দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে হাম বা এর উপসর্গ দেখা গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বড় আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন আরও একজন।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৯৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও এক হাজার ছাড়িয়ে গেছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণ ও মৃত্যুর ঘটনা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলছে।












