ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি খুবই ‘ভঙ্গুর’

লেবাননে যুদ্ধবিরতির প্রতিক্রিয়া স্বস্তির পাশাপাশি বেশ বড় মাত্রার সংশয়েরও হতে পারে বলে মনে করছেন বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার।

তিনি মনে করিয়ে দেন সংঘাতটি ইসরায়েল ও লেবাননের মধ্যে নয়, এটি ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে।

হেজবুল্লাহর পক্ষ থেকে সামান্য উস্কানিতেই ইসরায়েলিরা সেই যুদ্ধবিরতি ভঙ্গ করতে প্রলুব্ধ হবে।

মি. গার্ডনার বলছেন এই যুদ্ধবিরতিটি খুবই ভঙ্গুর। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির চেয়েও বেশি ভঙ্গুর, এবং অবশ্যই এই দুটি বিষয় পরস্পর বিচ্ছিন্ন নয়।

প্রাথমিকভাবে হেজবুল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া না আসাটা কিছুটা অশুভ ইঙ্গিত দেয়। পরে তারা যুদ্ধবিরতি মেনে চলার সম্ভাবনার কথা বললেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এটাকে একটি আলাদা বিষয় বলে দেখানোর চেষ্টা করছে।

কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি আনতে হলে উপসাগরীয় অঞ্চল, ইরান ও লেবাননেও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আর হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিরসন থেকে আমরা এখনও অনেক, অনেক দূরে আছি। এর শেকড় অত্যন্ত গভীর এবং সরাসরি পশ্চিম তীর ও গাজায় ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ পর্যন্ত বিস্তৃত।

এই যুদ্ধবিরতি বড়জোর একটু দম ফেলার একটা সুযোগ।