আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় চাপের মুখে পড়েছে ভারতের মুদ্রা রুপি। একই সঙ্গে দেশটির শেয়ারবাজার ও বন্ডবাজারেও দরপতন হয়েছে। শুক্রবার রুপির দর এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
শুক্রবার রুপির বিনিময়মূল্য দাঁড়ায় প্রতি ডলারে ৯৪.১৫৭৫ রুপি। আগের দিনের তুলনায় এর দর কমেছে ০.১ শতাংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রভাব পড়ে তেল, মুদ্রা ও আর্থিক বাজারে।
ইরান পরিস্থিতিতে বাড়ছে জ্বালানি বাজারের উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনের সম্ভাবনা দুর্বল হয়ে পড়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবের অবকাঠামোয় হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনকারী ট্যাংকারে আক্রমণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে এশিয়ার লেনদেনে প্রতি ব্যারেল ৯৫.৪ ডলারে পৌঁছেছে। আগের লেনদেন পর্বে দাম বেড়েছিল ৩ শতাংশ।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই, সেই সময় অনেক আগেই পেরিয়ে গেছে। তাঁর এ বক্তব্যের পর বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা করছেন। ফলে মার্কিন বন্ডের সুদের হারও ঊর্ধ্বমুখী হয়েছে।
শেয়ার ও বন্ডবাজারেও নেতিবাচক প্রভাব
তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের বন্ডের সুদের হার বাড়ার প্রভাবে শুক্রবার ভারতের আর্থিক বাজারে দুর্বলতা দেখা যায়। দেশটির বেঞ্চমার্ক বন্ডের সুদের হার ৭ ভিত্তি পয়েন্ট বেড়েছে। অন্যদিকে প্রধান শেয়ারবাজার সূচক নিফটি ৫০ কমেছে ০.২ শতাংশ।
আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে—এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে। স্বাভাবিকের তুলনায় বড় আকারের এ সম্ভাব্য সুদ বৃদ্ধি ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের আগ্রহ কমিয়ে দিচ্ছে।
ভারতের জন্য কেন বাড়তি ঝুঁকি
ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় ৯০ শতাংশ আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দীর্ঘ সময় বেশি থাকলে দেশটির আমদানি ব্যয় বাড়বে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ তীব্র হওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে।
চলতি সপ্তাহে ভারতীয় শেয়ারবাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অর্থপ্রবাহ রুপিকে কিছুটা সহায়তা করেছিল। তবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তেলের উচ্চমূল্য এখনো ভারতের অর্থনীতির জন্য বড় ঝুঁকি।
এর মধ্যেই বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রাবাজারের লেনদেন শেষ হওয়ার পর প্রকাশিত তথ্যে দেখা গেছে, অক্টোবরে ভারতের ভোক্তা মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৬ শতাংশের সহনীয় সীমা ছাড়িয়ে গেছে।
সুদের হার বাড়ানোর চাপ তৈরি হচ্ছে
অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ (এএনজেড) এক বিশ্লেষণে বলেছে, অক্টোবরে মূল্যস্ফীতির তথ্য ইঙ্গিত দিচ্ছে, ভারতে উচ্চ মূল্যস্ফীতি কেবল সাময়িক জ্বালানিনির্ভর সরবরাহ সংকটের ফল নয়।
বিশ্লেষণটিতে বলা হয়েছে, তেলের দাম কমা এবং রুপির বিনিময়মূল্য স্থিতিশীল হওয়া কিছুটা স্বস্তি দিতে পারে। তবে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় আরও কঠোর মুদ্রানীতির প্রয়োজন রয়েছে।
সব মিলিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির আশঙ্কা এবং ভারতের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি—এই তিন চাপের মুখে পড়েছে দেশটির মুদ্রা ও পুঁজিবাজার।












