রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে রাজনৈতিক সমাধান ও রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তা প্রয়োজন। এমন মত দিয়েছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি।
তাঁর মতে, রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফিরে গিয়ে স্থায়ীভাবে বসবাসের পরিবেশ এখনো মিয়ানমারে তৈরি হয়নি।
ডিভিবি জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।
সমাধান শুধু রাখাইনে সীমাবদ্ধ নয়
কারির মতে, সংকটের সমাধানে মিয়ানমারের বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। তাঁর অভিযোগ, দেশটির কর্তৃপক্ষ ও আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গাদের ওপর হামলা চালাচ্ছে।
বেসামরিক মানুষের ওপর সহিংসতা কমাতে নতুন ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
নভেম্বরে বাংলাদেশ সফর
নভেম্বরে বাংলাদেশের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে কারির। সফরে সম্মতি দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
নিরাপত্তা, মর্যাদা ও টেকসই জীবিকার নিশ্চয়তা না থাকলে শরণার্থীদের মিয়ানমারে ফেরত না পাঠাতে আশ্রয়দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানান এই বিশেষজ্ঞ।












