কফির মতো সুবাস ও তেতো স্বাদ, অথচ তৈরিতে কফিবীজই নেই। জাপানে এমন পানীয় নিয়ে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। কফির দাম বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ থেকে বিকল্পের এই খোঁজ।
ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, টোকিওর চোফুতে বাদামি চাল ধীরে ধীরে ভেজে তৈরি পানীয় বিক্রি হচ্ছে। জাপানের বিভিন্ন জাতের চাল দিয়ে এটি তৈরি করা হয়।
চালের জাতেই স্বাদের ফারাক
‘ব্রাউন রাইস ডিক্যাফ’ নামের পানীয়টিতে কফির মতো ভাজা সুবাস ও তেতো স্বাদ পাওয়া যায়। চালের জাত বদলালে এর টকভাব, ঘনত্ব ও ঘ্রাণেও পরিবর্তন আসে।
বড় প্রতিষ্ঠানও তৈরি করছে বিকল্প
আসাহি সফট ড্রিংকস ২০২৭ সালে কফিবীজ ছাড়া তৈরি দুটি পানীয় বাজারে আনার পরিকল্পনা করছে। এগুলোতে ব্যবহার করা হবে অন্য ধরনের বীজ।
তবে কফিবীজ নেই মানেই পানীয়তে ক্যাফেইনও নেই, এমন নয়। প্রতিবেদনে বলা হয়েছে, আসাহির পরিকল্পিত পানীয়গুলোতে ক্যাফেইন থাকবে।












