কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচির প্রথম দিনেই অনেকটা অচল হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার প্রধান সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার নিরাপত্তায় ৫৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
লকডাউনের কারণে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলোতে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
ঢাকা-খুলনা মহাসড়কে ব্যারিকেড
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটারে কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে। লকডাউন কর্মসূচির প্রভাবে মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
দোকানপাট বন্ধ এবং মানুষের চলাচল সীমিত হয়ে পড়ায় শহর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় জেলার সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
নিরাপত্তায় ৫৮ প্লাটুন বিজিবি
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
লকডাউন কর্মসূচির প্রথম দিন সকাল থেকেই বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাচৌকি বসিয়েছে পুলিশ। পাশাপাশি সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
সরকারি স্থাপনা ও জননিরাপত্তায় বিশেষ নজর
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, জেলার নিরাপত্তায় বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।












