রাজনৈতিক নেতানেত্রীরা কি বলছেন?

এই ঘটনার উল্লেখ করে, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন, “রাষ্ট্রপতি শাসনের গেমপ্ল্যান চলছে।”

বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতিতে একটি জনসভায় মিজ. ব্যানার্জী বলেন, “অনেক মানুষের ভোট বাদ দিয়েছে, তার মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা বেশি।… কিন্তু আমি অনুরোধ করব কেউ দাঙ্গায় যাবেন না। এটা বিজেপির প্ল্যান, আপনাদের উস্কে দেওয়া।”

মুখ্যমন্ত্রী আরো বলেন, “মালদার ঘটনা দিয়ে রাজ্যকে বদনাম করা হয়েছে, একটা আন্দোলনের জন্য। আন্দোলন করতে পারেন, শান্তিপূর্ণ (ভাবে)।… গন্ডগোলে যাবেন না, শান্ত থাকুন। জজদের গায়ে হাত দেবেন না, শান্ত থাকুন।”

বৃহস্পতিবার মিজ. ব্যানার্জীর একটি জনসভা ছিল মালদা জেলারই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে।

অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতা সুকান্ত মজুমদার ঘটনাটির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “এটি ভয়ঙ্করতম ঘটনা। এই পুরো বিষয়টি ঘটেছে মমতা ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেসের উসকানিতে।”

তার দাবি, পুলিশ কর্মকর্তারা যখন আটকে পড়া বিচারকদের উদ্ধার করার চেষ্টা করেন, বিক্ষোভকারীরা তাদের গাড়ির উপর হামলা করেন এবং বাঁশ ফেলে রাস্তা অবরোধ করার চেষ্টাও করেন।