পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নালায় পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জনের বেশি যাত্রী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২।
উদ্ধারকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাসটি রাইউইন্ড থেকে চিনিওট যাচ্ছিল। পথে হাফিজাবাদের একটি উড়ালসড়কের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তাঁরা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
পাকিস্তানে দ্রুতগতির যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের জুনে লাহোরের ধরমপুরা-চৌবচা ফটকের কাছে একটি দ্রুতগতির যাত্রীবাহী ভ্যান খালে পড়ে গেলে সাতজন আহত হন।
এর আগে ২০২২ সালের আগস্টে হাফিজাবাদ জেলার জালালপুর ভাট্টিয়ানের উপকণ্ঠে সোলাঙ্গি খারল এলাকায় একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত সাতজন নিহত এবং ২৪ জন আহত হন। ওই দুর্ঘটনার জন্যও অতিরিক্ত গতিকে দায়ী করেছিলেন উদ্ধারকারী কর্মকর্তারা।
পাঞ্জাব ট্রাফিক পুলিশের নির্দেশনায় বাস ও ট্রাকচালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, যানবাহনের চলাচলের উপযোগিতা নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে যাত্রীবাহী যান চালানোর ক্ষেত্রে এসব নিয়ম মানা দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ।












