বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি ‘চাঁদের গাড়ি’ গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার ডিমপাহাড়-তেন্দুমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বিকেল পৌনে ৪টার দিকে তেন্দুমুখ বিজিবি চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে তেন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করা হয়।

উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানচি থানাকে অবহিত করেছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, দুর্ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।












