নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর মো. কামরুজ্জামান মারুফ নামে ২১ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়েন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মারুফ নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন। এরপর কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।

ধানখেতে গলায় গামছা পেঁচানো মরদেহ
বুধবার রাতে বাড়ির পাশের ধানখেতে মারুফের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় গামছা পেঁচানো ছিল। পরে তারা পুলিশকে খবর দেন। সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলের কাছ থেকে মারুফের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. রিপন মিয়ার মেজো ছেলে।
ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।












