কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাঝুঁকি ও যাত্রীসংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, মোল্লাহাটে মধুমতী সেতুর টোল প্লাজা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন।
নিরাপত্তাঝুঁকিতে বন্ধ দূরপাল্লার বাস
শাহজাহান মিনা জানান, আওয়ামী লীগের দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন বিকল্প পথে বাস চালানোর পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে যানবাহন চলাচলের কথা ছিল। কিন্তু রবিবার সকালে নিরাপত্তাঝুঁকি এবং যাত্রীসংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়।
তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল আগের মতোই চালু রয়েছে।
ঢাকাগামী বাস না পেয়ে বিকল্প পথে যাত্রীরা
বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক নাঈম শেখ জানান, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এ কারণে বাগেরহাট থেকে দোলা পরিবহনের সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ঢাকাগামী যাত্রীর সংখ্যাও খুব কম।
বাস চলাচল বন্ধ থাকায় ঢাকায় যাওয়ার প্রয়োজন রয়েছে এমন যাত্রীরা বিকল্প পথ খুঁজছেন।
বাগেরহাট বাসস্ট্যান্ডে আসা সলেমান হাওলাদার জানান, জরুরি প্রয়োজনে তাঁর ঢাকায় যাওয়া দরকার। এ জন্য মোড়েলগঞ্জ থেকে বাগেরহাটে এলেও ঢাকাগামী কোনো বাস পাননি। পরে স্থানীয় বাসে খুলনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে ঢাকাগামী বাস পেলে সেটিতে করে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
মধুমতী সেতুতে সংঘর্ষ, আটক ৩
এদিকে বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী সেতুর টোল প্লাজা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
গত শনিবার কয়েক দফায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।












