দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির চালু থাকা দুটি ইউনিট একে একে বিকল হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে কোনো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিট-১ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। চালু থাকা অবস্থায় এই ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
এরপর মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিট-৩-ও বন্ধ হয়ে যায়। গ্রিডে ত্রুটির কারণে সৃষ্ট যান্ত্রিক সমস্যার পর ইউনিটটি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী।
ইউনিট-১ মেরামতে বাংলাদেশের প্রকৌশলীরা কাজ করছেন। অন্যদিকে ইউনিট-৩ মেরামতের দায়িত্বে রয়েছেন চীনা প্রকৌশলীরা। তবে দুটি ইউনিটের কোনটি কখন আবার উৎপাদনে ফিরবে, সে বিষয়ে এখনো নিশ্চিত সময় জানাতে পারেননি কেন্দ্রটির প্রধান প্রকৌশলী।
একসঙ্গে দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুরসহ রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির ওপর চাপ বেড়েছে। এতে লোডশেডিং আরও বেড়ে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিট-২ দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। ইউনিটটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে আর চালু করা সম্ভব হয়নি। ফলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতার বড় একটি অংশ দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাচ্ছে না।












