ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে পর্যটকের সংখ্যা বাড়ছে দ্রুত, কিন্তু সেই চাপ সামাল দেওয়ার মতো অবকাঠামো ও পরিবেশগত সক্ষমতা তৈরি হয়নি। বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, বায়ুদূষণ, পানির সংকট, যানজট এবং অপরিকল্পিত নির্মাণ দ্বীপটির পর্যটনশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভ্রমণবিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান ফোডরস ট্রাভেল ২০২৭ সালের ‘নো লিস্টে’ আবারও বালির নাম রেখেছে। তালিকাটিতে ভ্রমণকারীদের নির্দিষ্ট কিছু গন্তব্যে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পর্যটকের সংখ্যা বাড়ছে, চাপ সামলাতে হিমশিম
গত বছর বালিতে বিদেশি পর্যটকের সংখ্যা রেকর্ড ৭০ লাখে পৌঁছায়। দ্বীপটির স্থানীয় জনসংখ্যা প্রায় ৪৪ লাখ। অর্থাৎ এক বছরে আসা বিদেশি পর্যটকের সংখ্যা স্থানীয় জনসংখ্যার প্রায় দেড় গুণেরও বেশি।
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দ্বীপটিতে এসেছেন ৫২ লাখ বিদেশি পর্যটক। গত মাসে বালির গভর্নর আই ওয়ায়ান কোস্টার জানান, বছরের শেষ নাগাদ পর্যটকের সংখ্যা ৭১ লাখ থেকে ৭২ লাখে পৌঁছাতে পারে। তাতে নতুন রেকর্ড তৈরি হবে।
কিন্তু পর্যটকের এই প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সড়ক ও পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা গড়ে ওঠেনি। ফোডরসের সতর্কতায় এসব সমস্যাই বিশেষভাবে উঠে এসেছে।
বর্জ্য ও বায়ুদূষণে বাড়ছে উদ্বেগ
ফোডরসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উৎপাদিত আবর্জনার চাপ সামলাতে পারছে না। ফলে খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর ঘটনা বাড়ছে, যা বায়ুদূষণের ঝুঁকি তৈরি করছে।
এপ্রিল মাসে বালি প্রশাসন দ্বীপটির সবচেয়ে বড় বর্জ্যভূমি সুয়ুংয়ে জৈব বর্জ্য গ্রহণ বন্ধ করে দেয়। কিন্তু বিকল্প ব্যবস্থা তখনও তৈরি হয়নি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি কেন্দ্র চালু হওয়ার কথা রয়েছে ২০২৮ সালে। অর্থাৎ এর আগে বর্জ্য ব্যবস্থাপনার সংকট মোকাবিলায় কার্যকর বিকল্প কতটা তৈরি হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কৃষিজমি কমায় বন্যা ও পানির সংকট
অপরিকল্পিত পর্যটন উন্নয়ন বালির প্রাকৃতিক ভারসাম্যেও প্রভাব ফেলছে। গত বছরের সেপ্টেম্বরে রেকর্ড বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়। দ্বীপটির দক্ষিণাঞ্চলে ধানখেত ও সবুজ জমি কমে সেখানে ব্যাপক নির্মাণকাজ চলেছে। এসব জমি একসময় অতিরিক্ত বৃষ্টির পানি শোষণ করে বন্যার ঝুঁকি কমাতে সহায়তা করত।
ফোডরসের উদ্ধৃত তথ্য অনুযায়ী, পর্যটন অবকাঠামো নির্মাণের কারণে বালিতে প্রতিবছর প্রায় ১ হাজার হেক্টর কৃষিজমি হারিয়ে যাচ্ছে। এতে একদিকে বন্যা নিয়ন্ত্রণের প্রাকৃতিক সক্ষমতা কমছে, অন্যদিকে পানির সরবরাহও চাপে পড়ছে।
স্থানীয় বেসরকারি সংস্থা আইডিইপি ফাউন্ডেশনের হিসাবে, বালির মোট পানির সরবরাহের প্রায় ৬৫ শতাংশ ব্যবহার করে পর্যটন খাত। ফলে হোটেল, রিসোর্ট ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসার সম্প্রসারণ স্থানীয় বাসিন্দাদের পানির প্রাপ্যতার ওপরও চাপ তৈরি করছে।
পর্যটন উন্নয়নে ভারসাম্যের দাবি
বালির পর্যটন দপ্তরের প্রধান আই ওয়ায়ান সুমারাজায়া অবশ্য দ্বীপটিকে এখনো নিরাপদ ও ভ্রমণের উপযোগী বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট এবং পর্যটন গন্তব্যের স্থায়িত্ব নিয়ে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেগুলো সমাধানে প্রশাসন কাজ করছে। সমালোচনাকে ভবিষ্যৎ পরিকল্পনা ও মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ মতামত হিসেবেও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
তবে পর্যটন খাতের উদ্যোক্তা ও নাগরিক সংগঠনগুলো মনে করছে, শুধু পর্যটকের সংখ্যা বাড়ানোকে উন্নয়নের সাফল্য হিসেবে দেখলে চলবে না। বালি ভিলা রেন্টাল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কাদেক আদনিয়ানা দায়িত্বশীল বিনিয়োগ ও কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, দ্বীপের পরিবেশ ও অবকাঠামো যতটা চাপ নিতে পারে, উন্নয়ন তার বেশি দ্রুত হওয়া উচিত নয়।
নাগরিক জোট কোয়ালিসি পুলিহকান বালি পরিবেশ পুনরুদ্ধারে জরুরি ও কাঠামোগত উদ্যোগ দাবি করেছে। সংগঠনটি নতুন বিনিয়োগ ও পরিবেশের ক্ষতি করতে পারে এমন উন্নয়ন প্রকল্পের অনুমোদনে সাময়িক স্থগিতাদেশ, বিদ্যমান পর্যটন ব্যবসার পরিবেশগত নিরীক্ষা এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের বিরুদ্ধে আইন প্রয়োগের আহ্বান জানিয়েছে। পাশাপাশি নগর এলাকার অন্তত ৩০ শতাংশ সবুজ উন্মুক্ত স্থান হিসেবে ফিরিয়ে আনা, কৃষিজমি রূপান্তর নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সংস্কার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত নীতি গ্রহণের দাবি তুলেছে তারা।
সংখ্যার বদলে মানসম্মত পর্যটনে গুরুত্ব
দেনপাসারের ন্যাশনাল এডুকেশন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ ইদা বাগুস রাকা সুয়ার্দানাও পর্যটনের পরিমাণের চেয়ে গুণগত মানকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তাঁর মতে, বেশি পর্যটক এলে বৈদেশিক মুদ্রা, বিনিয়োগ, কর্মসংস্থান ও আয় বাড়তে পারে। তবে সেই প্রবৃদ্ধি ধরে রাখতে অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার সঙ্গে পর্যটন পরিকল্পনার সমন্বয় জরুরি।
বালির অর্থনীতির প্রায় ৬৬ শতাংশ পর্যটন খাতের ওপর নির্ভরশীল বলে জানিয়েছে নাগরিক জোটটি। ফলে পরিবেশগত সংকট শুধু প্রকৃতি বা স্থানীয় জীবনযাত্রার সমস্যা নয়, দ্বীপটির অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি যুক্ত। পর্যটকের সংখ্যা বাড়লেও যদি পানি, পরিবেশ ও অবকাঠামোর ওপর চাপ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে বালির জনপ্রিয়তাই ভবিষ্যতে তার পর্যটনশিল্পের জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে।












