ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে ২ কোটি মানুষের শহরটি। বায়ুমান এতটাই খারাপ হয়েছে যে শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে উঠে এসেছে দিল্লি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ৩৩৪-এ পৌঁছায়। এই মাত্রাকে ‘বিপজ্জনক’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ওই দিন সবচেয়ে দূষিত ছিল দিল্লি।
সাধারণত বায়ুমান সূচক ৫০ বা তার নিচে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকি খুব কম থাকে।
সরকারি হিসাবে দূষণের মাত্রা আরও বেশি

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাবে দিল্লির বায়ুমান সূচক আরও বেশি, ৪০৩। সংস্থাটি এই পরিস্থিতিকে ‘অতি গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে।
তবে আইকিউএয়ার ও ভারতের সরকারি সংস্থার দেওয়া বায়ুমান সূচকে পার্থক্য রয়েছে। মূলত দুই সংস্থার ব্যবহৃত সূচক নির্ধারণের পদ্ধতি ও শ্রেণিবিন্যাসের মানদণ্ড আলাদা হওয়ায় এই ব্যবধান তৈরি হয়েছে।
ধোঁয়াশায় কমেছে দৃশ্যমানতা

শুক্রবার দিল্লির প্রধান সড়কগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে যায়। গাড়ি ও মোটরসাইকেলগুলোকে ঘন ধোঁয়ার মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। অনেক জায়গায় ধোঁয়াশার কারণে সড়কের বাতিগুলোও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে শহরের বিভিন্ন সড়কে এমন পরিস্থিতির চিত্র উঠে এসেছে। দূষণ নিয়ন্ত্রণে দিল্লির বিভিন্ন সড়কের মাঝখানে কৃত্রিম কুয়াশা বা পানির সূক্ষ্ম কণা ছড়ানোর ব্যবস্থাও স্থাপন করা হয়েছে।
শীত এলেই বাড়ে দূষণ

উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল এবং প্রতিবেশী পাকিস্তানের কিছু এলাকায় শীত মৌসুমে বায়ুদূষণ তীব্র হয়ে ওঠে। শীতের সময় ঠান্ডা ও ভারী বাতাসের কারণে দূষিত পদার্থ সহজে ওপরের দিকে ছড়িয়ে যেতে পারে না। ফলে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং কৃষিজমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে জমতে থাকে।
এ পরিস্থিতিতে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন শহরে বায়ুর মান দ্রুত অবনতি ঘটে। এবারের দূষণ পরিস্থিতিও সেই মৌসুমি সংকটেরই প্রতিফলন।













