মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে গোলচত্বরের চারপাশের সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েন।
সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হন। পরে তাঁরা মূল সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে গোলচত্বরের চারপাশের সড়ক আটকে দিলে যান চলাচল প্রায় পুরোপুরি থমকে যায়।
তাৎক্ষণিকভাবে আন্দোলনকারী শ্রমিকেরা কোন কোন কারখানার, তা নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ মোতায়েন
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
মিরপুর ট্রাফিক বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
সড়ক অবরোধের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এই মোড় ও সংলগ্ন সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনের পাশাপাশি শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চালায়।
মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত। ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সড়ক অবরোধ, বিকল্প পথে চলাচলের পরামর্শ পুলিশের।












