সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার মুখে অভিযান শেষ না করেই ফিরে এসেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌর এলাকার নলুয়ায় মিরুর বাসভবনে অভিযান চালায় পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল। এ সময় স্থানীয় কয়েকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশকে বাধা দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
ওসি বলেন, অভিযানের সময় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে স্থানীয় কয়েকজনের দাবি, পুলিশের অভিযানের সময় মিরু বাড়িতেই ছিলেন। ফলে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি বলে পুলিশের বক্তব্যের সঙ্গে স্থানীয়দের দাবির মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে।
সাংবাদিক শিমুল হত্যা মামলায় আলোচিত মিরু
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনার পর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে শাহজাদপুর পৌরসভার মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।












