সাভার ও আশুলিয়ায় পার্কিং করে রাখা বাসে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে শুক্রবার দুপুরে একটি এবং শনিবার ভোরে পৃথক তিনটি বাসে আগুন দেওয়া হয়। এদিকে বাসে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে নকল পরিবহন স্টিকারযুক্ত একটি বাসসহ পেট্রোল, মশাল, ব্যানার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ভোরে তিন স্থানে বাসে আগুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় আরিচাগামী লেনে পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এরপর শনিবার ভোর ৪টার দিকে সাভার ও আশুলিয়ার তিনটি স্থানে আরও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়িতে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের কাছে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল আলিফ পরিবহনের বাস।
খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশুলিয়ার দুটি বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়। ব্যাংক টাউন এলাকার বাসটির ভেতরের সাজসজ্জা ও কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বাসগুলো পার্কিং করা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ব্যাংক টাউনে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নকল বাসে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগ
এদিকে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগের চেষ্টা এবং মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ৯টার দিকে ব্যাংক টাউন এলাকায় একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ব্যানার, ফেস্টুন ও মশালসহ একটি বাস নিয়ে ঢাকার দিকে পালিয়ে যান। পরে পুলিশ বাসটির পিছু নেয়। বলিয়াপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও শেষ পর্যন্ত ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় গাড়ি দিয়ে পথ আটকে বাসটি আটক করে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ট্যানারি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীব। বাকি তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, হানিফ পরিবহনের স্টিকার ও একই ধরনের রং ব্যবহার করে বাসটি তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের নেতাকর্মীরা গত কয়েক দিন ধরে এই বাস ব্যবহার করে বিভিন্ন এলাকায় মশাল মিছিল, ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছিলেন। বাসটির মালিক শ্রমিক নেতা রুবেল হাওলাদার।
পুলিশ জানায়, বাসটি থেকে পেট্রোল, মশাল, ব্যানার-ফেস্টুন এবং নাশকতায় ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।












