কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক এসব ঘটনায় পুলিশ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
চৌদ্দগ্রামে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রামের ট্রেনিং সেন্টার এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী মিছিল বের করেন।
মিছিল থেকে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে এবং সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং যানজট তৈরি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
বুড়িচংয়ে যানবাহন ভাঙচুর
একই রাতে পৃথক ঘটনায় বুড়িচং অংশের মহাসড়কেও অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাত ১২টার দিকে তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক যান চলাচল
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন এবং বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
রাতের এসব ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই অংশে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।












