নওগাঁ সদর উপজেলার হাপানিয়ায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার সকালে ইসরাত আলীর মালিকানাধীন চালকলটিতে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে সেখানে থাকা পাঁচজন শ্রমিক আহত হন।
পরে আহতদের নওগাঁ ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৪৫ বছর বয়সী আবদুল খালেককে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার বাসিন্দা বসির উদ্দিনের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বয়লার বিস্ফোরণের কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।












