগারে না রেখেও নজরে রাখা যায়।
২) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একই আদালত অটিস্টিক শিশুর আরেক মাকে বাড়িতে থেকে বিচারপূর্ব শর্ত মানার অনুমতি দেন।
৩) এক্রে রাজ্যের আদালত দুই সন্তানের এক একক মাকে মানবিক গৃহবন্দিত্ব দেন, যাঁর এক সন্তান অটিজম ও অউঐউ-তে আক্রান্ত। মা কাগজপত্রে প্রমাণ করেছিলেন, তাঁর যত্ন ছাড়া সন্তান চলতে পারে না।
সমাজের অন্যান্য মানুষের নিরাপত্তার উদ্বেগ এখানে অবহেলা করা হয়নি। সেটি সামলানো হয়েছে শর্ত দিয়ে: ইলেকট্রনিক ট্যাগ, নির্দিষ্ট এলাকার বাইরে না যাওয়া, মামলার সঙ্গে জড়িতদের সঙ্গে যোগাযোগ না করা।
যুক্তরাজ্য: সাজা দেওয়ার আগে শিশুর কথা ভাবা
যুক্তরাজ্যে সাজার নির্দেশিকায় ‘নির্ভরশীল স্বজনের একমাত্র বা প্রধান যত্নদাতা’ হওয়া সাজা কমানোর একটি কারণ। আদালতকে সাজা দেওয়ার আগে নির্ভরশীল শিশুদের সম্পর্কে সব তথ্য জেনে নিতে হয়।
সর্বশেষ উদাহরণ:
২০২৬ সালের আগস্টের। একজন মা গুরুতর আঘাতের মামলায় ৪৫ মাসের কারাদণ্ড পেয়েছিলেন। তাঁর দুই সন্তান প্রতিবন্ধিতা ও স্নায়ুবিকাশের সমস্যায় আক্রান্ত। আপিল আদালত সাজা কমিয়ে ৩০ মাস করে তা ১৮ মাসের জন্য স্থগিত করেন। আদালত বলেন, আবার বিচ্ছেদ হলে শিশুদের স্থায়ী ক্ষতি হতে পারে, তাই তাৎক্ষণিক কারাদণ্ড বাড়াবাড়ি হতো। এই মামলায় মায়ের স্বামীও পূর্ণকালীন যত্নদাতা ছিলেন।
ইতালি: বয়সের সীমা সরিয়েছেন সাংবিধানিক আদালত
ইতালির আইনেও মায়েদের জন্য বিকল্প ছিল। তবে দণ্ডিত মায়েদের ‘বিশেষ গৃহবন্দিত্ব’ ছিল শুধু ১০ (দশ) বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে; মামলা চলাকালেও গর্ভবতী নারী ও ছয় বছর পর্যন্ত শিশুর মায়ের ক্ষেত্রে জেলে রাখাকে ব্যতিক্রম ধরা হয়েছিল।
২০২০ সালের ১৫ জানুয়ারি দেশটির সাংবিধানিক আদালত (রায় নম্বর ১৮/২০২০) এই বয়সসীমা অসাংবিধানিক ঘোষণা করেন।
উদাহরণ:
মামলাটি এসেছিল এক দণ্ডিত মায়ের, যাঁর মেয়ে গুরুতর প্রতিবন্ধী। আদালতের যুক্তি ছিল এই: গুরুতর প্রতিবন্ধী সন্তান যে বয়সেই থাকুক, সে বিশেষভাবে দুর্বল। অভিজ্ঞতা বলে, বয়স বাড়লে তাদের অবস্থা আরও খারাপ হয়। সন্তান এই অপরাধের সঙ্গে জড়িত নয়, সে নিরপরাধ তৃতীয় পক্ষ, যার মায়ের প্রতিদিনের যত্ন দরকার।
তবে আদালত জননিরাপত্তাকে উপেক্ষা করেননি। অন্য শর্তগুলো বহাল আছে, যেমন আবার অপরাধ করার সুনির্দিষ্ট ঝুঁকি না থাকা। বিচারককে প্রতিবন্ধী ব্যক্তির যত্নের প্রয়োজন এবং সমাজের নিরাপত্তা, দুটোই মিলিয়ে বিচার করতে বলা হয়েছে। সাধারণ শিশুর ক্ষেত্রে সুবিধার সীমা হয়তো বয়স বাড়লে শেষ হয়ে যায়, কিন্তু প্রতিবন্ধী শিশুর প্রয়োজন ফুরায় না। ইতালির আদালত ঠিক এই কথাটাই বলেছিলেন।
দক্ষিণ আফ্রিকা: শিশুর স্বার্থ আলাদা করে দেখা
দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত ২০০৭ সালে এস বনাম এম (S v M) মামলায় বলেছেন, কোনো শিশুর প্রধান যত্নদাতাকে সাজা দেওয়ার সময় আদালতকে শিশুর স্বার্থ আলাদাভাবে বিবেচনা করতেই হবে। তিন সন্তানের একজন একক মায়ের চার বছরের কারাদণ্ড বাতিল করে আদালত সেটি স্থগিত করেন এবং তিন বছরের কমিউনিটিতে তত্ত্বাবধানের শর্ত দেন। (এ মামলায় সন্তানদের প্রতিবন্ধিতা ছিল না, কিন্তু নীতিটি সব যত্নদাতার জন্য প্রযোজ্য।)
আর্জেন্টিনা: সিদ্ধান্ত বিচারকের বিবেচনা
আর্জেন্টিনা ২০০৯ সালে আইন ২৬.৪৭২ করে দণ্ডবিধির ধারা ১০ বদলেছে। নতুন ধারা অনুযায়ী বিচারক চাইলে পাঁচ বছরের কম বয়সী শিশুর মা, বা প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্বে থাকা মাকে জেলের বদলে গৃহবন্দিত্বে রাখতে পারেন। একজন আইন-লেখকের মতে এই ধারা বিচারাধীন আসামির ক্ষেত্রেও প্রযোজ্য। আইনে আরও বলা আছে, কোনো ক্ষেত্রেই এই ব্যবস্থায় পুলিশ বা নিরাপত্তা সংস্থা তত্ত্বাবধান করবে না।
ব্রাজিলে মায়ের বিরুদ্ধে সহিংস অপরাধের অভিযোগ না থাকলে বিকল্প দণ্ডের ব্যবস্থাটি প্রায় স্বাভাবিক নিয়ম। আর্জেন্টিনায় সিদ্ধান্ত বিচারকের বিবেচনার ওপর। তবে সেখানেও আইনে স্পষ্ট লেখা আছে যে প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্বে থাকা মা এই সুযোগ পেতে পারেন।
বাংলাদেশের কাছে কী কী সুযোগ ছিল
বিদেশের এসব দৃষ্টান্ত থেকে অন্তত চারটি পথ দেখা যায়, যা আমাদের দেশের সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক বিবেচনা করার সুযোগ ছিল:
১. জামিনের সঙ্গে শর্ত। সাধারণ ফৌজদারি আইনে নারীদের জামিনে বিশেষ বিবেচনার সুযোগ আছে। সন্ত্রাসবিরোধী আইনে জামিন কঠিন, কিন্তু আদালতের সামনে শিশুর অবস্থা তুলে ধরার সুযোগ ছিল। জামিন দিলে শর্ত থাকতে পারত: নির্দিষ্ট ঠিকানায় থাকা, নিয়মিত থানায় হাজিরা, দেশ ছাড়তে না পারা। ইলেকট্রনিক ট্যাগ না থাকলেও এসব শর্ত দেওয়া যায়।
২. শিশুর অবস্থার প্রমাণ। ব্রাজিলের উদাহরণে মায়েরা ডাক্তারের কাগজ ও পারিবারিক অবস্থার প্রমাণ দিয়ে দেখিয়েছেন, তাঁদের বাদ দিলে শিশুর যত্ন চলবে না। বাংলাদেশেও আদালতের সামনে এই তথ্য আসা এবং আদালতের তা যাচাই করা জরুরি।
৩. জরুরি অবস্থায় সাময়িক মুক্তি। প্যারোল বিধিমালা, ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল দিতে পারেন বলে বাগেরহাটের এক ভিন্ন ঘটনায় জেলা প্রশাসক জানিয়েছিলেন। শিশুর মৃত্যুর মতো ঘটনায় পুলিশ পাহারায় কয়েক ঘণ্টার মুক্তি দেওয়া যেত। ‘ডিসেম্বর পর্যন্ত কাউকে নয়’ ধরনের সাধারণ নিষেধ নয়, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে ঝুঁকি বিচার হওয়া উচিত। বাহিনীর সদস্য কম, এটি প্রশাসনিক সমস্যা। কারও মৌলিক অধিকার সীমিত করার ‘আইনি’ কারণ হিসেবে এটি দুর্বল।
৪. আইনে স্পষ্ট ধারা। ব্রাজিলের মতো একটি ধারা যোগ করা যেত: প্রতিবন্ধী শিশুর একমাত্র যত্নদাতাকে আটক করার আগে আদালতকে শিশুর অবস্থা বিবেচনা করতে হবে, এবং সহিংস অপরাধ না হলে ঘরে থেকে নজরদারির মধ্যে রাখার বিকল্প দিতে হবে। গৃহবন্দিত্ব মুক্তি নয়; এটি কড়া নিয়ন্ত্রণ।
জননিরাপত্তার ঝুঁকি বনাম শিশুর প্রয়োজন
প্রশ্নটা থেকে যায়- জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি কমানোর পথ কি শুধু জেলই? ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি ও দক্ষিণ আফ্রিকার আদালত দেখিয়েছেন, জননিরাপত্তার ঝুঁকি আর শিশুর প্রয়োজন, দুটোকেই একসঙ্গে হিসাবে রাখা যায়। বাংলাদেশ কোন পথ নেবে, তা সংসদ ঠিক করতে পারে। তবে প্রতিটি দেশেই বিচারকের হাতে জননিরাপত্তা ও প্রতিবন্ধী শিশুর ঝুঁকি যাচাইয়ের ক্ষমতা রাখা হয়েছে।
তূর্যকে ফেরানো যাবে না। কিন্তু বাংলাদেশে আরও অনেক প্রতিবন্ধী শিশু আছে, যাদের যত্ন কোনো একজন মা বা বাবার ওপর নির্ভর করে। আইনে একটি স্পষ্ট ধারা এবং আদালতের একটি অনুশীলন, অর্থাৎ আটকের আগে শিশুর কথা জিজ্ঞেস করা, শিশুর একমাত্র বা প্রধান যত্নদাতার বিষয়টি আমলে নেয়া ভবিষ্যতে এমন আরেকটি মর্মান্তিক ঘটনা এড়াতে পারে
লেখক- বায়জীদ খুরশীদ রিয়াজ, গবেষক ও লেখক
বায়জীদ খুরশীদ রিয়াজের আরও লেখা
পাকিস্তানি যুদ্ধবন্দীদের পরিণতি এবং ১৯৫ জনের বিচার
এক ব্যক্তি এক ভোট: উপমহাদেশে সর্বজনীন ভোটাধিকারের সংগ্রামী ইতিহাস
ইতিহাসের কারাগারে বন্দী সত্য ও মুক্তির সংগ্রাম
দোস্ত যেন দুশমন হয়ে না যায়: পন্থা আবিষ্কার করে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়











