রপ্তানি বাণিজ্যে নতুন এক সম্ভাবনার দিকে ঝুঁকছে চীন। কয়েক দশক ধরে সস্তা জমি, করছাড় ও ভর্তুকি দিয়ে উৎপাদনশিল্পকে আকৃষ্ট করেছে দেশটির বিভিন্ন শহর। এবার সেই একই কৌশলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তথ্য প্রক্রিয়াকরণ সক্ষমতা বিদেশে রপ্তানির উদ্যোগ নিচ্ছে তারা। চীনের লক্ষ্য, বিশ্বের জন্য ‘টোকেন কারখানা’ হয়ে ওঠা।
এআই মডেল যখন কোনো তথ্য বিশ্লেষণ করে, উত্তর তৈরি করে কিংবা ছবি ও ভিডিও নির্মাণ করে, তখন বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা ব্যবহার করে। এই প্রক্রিয়ায় তথ্য প্রক্রিয়াকরণের একককে বলা হয় ‘টোকেন’। চীনের কয়েকটি শহর এখন এই কম্পিউটিং সক্ষমতাকেই নতুন রপ্তানি পণ্য হিসেবে গড়ে তুলতে চাইছে।
টোকেন রপ্তানিতে শানতোউয়ের উদ্যোগ
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শানতোউ এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। গত সেপ্টেম্বরে শহরটির স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা দেয়, বিদেশি ব্যবহারকারীদের জন্য এআইভিত্তিক সেবা তৈরি করা প্রতিষ্ঠানগুলোকে বছরে সর্বোচ্চ ১০ লাখ ইউয়ান পর্যন্ত সহায়তা দেওয়া হবে। ডলারের হিসাবে এর পরিমাণ প্রায় দেড় লাখ।
অনুবাদ, ভিডিও সম্পাদনা এবং এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের নাটকের মতো সেবা তৈরিতে ব্যবহৃত কম্পিউটিং ব্যয়ের একটি অংশ বহন করবে এই সহায়তা কর্মসূচি। তবে শর্ত হলো, এসব সেবার ব্যবহারকারী হতে হবে চীনের বাইরের দেশের মানুষ।
শানতোউয়ের পরীক্ষামূলক কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিদেশি প্রতিষ্ঠানের তথ্য চীনে এনে প্রক্রিয়াকরণ করে আবার বিদেশে পাঠানো। এ ব্যবস্থাকে বলা হচ্ছে ‘বিদেশি তথ্য প্রক্রিয়াকরণ’।
শহরটির উন্নয়ন অঞ্চলে নির্দিষ্ট পরিমাণ কম্পিউটিং সক্ষমতা ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি সার্ভার র্যাকের জন্য প্রতিদিন ১৩ ইউয়ান ভর্তুকি দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান ৫০টি সার্ভার র্যাক ব্যবহার করলে মাসে প্রায় ২০ হাজার ইউয়ান সহায়তা পেতে পারে।
পুরোনো রপ্তানি মডেলের নতুন সংস্করণ
শানতোউয়ের এই উদ্যোগের পেছনে রয়েছে চীনের পুরোনো রপ্তানিমুখী শিল্পনীতির অভিজ্ঞতা।
১৯৮০-এর দশকের শুরুতে শানতোউ ও প্রতিবেশী শেনঝেন ছিল চীনের প্রথম দিককার বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। বিদেশি বাজারের জন্য পণ্য উৎপাদন এবং রপ্তানি বাড়াতে এসব অঞ্চলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল।
শেনঝেন পরবর্তী সময়ে প্রযুক্তিপণ্য রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হলেও শানতোউ সেই সাফল্য অর্জন করতে পারেনি। এখন এআই কম্পিউটিং সক্ষমতা রপ্তানির মাধ্যমে নতুন অর্থনৈতিক অবস্থান তৈরির চেষ্টা করছে শহরটি।
এই উদ্যোগের সঙ্গে ১৯৭৮ সালে শুরু হওয়া চীনের ‘বিদেশি কাঁচামাল প্রক্রিয়াকরণ’ মডেলের মিল রয়েছে। ওই ব্যবস্থায় বিদেশি প্রতিষ্ঠান কাঁচামাল চীনে পাঠাত, স্থানীয় কারখানায় সেগুলো দিয়ে পণ্য তৈরি হতো এবং পরে তা আবার বিদেশে রপ্তানি করা হতো। এবার কাঁচামালের জায়গায় এসেছে বিদেশি তথ্য, আর উৎপাদন প্রক্রিয়ার জায়গায় বসছে এআইয়ের তথ্য প্রক্রিয়াকরণ।
অন্য শহরগুলোও নামছে প্রতিযোগিতায়
শানতোউয়ের পরিকল্পনা অনুসরণ করতে শুরু করেছে চীনের অন্যান্য স্থানীয় প্রশাসনও।
শিয়ামেন শহরের একটি জেলা বিদেশি বাজারের জন্য এআই মডেল ও অ্যাপ্লিকেশন চালু করা প্রতিষ্ঠানগুলোকে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান আগামী পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনায় টোকেন রপ্তানিকে অন্তর্ভুক্ত করেছে। সাংহাইয়ের একটি জেলাও তাদের পরিকল্পনাসংক্রান্ত নথিতে বিষয়টি উল্লেখ করেছে।
স্থানীয় প্রশাসনগুলোর কাছে এ উদ্যোগ আকর্ষণীয় হওয়ার কারণ স্পষ্ট। দীর্ঘদিন ধরে তারা কম মূল্য সংযোজনকারী পণ্য উৎপাদনের পরিবর্তে উচ্চমূল্যের প্রযুক্তিপণ্য ও সেবা রপ্তানির দিকে যেতে চাইছে।
চলতি বছর চীনের এআই চিপ ও কম্পিউটিং সরঞ্জাম রপ্তানি বেড়েছে। পাশাপাশি চালকবিহীন ট্যাক্সির মতো এআইভিত্তিক সেবাও বিদেশের বাজারে নেওয়ার চেষ্টা করছে চীনা প্রতিষ্ঠানগুলো।
কম্পিউটিং সক্ষমতা বেশি, কিন্তু উন্নত চিপের সংকট
তবে টোকেন রপ্তানির উদ্যোগের পেছনে শুধু নতুন বাজার তৈরির আকাঙ্ক্ষা নেই। চীনের এআই অবকাঠামোয় একটি বড় অসামঞ্জস্যও তৈরি হয়েছে।
দেশটির বিভিন্ন অঞ্চলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ডেটা সেন্টার ও কম্পিউটিং সক্ষমতা গড়ে উঠছে। স্থানীয় ব্যবহারকারীদের চাহিদা দিয়ে এসব অবকাঠামোর পুরো সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। ফলে বাড়তি সক্ষমতা বিদেশি গ্রাহকদের কাছে বিক্রি করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠানগুলো।
কিন্তু এই উদ্বৃত্তের বিপরীত চিত্রও রয়েছে। বাইটড্যান্স, আলিবাবা ও মুনশটের মতো চীনের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ব্যবস্থা। বিশেষ করে এনভিডিয়ার উন্নত সেমিকন্ডাক্টর ব্যবহার করে পরিচালিত অবকাঠামোর চাহিদা তাদের বেশি।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে এসব উন্নত চিপ চীনে পাওয়া কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে অনেক চীনা প্রতিষ্ঠান মালয়েশিয়ার মতো দেশের ডেটা সেন্টারে এনভিডিয়ার চিপ ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে বলে ধারণা করা হয়।
অর্থাৎ চীনের একদিকে সাধারণ তথ্য প্রক্রিয়াকরণের সক্ষমতা উদ্বৃত্ত রয়েছে, অন্যদিকে উন্নত এআই মডেল তৈরির জন্য প্রয়োজনীয় শক্তিশালী চিপের ঘাটতি রয়েছে।
ডেটা সেন্টারের বড় অংশই অব্যবহৃত
চীনের স্থানীয় প্রশাসনগুলো অবশ্য কম্পিউটিং অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছে। জুন মাস নাগাদ দেশটিতে চালু ডেটা সেন্টারের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আরও প্রায় ৪০০টি নির্মাণাধীন অথবা পরিকল্পনার পর্যায়ে রয়েছে।
তবে এসব ডেটা সেন্টারের অনেকগুলোতেই তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন চিপ ব্যবহার করা হচ্ছে। হুয়াওয়ে ও ক্যামব্রিকনের মতো চীনা প্রতিষ্ঠানের তৈরি চিপ দিয়ে নতুন অনেক অবকাঠামো গড়ে উঠছে।
ফলে এসব কেন্দ্রে সাধারণ পর্যায়ের তথ্য প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়লেও উন্নত এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত মান সব ক্ষেত্রে নিশ্চিত হচ্ছে না।
চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, দেশটির এআই ডেটা সেন্টারগুলোর জাতীয় গড় ব্যবহার সক্ষমতা মাত্র ২০ থেকে ৩০ শতাংশ হতে পারে। শত শত ডেটা সেন্টার লোকসানে চলছে অথবা পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বৈশ্বিক বাজার পেলেই কি মিলবে বিনিয়োগের সুফল?
চীনের শহরগুলো বৈশ্বিক কম্পিউটিং কেন্দ্র হওয়ার স্বপ্ন দেখছে। বিদেশি প্রতিষ্ঠানের তথ্য প্রক্রিয়াকরণ, এআই অ্যাপ্লিকেশন পরিচালনা এবং ডিজিটাল সেবা রপ্তানির মাধ্যমে অব্যবহৃত অবকাঠামো কাজে লাগাতে চায় তারা।
কিন্তু এই ব্যবসার সফলতা নির্ভর করবে শুধু কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর ওপর নয়। বিদেশি গ্রাহক পাওয়া, প্রযুক্তির মান নিশ্চিত করা, তথ্য নিরাপত্তা বজায় রাখা এবং পরিচালন ব্যয়ের তুলনায় পর্যাপ্ত আয় অর্জন করাও জরুরি।












