ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন অব্যাহত রাখার কারণে যুক্তরাজ্যে নিজের চারটি উপন্যাসের নতুন সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ লেখক স্যালি রুনি। তাঁর প্রকাশক ফ্যাবারও জানিয়েছে, যুক্তরাজ্যে আর কোনো সংস্করণেই তাঁর বই সরবরাহ করা হবে না। তবে বইয়ের দোকানগুলোতে আগে থেকে থাকা মুদ্রিত বই বিক্রির ক্ষেত্রে আপাতত কোনো নিষেধাজ্ঞা নেই।
‘নরমাল পিপল’ উপন্যাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত রুনি বলেছেন, যুক্তরাজ্যের বর্তমান আইনের কারণে তাঁর বই প্রকাশ ও বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ তাঁকে দেওয়া প্রকাশকের জন্য গুরুতর আইনি ঝুঁকি তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে প্রকাশক ফ্যাবারের সঙ্গে আলোচনা করে তিনি যুক্তরাজ্যের বাজারে বইয়ের নতুন সরবরাহ বন্ধের সিদ্ধান্তে সম্মত হয়েছেন।
বুধবার বিবৃতিতে রুনি বলেন, নিজের বিশ্বাস ও অবস্থান সম্পর্কে জনসাধারণের কাছে স্বচ্ছ থাকার চেষ্টা করেছেন তিনি। নিজের সিদ্ধান্তের পরিণতি মেনে নিতেও তিনি প্রস্তুত।
কেন বন্ধ হচ্ছে বইয়ের সরবরাহ
২০২৫ সালে যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের বক্তব্য, সংগঠনটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্পত্তি ধ্বংসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের মধ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র কোম্পানিগুলোকে লক্ষ্য করে অভিযান চালানোর ঘটনাও রয়েছে।
২০২৫ সালের জুলাইয়ে সংগঠনটিকে নিষিদ্ধ করার পরের মাসে আইরিশ সংবাদপত্র ‘দ্য আইরিশ টাইমস’-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে রুনি জানিয়েছিলেন, তিনি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করে যাবেন এবং নিজের বই থেকে পাওয়া রয়্যালটির অর্থ সংগঠনটিকে সহায়তা করার কাজে ব্যবহার করবেন।
যুক্তরাজ্যে সংগঠনটিকে নিষিদ্ধ করা হলেও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে সেটি নিষিদ্ধ নয় বলে উল্লেখ করেন তিনি। তবে যুক্তরাজ্যের আইনে নিষিদ্ধ সংগঠনকে আর্থিক সহায়তা দেওয়া অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে সেখানে নিজের বই প্রকাশ ও বিক্রির অর্থ হস্তান্তর নিয়ে আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে।
রুনি আরও জানান, পরিস্থিতি পর্যালোচনা ও পরামর্শের পর প্রকাশক ফ্যাবার সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাজ্যে তাঁর বইয়ের নতুন সরবরাহ অব্যাহত রাখা সম্ভব নয়।
প্রকাশকের বক্তব্য
ফ্যাবার জানিয়েছে, যুক্তরাজ্যের বর্তমান আইনগত পরিস্থিতির কারণে লেখকের বই থেকে অর্জিত আয় তাঁকে দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ লেখকের প্রাপ্য অর্থ পরিশোধ করতে না পেরে তাঁর বই বিক্রি চালিয়ে যাওয়া প্রকাশকের কাছে গ্রহণযোগ্য নয়।
প্রকাশনা সংস্থাটি বলেছে, রুনির পূর্ণ সম্মতিতে যুক্তরাজ্যে তাঁর বইয়ের সব ধরনের নতুন সরবরাহ বন্ধ করা হয়েছে। তবে যুক্তরাজ্যের বাইরে অন্যান্য বাজারে তাঁর বই প্রকাশ ও বিক্রি অব্যাহত থাকবে।
বই বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াটারস্টোনস বিবিসিকে জানিয়েছে, ফ্যাবার তাদের নিশ্চিত করেছে যে দোকানগুলোতে আগে থেকে থাকা বইয়ের কপি বিক্রির ওপর কোনো বিধিনিষেধ নেই। অন্যদিকে, যুক্তরাজ্যে তাঁর বইয়ের ই-বুক সংস্করণ ইতোমধ্যে বিক্রি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ছয় মিলিয়নের বেশি বই বিক্রি
বিশ্বজুড়ে স্যালি রুনির উপন্যাস বিক্রি হয়েছে ৬০ লাখের বেশি কপি। এর মধ্যে যুক্তরাজ্যেই বিক্রি হয়েছে প্রায় ২৩ লাখ কপি।
২০১৮ সালে প্রকাশিত তাঁর উপন্যাস ‘নরমাল পিপল’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ২০২০ সালে বইটি অবলম্বনে নির্মিত টেলিভিশন ধারাবাহিকও দর্শকদের মধ্যে সাড়া ফেলে। এ ধারাবাহিকের মাধ্যমে অভিনেতা পল মেসকাল ও ডেইজি এডগার-জোনসের অভিনয়জীবন নতুন গতি পায়।
রুনির অন্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘কনভারসেশনস উইথ ফ্রেন্ডস’, ‘বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়্যার আর ইউ’ এবং তাঁর সর্বশেষ উপন্যাস ‘ইন্টারমেজো’।
মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক
প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি রুনির অবস্থানকে সাহসী ও নীতিনিষ্ঠ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, সংগঠনটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণার পর থেকেই রুনি দৃঢ় অবস্থান নিয়েছেন। তাঁর বই যুক্তরাজ্যের বাজার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান চাপের নতুন নজির বলেও মন্তব্য করেন আম্মোরি।
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনের অভিযোগে তিন হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে প্রায় আড়াই হাজারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ চলমান থাকায় এখনো কারও বিচার শুরু হয়নি। আগামী মাসে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
রুনির বইয়ের নতুন সরবরাহ বন্ধের ঘটনা তাই শুধু একজন লেখকের প্রকাশনা-সংক্রান্ত সিদ্ধান্ত নয়; এটি যুক্তরাজ্যে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন, আর্থিক সহায়তা এবং মতপ্রকাশের স্বাধীনতার সীমা নিয়ে চলমান বিতর্ককেও সামনে এনেছে।












