পাকিস্তানের স্বাধীনতার প্রায় আট দশক পেরিয়ে গেছে। কিন্তু দেশটির অর্থনৈতিক বাস্তবতায় মৌলিক পরিবর্তনের চেয়ে পুরোনো সংকটের পুনরাবৃত্তিই বেশি দৃশ্যমান। একের পর এক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি, অর্থনৈতিক স্থিতিশীলতার ঘোষণা এবং সংস্কারের প্রতিশ্রুতি—সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি যেন একই চক্রে ঘুরপাক খাচ্ছে। অথচ একসময় অর্থনৈতিকভাবে পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকা অনেক দেশ কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে গেছে।
পাকিস্তানের সংকট মূলত পরিকল্পনার অভাব নয়, বরং পরিবর্তনের রাজনৈতিক সদিচ্ছার অভাব। দেশটিতে সংস্কারের প্রস্তাব, নীতিমালা কিংবা বিশেষজ্ঞের অভাব নেই। অভাব হলো দীর্ঘদিন ধরে সুবিধা ভোগ করে আসা শক্তিশালী গোষ্ঠীগুলোর স্বার্থকে প্রশ্নবিদ্ধ করার সাহস। রাষ্ট্রের বিদ্যমান দুর্বলতাগুলো একদিনে তৈরি হয়নি। ক্ষমতাকাঠামোর ভেতরে যারা পরিবর্তন আনতে পারেন, তাদের অনেকের কাছেই বর্তমান ব্যবস্থা বজায় রাখা বেশি সুবিধাজনক। ফলে সরকার বদলায়, প্রতিশ্রুতি বদলায়, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক চরিত্র প্রায় অপরিবর্তিত থাকে।
প্রবৃদ্ধির পতন, দারিদ্র্যের বিস্তার
পাকিস্তানের অর্থনৈতিক ইতিহাসে প্রবৃদ্ধির ধারাবাহিক অবনতি উদ্বেগজনক। ষাটের দশকে দেশটির গড় বার্ষিক মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮ শতাংশ। আশির দশকেও তা ছিল ৬ দশমিক ৫ শতাংশ। কিন্তু নব্বইয়ের দশকে প্রবৃদ্ধি নেমে আসে ৪ দশমিক ৬ শতাংশে। পরবর্তী দুই দশকে তা আরও কমে প্রায় ৪ শতাংশে দাঁড়ায়। ২০২৬ সালের জুনে শেষ হওয়া আগের নয় বছরে গড় প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশের সামান্য বেশি।
এই পতনের প্রভাব আরও গভীর হয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণে। ২০২৩ সালের আদমশুমারি অনুযায়ী, পাকিস্তানের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৫৫ শতাংশ। ফলে মোট অর্থনীতি কিছুটা বাড়লেও মাথাপিছু আয় বৃদ্ধির সুযোগ সীমিত হয়ে পড়েছে।
এর সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে দারিদ্র্য ও মানবসম্পদ উন্নয়নে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশটির ২৮ দশমিক ৯ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় সাত কোটি নাগরিক জাতীয় দারিদ্র্যসীমার নিচে ছিল। দশ বছর বয়সী শিশুদের ৭৭ শতাংশ সাধারণ একটি লেখা পড়ে তার অর্থ বুঝতে পারে না।
একই সঙ্গে পরিবারগুলোকে উচ্চমূল্যের ও অনির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি পরিচ্ছন্ন রান্নার জ্বালানির সীমিত সুযোগ নিয়ে চলতে হচ্ছে। আয়, শিক্ষা ও জ্বালানিসংক্রান্ত বঞ্চনা একে অন্যকে আরও গভীর করছে। ফলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পথ সংকুচিত হচ্ছে।
শ্রমবাজারের চিত্রও স্বস্তিদায়ক নয়। ২০২৪-২৫ সালের শ্রমশক্তি জরিপে বেকারত্বের হার দেখানো হয়েছে ৬ দশমিক ৯ শতাংশ। তরুণদের মধ্যে এই হার ১২ দশমিক ৬ শতাংশ। কৃষির বাইরে কর্মরত মানুষের প্রায় ৭২ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। সর্বশেষ দুই জরিপের মধ্যবর্তী সময়ে গড় মাসিক মজুরি ২৪ হাজার রুপি থেকে বেড়ে ৩৯ হাজার রুপি হয়েছে। কিন্তু একই সময়ে ভোক্তামূল্য ৮০ শতাংশের বেশি বেড়েছে। অর্থাৎ আয় সংখ্যায় বাড়লেও মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে।
বিনিয়োগের অবস্থাও দুর্বল। জিডিপির তুলনায় বিনিয়োগের হার প্রায় ১৪ শতাংশে আটকে আছে। বেসরকারি খাতে ব্যাংকঋণের পরিমাণ কমে জিডিপির প্রায় ৯ শতাংশে নেমেছে। বৈদেশিক ধাক্কা কিংবা আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সাময়িক সংকট তৈরি করতে পারে। কিন্তু কয়েক দশক ধরে অর্থনৈতিক গতিশীলতা কমে যাওয়ার ব্যাখ্যা শুধু বাইরের পরিস্থিতি দিয়ে দেওয়া যায় না।
ক্ষমতা আছে, জবাবদিহি নেই
পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার গভীরে রয়েছে রাষ্ট্র পরিচালনার কাঠামোগত সমস্যা। দেশটিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে বিকশিত হতে পারেনি, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা পূর্ণ কর্তৃত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক সীমারেখা মেনে চলবে এবং জনগণ সরকারের কাজের জন্য জবাবদিহি নিশ্চিত করতে পারবে।
বারবার গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হওয়া এবং দীর্ঘ সময় ধরে চলা মিশ্র শাসনব্যবস্থা ক্ষমতা ও দায়িত্বের মধ্যে অস্পষ্টতা তৈরি করেছে। নির্বাচিত সরকারকে এমন অনেক সিদ্ধান্তের দায় নিতে হয়, যেগুলোর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। অন্যদিকে নির্বাচনের মাধ্যমে জবাবদিহির বাইরে থাকা বিভিন্ন ক্ষমতাকেন্দ্র গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করে।
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ধারণা প্রাসঙ্গিক। যুক্তরাজ্যের কোম্পানি আইনে ‘শ্যাডো ডিরেক্টর’ বা ছায়া পরিচালক বলে এমন ব্যক্তিকে বোঝানো হয়, যাঁর নির্দেশনা কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নিয়মিত অনুসরণ করে। বাস্তবে প্রভাব বিস্তার করলে তাঁর ওপরও পরিচালকের দায়িত্ব ও দায় বর্তাতে পারে। অর্থাৎ সিদ্ধান্তে প্রভাব থাকলে সেই সিদ্ধান্তের দায়ও বহন করতে হবে।
পাকিস্তানের শাসনব্যবস্থায় এই নীতির প্রতিফলন দুর্বল। ক্ষমতা প্রয়োগ এবং জবাবদিহি প্রায়ই আলাদা পথে চলে। রাজনৈতিক দলগুলোও অনেক সময় নিজেদের সুবিধার জন্য এই ব্যবস্থার সঙ্গে সমঝোতা করেছে। সংসদীয় নজরদারি দুর্বল হয়েছে, আর সংবিধানে স্থানীয় সরকারব্যবস্থার কথা থাকলেও নির্বাচিত স্থানীয় প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত ক্ষমতা ও সম্পদ পায়নি।
এর ফলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটি সংস্কৃতি তৈরি হয়েছে। সরকার পরিবর্তনের পর আগের নীতি বাতিল হয়, নতুন সরকার পুরোনো প্রশাসনকে দায়ী করে এবং শেষ পর্যন্ত ব্যর্থতার জন্য কাউকে জবাবদিহি করতে হয় না। এমন পরিবেশে কঠিন সংস্কার, জনসেবার মানোন্নয়ন কিংবা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনায় ঝুঁকি নেওয়ার প্রণোদনা কমে যায়।
নিষ্ক্রিয়তাই যখন নিরাপদ পথ
রাষ্ট্রীয় প্রশাসনের ভেতরেও একই প্রবণতা কাজ করে। একজন সরকারি কর্মকর্তা বিবেচনাপ্রসূত কোনো সিদ্ধান্ত নিলেন, কিন্তু বাস্তবায়নের পর সেটি ব্যর্থ হলো। এরপর তাঁকে বছরের পর বছর নিরীক্ষা আপত্তি, তদন্ত কিংবা জবাবদিহির প্রক্রিয়ায় ব্যস্ত থাকতে হয়। অন্যদিকে আরেকজন কর্মকর্তা প্রচলিত নিয়মের বাইরে কোনো সিদ্ধান্ত না নিয়ে চাকরিজীবন শেষ করেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে না।
এই দুই অভিজ্ঞতা প্রশাসনের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেয়—উদ্যোগ নেওয়ার চেয়ে নিষ্ক্রিয় থাকা নিরাপদ। ফলে কর্মকর্তারা নতুন কিছু করার পরিবর্তে প্রচলিত পদ্ধতি অনুসরণ করতেই বেশি আগ্রহী হন।
অর্থনীতির প্রণোদনা কাঠামোও এই স্থবিরতাকে উৎসাহিত করছে। শুল্ক ও বিশেষ কর-সুবিধার মাধ্যমে প্রভাবশালী শিল্পগোষ্ঠীগুলোকে সুরক্ষা দেওয়া হয়। লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ২০২৪-২৫ অর্থবছরে ৮৩৩ বিলিয়ন রুপি লোকসান করেছে। একই সময়ে এসব প্রতিষ্ঠানের পেছনে সরকারের আর্থিক সহায়তার পরিমাণ ছিল ২ দশমিক ১ ট্রিলিয়ন রুপি।
সরকারি ঋণ গ্রহণের প্রবণতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, উৎপাদনশীল বেসরকারি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের একটি বড় অংশ রাষ্ট্রের ঋণ চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে। ব্যাংকগুলো যখন সরকারি সিকিউরিটিজে তুলনামূলক নিরাপদ ও আকর্ষণীয় মুনাফা পায়, তখন শিল্পপ্রতিষ্ঠান কিংবা নতুন উদ্যোগে ঋণ দেওয়ার আগ্রহ কমে যায়।
অন্যদিকে সম্পত্তি কেনাবেচায় তুলনামূলক কম করের সুবিধা থাকলে কারখানা স্থাপনের পরিবর্তে জমি বা আবাসন খাতে বিনিয়োগ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। অর্থাৎ উৎপাদন ও উদ্ভাবনের ঝুঁকি নেওয়ার চেয়ে বিদ্যমান সম্পদ থেকে আয় করাই হয়ে ওঠে বেশি লাভজনক। এমন ব্যবস্থায় বিনিয়োগ ও নতুন উদ্যোগের বিকাশ বাধাগ্রস্ত হওয়া স্বাভাবিক।
প্রযুক্তির পরিবর্তনেও পুরোনো ব্যবস্থার প্রতিরোধ
অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রযুক্তিগত উদ্ভাবন ও পুরোনো ব্যবসায়িক কাঠামোর পরিবর্তন অপরিহার্য। ২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়ঁ ও পিটার হাউইট। তাঁদের কাজের স্বীকৃতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে উদ্ভাবন এবং ‘সৃজনশীল ধ্বংস’ বা ক্রিয়েটিভ ডেস্ট্রাকশনের সম্পর্ক বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
এই ধারণার মূল কথা হলো, নতুন প্রযুক্তি ও উদ্যোগকে পুরোনো ব্যবসা এবং অকার্যকর ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার সুযোগ দিতে হবে। পুরোনো প্রতিষ্ঠানকে শুধু টিকিয়ে রাখার জন্য বাজার ও নীতিমালা সাজালে অর্থনীতির উদ্ভাবনী শক্তি দুর্বল হয়ে পড়ে।
পাকিস্তানের জ্বালানি খাত এ সমস্যার একটি উদাহরণ। গ্রিডের বিদ্যুতের উচ্চমূল্য ও অনিয়মিত সরবরাহের কারণে সাধারণ মানুষ ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল ও ব্যাটারি স্থাপনের দিকে ঝুঁকেছেন। কিন্তু ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা) ফেব্রুয়ারিতে নেট মিটারিং ব্যবস্থার পরিবর্তে নেট বিলিং চালু করে। নতুন সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুতের দাম প্রতি ইউনিট প্রায় ২৬ রুপি থেকে কমিয়ে ১০-১১ রুপিতে নামিয়ে আনা হয়। পরে জনমতের চাপে সিদ্ধান্তটি আংশিক সংশোধন করা হয়।
এই সিদ্ধান্তের পেছনে পুরোনো বিদ্যুৎব্যবস্থার আর্থিক স্বার্থ রক্ষার প্রবণতা কাজ করেছে বলে সমালোচনা রয়েছে। অথচ প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করাই হওয়া উচিত ছিল নীতিনির্ধারণের লক্ষ্য।
শিক্ষাব্যবস্থাতেও একই সীমাবদ্ধতা রয়েছে। মুখস্থনির্ভর শিক্ষা শিক্ষার্থীদের প্রশ্ন করতে, বিশ্লেষণ করতে এবং নতুন ধারণা তৈরি করতে যথেষ্ট উৎসাহিত করে না। কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনশীলতা বাড়ানোর অসাধারণ সুযোগ তৈরি করেছে। কিন্তু প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যপদ্ধতি পরিবর্তনে অনিচ্ছুক হলে এই প্রযুক্তির সুফল পাওয়া কঠিন হবে। প্রযুক্তি কখনোই সমালোচনামূলক চিন্তা ও প্রাতিষ্ঠানিক অভিযোজনের বিকল্প হতে পারে না।
আইএমএফের কর্মসূচি নয়, প্রয়োজন অর্থনৈতিক দর্শনের পরিবর্তন
পাকিস্তানের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আরেকটি আইএমএফ কর্মসূচি কি দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ বদলাতে পারবে? অতীতের অভিজ্ঞতা বলছে, কেবল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা দীর্ঘমেয়াদি উন্নয়নের নিশ্চয়তা দেয় না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাজেট ঘাটতি কিংবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হলেও এগুলো অর্থনীতির গভীর কাঠামোগত দুর্বলতা দূর করতে পারে না।
প্রথমত, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতা ও জবাবদিহির মধ্যে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। সংসদকে কার্যকর নজরদারির ক্ষমতা দিতে হবে। সব প্রতিষ্ঠানকে সাংবিধানিক সীমারেখার মধ্যে কাজ করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচিত স্থানীয় সরকারকে প্রয়োজনীয় ক্ষমতা ও অর্থ বরাদ্দ দিতে হবে। সরকারি প্রতিষ্ঠানকে শুধু ঘোষণা বা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, বাস্তব ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।
দ্বিতীয়ত, সৎভাবে ঝুঁকি নেওয়া এবং নতুন উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনিক ও অর্থনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। দায়িত্বশীলভাবে নেওয়া সিদ্ধান্ত ব্যর্থ হলে কর্মকর্তাদের অযৌক্তিক হয়রানি থেকে সুরক্ষা দিতে হবে। তবে দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে জবাবদিহি বহাল রাখতে হবে। শিল্প খাতের জন্য শুল্ক সুরক্ষা ও কর ছাড়ের সুবিধা অনির্দিষ্টকাল চালু রাখা উচিত নয়। প্রতিটি সুবিধার অর্থনৈতিক ব্যয় ও কার্যকারিতা পর্যালোচনা করে নির্দিষ্ট সময় পর নবায়নের ব্যবস্থা থাকতে হবে। লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, বেসরকারীকরণ কিংবা প্রয়োজন অনুযায়ী বন্ধের সিদ্ধান্তও নিতে হবে।
তৃতীয়ত, উদ্ভাবন ও উৎপাদনশীল বিনিয়োগকে অর্থনীতির কেন্দ্রে নিয়ে আসতে হবে। অদক্ষ প্রতিষ্ঠানকে অনির্দিষ্টকাল সুরক্ষা দিয়ে টিকিয়ে রাখার পরিবর্তে প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মুখস্থবিদ্যার পরিবর্তে যুক্তি, বিশ্লেষণ ও প্রশ্ন করার সক্ষমতা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা তৈরি, গবেষণা এবং নতুন ধারণা পরীক্ষার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে।
পাকিস্তানের সমস্যা মেধা, দক্ষতা কিংবা নতুন ধারণার অভাব নয়। বরং এমন প্রতিষ্ঠান ও প্রণোদনা কাঠামোর অভাব, যেখানে এসব সক্ষমতা বিকশিত হতে পারে। রাজনৈতিক অর্থনীতির বিদ্যমান স্বার্থের কাঠামো অক্ষত রেখে নতুন কোনো আইএমএফ কর্মসূচি কিংবা সংস্কার কমিশন গঠন করলেও মৌলিক পরিবর্তন আসবে না।
আট দশকের অভিজ্ঞতা থেকে শিক্ষা
পাকিস্তানের প্রায় আট দশকের অর্থনৈতিক অভিজ্ঞতা দেখিয়েছে, প্রচলিত ব্যবস্থাকে সামান্য সংস্কার করে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান কাঠামো দেশের অধিকাংশ মানুষের জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে পারেনি। তবে এই ব্যবস্থা থেকে যারা ক্ষমতা, প্রভাব ও অর্থনৈতিক সুবিধা পেয়ে আসছেন, তাঁদের জন্য এটি যথেষ্ট কার্যকর। তাই পরিবর্তনের প্রয়োজনীয়তা স্বীকার করলেও বাস্তব সংস্কার বারবার পিছিয়ে গেছে।
এখন প্রয়োজন শুধু নতুন অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং রাষ্ট্র ও অর্থনীতিকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ক্ষমতার অপব্যবহার, বিশেষ সুবিধা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং উৎপাদনবিমুখ বিনিয়োগের সংস্কৃতি ভাঙতে না পারলে উন্নয়নের প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ থাকবে।
পাকিস্তানের সামনে তাই দুটি পথ—পুরোনো ব্যবস্থার সামান্য পরিবর্তন করে একই সংকটের পুনরাবৃত্তি, অথবা প্রচলিত স্বার্থ ও প্রতিষ্ঠানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি করা। আট দশকের অভিজ্ঞতা অন্তত একটি বিষয় স্পষ্ট করেছে: আগের পথে চললে নতুন ফল পাওয়ার প্রত্যাশা অর্থহীন।












