স্পেশাল চাইল্ড বা প্রতিবন্ধী শিশু তূর্যের মাকে আওয়ামী লীগ করার অপরাধে সরকারি দলের লোক এসে মব করে ধরে নিয়ে পুলিশের কাছে দেয়। যাওয়ার সময় সে বারবার বলেছিল তার একটি প্রতিবন্ধী শিশু আছে। মা ছাড়া সে চলতে পারে না। তূর্যের মৃত্যুর পরে তার দাদীর কান্না শুনেও বোঝা যায়, তিনি তার যতটুকু সাধ্য তা করেছিলেন। কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারেননি। তাই তূর্যকে মারা যেতে হয়েছে।
সন্তানের মৃত্যুর থেকে পিতা-মাতার এত বড় শোক নেই। তূর্যকে যারা কবরে শায়িত করতে গিয়েছিল তাদের মধ্যে একজন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা, অলোক বসু তার ফেসবুক পেজে লিখেছে, এ শোক সহ্য করার নয়। অলোককে আমি ওর ছোটবেলা থেকে চিনি। ওর যে কোমল মন- তাতে ও ভেঙে পড়বেই। কাল অনেকে বলেছে, এটা চরম মানবাধিকার লঙ্ঘন—জাতিসংঘের নিয়ম অনুযায়ী। জাতিসংঘের বর্তমান মহাসচিবকে তো দেখলে এনজিও-সংশ্লিষ্ট ব্যক্তি মনে হয়। জাতিসংঘ ও তার মানবাধিকার সংক্রান্ত বিচার নিয়ে ব্যক্তিগতভাবে আমার একটা ঘৃণা আছে ১৯৭১ সাল থেকে। তৎকালীন জাতিসংঘের মহাসচিব উ থান্টকে আমরা অন্ধ উ থান্ট বলতাম। বাংলাদেশের গণহত্যা ও শরণার্থী বিষয়ে তিনি ছিলেন নীরব। সম্প্রতি তার নাতি জুনিয়র উ থান্ট তাকে নিয়ে একটা লেখা লিখেছেন—সেটা পড়তে পড়তেও তার ওপর কোনো শ্রদ্ধা আনতে পারেনি। বাংলাদেশের সঙ্গে ইউনূসের আমল থেকে জাতিসংঘ জড়িয়ে গেছে। তাই এখানে মানবাধিকার চিহ্নিত হবে অন্ধ উ থান্টের নীতিতে, অন্য কোনোভাবে নয়।
যাহোক, যারা প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের চেনেন, যেসব কর্মী ও নেতারা ২০২৪-এর ৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা, ওই ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করা, সর্বোপরি তিনবার বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা দেখার পরেও—এবং অনেকে নিজের সর্বস্ব হারিয়ে এখনও আপাদমস্তক আওয়ামী লীগ কর্মী। এরা ভিন্ন ধাতুতে গড়া মানুষ।
খোঁজ নিলে দেখা যাবে, এই কর্মীরা, এই আঞ্চলিক নেতারা গত ১৫ বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিছুই পায়নি। বর্তমানে তাদের ত্যাগ দেখে অনেকের চোখ খুলছে। ইতোমধ্যে ফেসবুকে দেখলাম, প্রবাদপ্রতিম মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতা মহিউদ্দিন চৌধুরির সন্তান নওফেল যাকে খুব তরুণ বয়সে শেখ হাসিনা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছিলেন, সে বলছে, আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে। সে ওবায়দুল কাদেরের নাম উল্লেখ না করে, তাকে লক্ষ্য করে বলছে, ভালো ভালো পোশাক পরে ফেসবুকে পোস্ট দিয়ে যারা সময় কাটাতো, পার্টি অফিসে বসে তোষামোদ শুনতো—এদের থেকে আওয়ামী লীগকে বের হয়ে আসতে হবে।
নওফেল ভালো কথা বলেছে, তবে তাকেও নিজের দিকে তাকাতে হবে। কারণ, সে যদি তার বাবার মতো আওয়ামী লীগকে চিনতো—তাহলে তার যারা সঙ্গী ছিল তারা কোনো মতেই তার সঙ্গী হতে পারে না। অন্তত তারা মহিউদ্দিন চৌধুরির ছেলের সঙ্গী হতে পারে না। মহিউদ্দিন চৌধুরির সঙ্গীরা কিন্তু ক্ষমতা নিয়ে ভাবতো না। মহিউদ্দিন চৌধুরির মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা সর্বোপরি মানুষকে সম্মান করার যে আদব ছিল তা পৃথিবীর খুব কম নেতারই থাকে।
নওফেলকে ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে মাঝে মাঝে ভারতে দেখা যাচ্ছে। বাস্তবে কোথায় আছে জানি না। তবে নওফেল জানে না, ১৯৭৫-এর ১৫ আগস্টের পরে তার বাবা কীভাবে কিছুদিন কলকাতায় ছিলেন—সেটা সে ভাবতেও পারবে না। অবশ্য মহিউদ্দিন চৌধুরির কর্মী ও তাদের ধারাবাহিকতার কর্মী হিসেবে যারা বেড়ে উঠেছে তারা ভাবতে পারবে।
আর গত ২৭ মাসে বাংলাদেশের পথে-প্রান্তরে যে আওয়ামী লীগ কর্মী গড়ে উঠেছে, ঢাকার রাজপথে রিকশাওয়ালা, সবজিওয়ালা, মুদি দোকানদার এই যারা আওয়ামী লীগার কর্মী হিসেবে গড়ে উঠেছে—এরাই সে চিরপরিচিত আওয়ামী লীগ কর্মী। এদেরকে নওফেলরা প্রবাস থেকে এসে চিনতে পারবে না।
২৮ নভেম্বর সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা কবে ফিরবেন সেটা বড় নয়, তিনি সফল। যাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছিল তিনিই এখন এ দেশের রাজনীতির মূল চরিত্র।
শেখ হাসিনাকে এই রাজনীতির মূল চরিত্র যারা প্রবাসে আছে তারা করেনি কিন্তু। তাদের কয়েকটি সেমিনার আর নামগোত্রহীন কয়েকজন লোকের পডকাস্টে যোগ দিয়ে তারা শেখ হাসিনাকে আজ এই বাংলাদেশের রাজনীতির মূল কেন্দ্রে নিয়ে আসেনি। শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতির মূল কেন্দ্রে নিয়ে এসেছে তারাই- যারা তাদের জীবনের থেকে বেশি বাংলাদেশকে ভালোবাসে। আর বাংলাদেশের মধ্যে থেকেই জীবন বাজি ধরেছে। তবে তাদের সেই ভালোবাসার বাংলাদেশে অবশ্যই জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান থাকবে সবার ওপরে। তারপরে জাতীয় মুক্তিসংগ্রামের নেতাদের সম্মান থাকবে। এ কর্মীদের বংশপরম্পরায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক শব্দ। তাই বঙ্গবন্ধু ছাড়া কোনো বাংলাদেশ হলে তারা মেনে নেয় না।

তূর্যের মাও তাদের একজন। আমরা সকলে জানি তূর্যের মা এখন পুত্রশোকে কাতর। আর সেটাই স্বাভাবিক। কিন্তু তূর্যের মা তো বঙ্গবন্ধুর সেই কর্মীদের উত্তরাধিকার। যাদের আমরা ১৯৭১ সালে দেখেছি। ১৯৭১-এ যাদের দেখেছি তূর্যের মা তাদের তুলনায় একাডেমিক শিক্ষায় শিক্ষিত। কিন্তু ওই মায়েরাও মনের দিক থেকে চিন্তার দিক থেকে মোটেই পিছিয়ে ছিলেন না। কারণ, সেদিন দুই পুত্রের মা পুত্রদের মধ্যে যার মুক্তিযুদ্ধে যাবার বয়স হয়েছে—তার হাত ধরে নিয়ে স্বামীর কাছে এসেছে—বলেছে তোমার দুই সন্তান, একজনকে দেশের জন্য দাও। পিতাও তার সন্তানের মাথায় হাত রেখে বলেছে, মায়ের আদেশ পালন করো। কথা দিয়ে যাও হয় দেশ মাতাকে মুক্ত করে গাজী হয়ে ফিরবে, না হয় শহীদ হবে।
যুদ্ধের ময়দানে অনেকেই পাকিস্তানি ও তাদের দোসরদের হাতে ধরা পড়েছে। প্রাণ দিয়েছে, নির্মম অত্যাচারিত হয়েছে। কিন্তু মৃত্যুর পূর্বমুহূর্ত অবধি নির্ভীক চিত্তে, শক্ত দেহে দাঁড়িয়ে বলে গেছে “জয় বাংলা”। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূস তার মাস্টারমাইন্ডদের নিয়ে ক্ষমতা দখল করার পরে, ইউনূস নিজমুখে গ্রামে গ্রামে আওয়ামী লীগ কর্মীদের বাড়ি শুধু নয়, তাদের শরীরের ওপর অত্যাচার ও হত্যা করার নির্দেশ দিয়েছে। অত্যাচার করার জন্য অত্যাচারীদের শরীরে যাতে “সেই তেজ” আসে তাও ইউনূস বলেছে। গত ২৭ মাসে ইউনূস ও তার ধারাবাহিকতায় স্টিমরোলার চলেছে এই কর্মীদের ওপর। নওফেলের মতো যারা বিদেশে বসে এখন ভালো কথা বলছে বা যারা শ, ম, রেজাউলের মতো টাকে চুল গজানোর চিকিৎসা নিচ্ছে, তারা বুঝতে পারবে না—কী অত্যাচার ও অবিচার দেশের ভেতর এদের ওপর দিয়ে যাচ্ছে। তার পরেও সাংবাদিক হিসেবে আমরা দেখি, তারা প্রিজন ভ্যানে উঠতে উঠতে আহত দেহ নিয়েও শক্ত মুখে বলে “জয় বাংলা”।
তাদের এই দৃঢ়, ঋজু দেহ দেখে মনে পড়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রফুল্ল চাকির কথা। তার স্মৃতিচিহ্ন হিসেবে রাখার জন্য তার ভাই বলেছিলেন, ফাঁসিতে যাবার আগে যেন তিনি তার চশমাটি দিয়ে যায়। প্রফুল্ল চাকি বলেছিলেন—দাদা, ওটা তোমরা আমার মৃতদেহ থেকে নিও। কারণ, ওটা ছাড়া আমি চোখে কম দেখি। তাই চশমা ছাড়া ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে যদি পায়ে ধাক্কা লাগে তাতে আমার শরীর কেঁপে গেলে, ব্রিটিশরা মনে করতে পারে আমি মৃত্যুকে ভয় পেয়েছি। প্রফুল্ল চাকি নির্ভীক চিত্তে ফাঁসিতে গিয়েছিলেন। তার চশমা তার মৃতদেহ থেকেই নেওয়া হয়েছিল।
বাস্তবে জাতীয়তাবাদের এই এক অদ্ভুত আবেগমথিত শক্তি। কোথা থেকে এই শক্তি আসে তা ঠিক বুঝতে পারি না। তবে রবীন্দ্রনাথ লিখেছেন, কোনো কিছু পাবার আশা ছাড়া, গীতা নামক গ্রন্থে যাকে ফল লাভের আশা ছাড়া কাজ করতে বলা হয়েছে—তা বোঝার জন্য আকাশের ঈশ্বরের দিকে তাকিয়ো না, আমাদের সংসারের মায়েদের দিকে তাকাও। তাদের সব কাজ কিন্তু পরিবারের অন্য সকলের জন্য। পরিবারের কাজের মানুষদের জন্যও। নিজের জন্য কিছুই নয়।
জাতীয়তাবাদের মধ্যে যেন দুই মাতা এসে জড়ো হয়েছে, দেশমাতা ও জন্মদাতা মাতার চরিত্র। তাই যখন অত্যাচার নামে, যখন নির্যাতিত হয়- আবার যখন এই জাতীয়তাবাদীদের দল ক্ষমতায় যায়—কখনই এই কর্মীরা বা এই ধারা যারা অন্তর দিয়ে বহন করে, তারা দলের কাছে কিছুই চায় না। তাদের কোনো ফল লাভের আশা নেই। দেশমাতার জন্য কাজ করেই তারা সন্তুষ্ট। আর তাদের কাছে বাংলাদেশের বাঙালি-সংস্কৃতিনির্ভর জাতীয়তাবাদীদের দেশমাতা তখনই পরিপূর্ণ হবে যখনই বঙ্গবন্ধুকে তারা প্রাপ্য মর্যাদার আসনে বসাতে পারবে। আর এ সত্য মানতেই হবে যা আগের এক লেখায়ও লিখেছি, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যে রাষ্ট্রটি থাকে সেটা “মিনি পাকিস্তান”।
তাই খোঁজ নিলে দেখা যাবে তূর্যের মা ওই একাত্তরের মায়েদের মতো। তার চোখে জল এসেছে ঠিকই, তবে সে তার তূর্যকে মনে মনে উৎসর্গ করেছে বঙ্গবন্ধুর বাংলাদেশের আকাঙ্ক্ষায়।
আর হয়তো এই কারণেই তরুণ প্রজন্মের রাজনীতিক রুমিন ফারহানা প্রায়ই বলে, রাজপথের আওয়ামী লীগকে এই সরকার চেনে না। রুমিন ফারহানার মতে, সেটা চিনতেন বেগম জিয়া। রুমিন নিতান্ত তরুণী। তাই সে বেগম জিয়ার আমল থেকে চেনে। আমরা কিশোর ও তরুণ বেলায় আইয়ুব খানকে, ইয়াহিয়া খান ও জিয়াউর রহমানকে আওয়ামী লীগকে চিনতে দেখেছি। সাংবাদিক হিসেবে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া ও ফখরুদ্দীনকে আওয়ামী লীগকে দেখেছি।
এই শেষের চারজনকে মোকাবিলা করতে হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে। অন্যদিকে, মাহমুদুর রহমান মান্নার কথায় এ মুহূর্তে তিনিই ও তার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
২০১৭ সালের দিকে একটি পারিবারিক আড্ডায় নানান গল্পের ভেতর দিয়ে শেখ হাসিনা বিষয়ে কিছু কথা এসেছিল—জেনারেল এরশাদ তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে বলেছিলেন, একটি রাষ্ট্রকে অগ্নিগর্ভ করার মতো ক্ষমতা তিনি পৃথিবীতে শেখ হাসিনার মতো আর কারো দেখেননি। জেনারেল এরশাদের মতে শেখ হাসিনা তার বাবা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকেও এক্ষেত্রে আরও বেশি ভয়ংকর। এরশাদের মত ছিল, শেখ মুজিব ও শেখ হাসিনা তার সাধারণ কর্মীদের কাছে একটি মিলিত সত্তা। তাই শেখ হাসিনার কর্মী তূর্যের মা যে শেখ মুজিবের কর্মী অর্থাৎ একাত্তরের ওই মায়ের মতো দেশের স্বার্থে শহীদ অথবা গাজী হবার মনের নয় -তা কে বলবে। তূর্যও তাই ঠিকই একদিন শহীদ হিসেবে বিবেচিত হবে।
তবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতির পর্যবেক্ষণের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, সরকারই আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী করছে।
কারণ বিরোধী দল সব সময়ই সরকারকে আন্দোলনে অর্থাৎ সে যেখানে আছে সেই রাজপথেই টেনে আনার চেষ্টা করবে। সরকারকে রাজনীতি দিয়ে তা মোকাবিলা করতে হবে। সরকার নিজেই রাজপথে গেলে বা রাজনীতি ছাড়া অন্য কোনো ভাষায় জবাব দিতে গেলে তার উত্তর ভিন্ন হয়।
আওয়ামী লীগের সাফল্য হলো, ১৯৪৯ সালে জন্ম নেওয়ার পর থেকে যতবার সে রাজপথে গেছে ততবারই সে সরকারকে রাজপথে টেনে আনতে সমর্থ হয়েছে। কেউ তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করেনি। ফলে সহজে বিজয় তার ঘরে এসেছে। তাই শুধু রুমিন ফারহানা নয়, ইতিহাসও বলে আওয়ামী লীগের রাজপথে সংগ্রামের শক্তি শুধু ভিন্ন নয়, সফলতার সারি দীর্ঘ, বিফলতা এখনও নেই।
লেখক: সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, সম্পাদক, সারাক্ষণ, The Present World
স্বদেশ রায়ের আরও লেখা
ইতিহাসের নর্দমা
যখন শকুন নামে এই বাংলায়
ইন্দিরা গান্ধীর জন্মদিন: বাংলাদেশে সেক্যুলারিজমের জন্য সংগ্রাম
মৃত্যুর পরে











