চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইপিজেড এলাকার ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জের তামান্না (২৩) এবং চট্টগ্রামের ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা মো. খলিল (৩৮)। তারা দুজনই পোশাকশ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।












