আগুনের শ্বাস, ভয়ংকর গর্জন আর ধ্বংসযজ্ঞ নিয়ে বড় পর্দায় ফিরছে জাপানের জনপ্রিয় দানব চরিত্র গডজিলা। ‘গডজিলা মাইনাস জিরো’ নামের নতুন ছবিতে দর্শকের জন্য থাকছে চোখধাঁধানো বিশেষ দৃশ্যপ্রযুক্তি। তবে শুধু দানবের তাণ্ডব নয়, ছবির কেন্দ্রে রয়েছে যুদ্ধ, পারমাণবিক অস্ত্র এবং মানুষের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচিত সতর্কবার্তাও।
ছবিটির পরিচালক, চিত্রনাট্যকার ও বিশেষ দৃশ্যপ্রযুক্তি তত্ত্বাবধায়ক তাকাশি ইয়ামাজাকি মনে করেন, গডজিলা নিছক কোনো কাল্পনিক দানব নয়। তাঁর কাছে এই চরিত্র যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রের প্রতীক। একই সঙ্গে এটি মানুষের মনে এবং বিশ্বজুড়ে বিদ্যমান অনিশ্চয়তারও প্রতিফলন।
মুক্তির শুরুতেই বক্স অফিসে রেকর্ড
মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। উত্তর আমেরিকায় উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছে ৩ কোটি ১৬ লাখ ডলারের বেশি। এর মধ্য দিয়ে উত্তর আমেরিকায় কোনো বিদেশি ভাষার সরাসরি অভিনীত চলচ্চিত্রের উদ্বোধনী আয়ের নতুন রেকর্ড গড়েছে ছবিটি।
ইয়ামাজাকির পরিচালনায় তিন বছর আগে মুক্তি পেয়েছিল ‘গডজিলা মাইনাস ওয়ান’। ছবিটি সেরা দৃশ্যপ্রভাব বিভাগে অস্কার জিতেছিল। নতুন কিস্তিতে আগের গল্পের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। কাহিনির সময়কাল ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত বিস্তৃত।
আগের ছবির পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি নতুন কয়েকটি চরিত্রও যুক্ত হয়েছে। রিউনোসুকে কামিকি অভিনীত পাইলট এবং মিনামি হামাবে অভিনীত তাঁর প্রেমিকার চরিত্র আবারও ফিরে এসেছে। নতুন চরিত্রগুলোর মধ্যে রয়েছে হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি, যিনি পরে বিজ্ঞানী হন। এই চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা ও নৃত্যশিল্পী মিন তানাকা।
পুরোনো গডজিলার ঐতিহ্য, নতুন প্রযুক্তির সংযোজন
১৯৫৪ সালে ইশিরো হোন্ডার নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বড় পর্দায় আসে গডজিলা। এরপর থেকে জাপানের তোহো স্টুডিওর প্রযোজনায় নির্মিত বেশির ভাগ ছবিসহ ৩০টিরও বেশি চলচ্চিত্রে দেখা গেছে এই দানবকে।
নতুন ছবিতে মূল চরিত্রটির পরিচিত অবয়ব ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ইয়ামাজাকি। বিশেষ করে গডজিলার পিঠের স্বতন্ত্র কাঁটাগুলো আগের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।
ছবির মানবিক গল্প এগোতে কিছুটা সময় নিলেও গডজিলার আবির্ভাব দর্শকের প্রত্যাশিত উত্তেজনা তৈরি করে। বিকট গর্জন, নীল আলোয় জ্বলে ওঠা পিঠের কাঁটা এবং আগুনের তাণ্ডব ছবির বড় আকর্ষণ। পাশাপাশি সোনালি ডানাবিশিষ্ট ড্রাগন ঘিদোরার সঙ্গে গডজিলার লড়াইও রয়েছে। কাহিনির বিন্যাস এমনভাবে করা হয়েছে, যাতে দর্শক বিশাল দানবটির পক্ষেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রথমবার আইম্যাক্স প্রযুক্তি
গডজিলা সিরিজে এবারই প্রথম আইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে বড় পর্দায় আরও স্পষ্ট ছবি এবং শক্তিশালী শব্দের মাধ্যমে দর্শকদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরির চেষ্টা করেছেন নির্মাতারা।
সংগীত পরিচালনায় নাওকি সাতো গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোতে আকিরা ইফুকুবের তৈরি গডজিলার মূল সংগীতও ধরে রেখেছেন। দীর্ঘদিনের দর্শকদের কাছে এই সুর সিরিজটির পরিচিত পরিচয় বহন করে।
ইয়ামাজাকি ভবিষ্যতে গডজিলা সিরিজের আরও ছবি নির্মাণের সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে আপাতত তিনি হলিউডের একটি চলচ্চিত্র নিয়ে কাজ করছেন। ইংরেজিভাষী অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত ওই ছবিটি ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা।












