সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পর রাজধানীর মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে পুলিশ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে ঘোষিত মেট্রোরেলের সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হচ্ছে। কোনো কোনো এলাকায় তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হচ্ছে।
নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে ভবনের ছাদ ও বারান্দা ব্যবহার করে নাশকতা, মেট্রোরেলের স্থাপনায় অননুমোদিত নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তিদের চলাফেরা ঠেকাতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ভবনমালিকদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
ছাদ, বারান্দা ও প্রবেশপথে নজরদারি
কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার বহিঃনিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের সুউচ্চ ভবন থেকে অননুমোদিত পর্যবেক্ষণ ঠেকানোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। একই নীতিমালায় কেপিআইয়ের সীমানাপ্রাচীর থেকে ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও স্থাপনার নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার কথাও বলা হয়েছে।
সরকার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে ‘১(ক)’ শ্রেণির কেপিআই ঘোষণা করেছে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট থানার পুলিশ আশপাশের ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করছে এবং অঙ্গীকারনামা সংগ্রহ করছে।
অঙ্গীকারনামায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ভবন, বারান্দা কিংবা ছাদ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘ্নকারী বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। মেট্রোরেলের স্থাপনায় অননুমোদিত নজরদারি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহল নিশ্চিত করতে হবে।
ভবনের কোনো বাসিন্দা, ভাড়াটিয়া কিংবা নতুন ভাড়া নিতে আসা ব্যক্তির আচরণ বা চলাফেরা সন্দেহজনক মনে হলে দ্রুত সংশ্লিষ্ট থানা পুলিশ ও ডিএমটিসিএলকে জানাতে হবে। ভবনের কোনো অংশ নতুন করে ভাড়া দেওয়া বা অন্যের কাছে হস্তান্তর করা হলে নতুন ব্যবহারকারীকে অঙ্গীকারনামার শর্ত জানানো এবং তা মানা হচ্ছে কি না, সেটিও ভবনমালিকের দায়িত্ব।
শর্ত ভঙ্গ বা ভবনে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
মিরপুরে মৌখিক সতর্কতা, মতিঝিলে লিখিত অঙ্গীকার
এলাকাভেদে পুলিশের উদ্যোগে কিছুটা পার্থক্য রয়েছে। মিরপুর ও পল্লবীতে ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে।
মতিঝিল মেট্রো স্টেশনের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও অঙ্গীকারনামা নিয়েছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, মতিঝিল থানা পুলিশ লিখিত অঙ্গীকারনামা নেওয়ার পাশাপাশি নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে বলেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভবনমালিকদের সতর্ক করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রোরেল গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় আশপাশের ভবনমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হচ্ছে। সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য চেয়েছে ডিএমটিসিএল
মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য চেয়েছে ডিএমটিসিএল। এ ছাড়া নজরদারি বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ১১ জন কর্মকর্তাকে নিয়ে একটি দল গঠন করেছে সংস্থাটি।
ডিএমটিসিএল সূত্র জানায়, সম্প্রতি মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ এবং মেট্রোরেল স্থাপনার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো বাড়তি জনবল পাওয়া যায়নি।
মেট্রোরেলের নিরাপত্তায় আলাদা ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ দায়িত্ব পালন করছে। ডিএমটিসিএলের কর্মকর্তাদের মতে, বর্তমান জনবল দিয়ে সব স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। সাম্প্রতিক ঘটনাগুলোর পর বাড়তি পুলিশ সদস্যের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ হাসান বারী নূর জানান, মেট্রোরেলের নিরাপত্তায় পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী ঢাকা মহানগর পুলিশ ও সংশ্লিষ্ট থানার সহায়তা নেওয়া হচ্ছে। নিরাপত্তা আরও জোরদারে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য চেয়ে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।












