উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষায় প্রকৃতপক্ষে পাস করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ও আইনি বিতর্কের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট গিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেন তিনি। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং তাঁকে অভিশংসনের দাবির মধ্যেই এ সিদ্ধান্ত এল। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটিতে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যকার রাজনৈতিক জোটেও ভাঙনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।
২০২৪ সালের নির্বাচনে ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন গিবরান। তাঁর বাবা জোকো উইদোদো তখন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ছিলেন। অন্যদিকে, নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন প্রবোও সুবিয়ান্তো। বাবা ও নতুন প্রেসিডেন্টের রাজনৈতিক সমঝোতার প্রতীক হিসেবেই নির্বাচনে প্রবোওর সঙ্গে একই জোটে অংশ নিয়েছিলেন গিবরান।
জোকো-প্রবোও জোটে দূরত্ব
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গিবরানের পদত্যাগ জোকো ও প্রবোওর মধ্যকার সম্পর্কের অবনতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ইন্দোনেশিয়ান সার্ভে ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক ইয়োস সি কেনাওয়াসের ভাষ্য, এই জোটে স্পষ্ট ভাঙন দেখা দিয়েছে। গিবরানের বিদায়ের মধ্য দিয়ে প্রবোও জোকোর প্রভাববলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
জোকো উইদোদোর সমর্থন প্রবোওর রাজনৈতিক ভাবমূর্তি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একসময় সাবেক সামরিক কর্মকর্তা প্রবোওকে স্বৈরশাসক সুহার্তোর আমলে গণতন্ত্রপন্থী কর্মীদের অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কারণে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। ফলে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে বিতর্ক ছিল। জোকোর সমর্থন তাঁকে ক্ষমতার পথে এগিয়ে দেয়।

অন্যদিকে, গিবরানের ভাইস প্রেসিডেন্ট হওয়াকে অনেক ভোটার জোকোর রাজনৈতিক প্রভাব ধরে রাখার উপায় হিসেবে দেখেছিলেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের সংবিধানবিষয়ক আইন বিভাগের শিক্ষক তিতি আংগ্রাইনি মনে করেন, গিবরানকে শুরু থেকেই মূলত ভোট টানার কৌশল হিসেবে জোটে নেওয়া হয়েছিল; প্রবোও সরকারের কার্যকর নেতৃত্বের অংশ হিসেবে নয়।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে আইনি জটিলতা
গিবরানের পদত্যাগের পেছনে সবচেয়ে বড় কারণ তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় উচ্চমাধ্যমিক সমমানের সনদ তাঁর ছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। গিবরান দাবি করেছেন, তিনি অস্ট্রেলিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি সম্পন্ন করেছেন।
গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত জানায়, গিবরানের কাছে দেশটির উচ্চমাধ্যমিক সমমানের বিদেশি সনদ থাকার পক্ষে তারা যথেষ্ট প্রমাণ পায়নি। তবে সরাসরি তাঁকে পদ থেকে সরানোর এখতিয়ার আদালতের নেই বলেও জানানো হয়।
এর দুই সপ্তাহ পর সুপ্রিম কোর্ট ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে গিবরানের পাওয়া উচ্চমাধ্যমিক সমমানের সনদ বাতিল করে। তবে সনদ জাল করা হয়েছিল—এমন সিদ্ধান্ত দেয়নি আদালত; বরং প্রশাসনিক নিয়মকানুন মানা হয়েছিল কি না, সেটিই ছিল রায়ের মূল বিষয়।
জোটের সংকট আরও গভীর

গিবরানের পদত্যাগের আগে জোকো-প্রবোও জোটে দূরত্বের আরও কিছু লক্ষণ দেখা যায়। জোকোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তা, এমনকি প্রবোওর চিফ অব স্টাফও প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে গ্রেপ্তার হন।
এদিকে প্রবোওর দুই বছরের শাসনামলে কর্তৃত্ববাদী প্রবণতা ও জনতুষ্টিবাদী নীতির কারণে অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে তাঁর জনসমর্থনও কমেছে। দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার জোকো অবশ্য প্রবোও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় পদ স্থায়ী নয়; দায়িত্ব ও ক্ষমতা ক্ষণস্থায়ী। জনসাধারণের কল্যাণে নেওয়া কর্মসূচিতে প্রবোও প্রশাসনকে সমর্থন দিয়ে যাবেন তাঁরা।
গিবরানের উত্থানেও সাংবিধানিক আদালতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে পাঁচ-চার ভোটে আদালত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের ন্যূনতম ৪০ বছর বয়সের শর্তে ব্যতিক্রম তৈরি করে। নির্বাচিত আঞ্চলিক পদে দায়িত্ব পালনকারীদের কম বয়সেও প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়। তখন ৩৯ বছর বয়সী গিবরান সুরাকার্তার মেয়র ছিলেন। ওই সিদ্ধান্তে নির্ণায়ক ভোট দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি আনোয়ার উসমান, যিনি জোকোর বোনকে বিয়ে করেছিলেন। পরে স্বার্থের সংঘাতের অভিযোগে নৈতিকতা প্যানেল তাঁকে প্রধান বিচারপতির পদ থেকে সরিয়ে দেয়।












