কৃষিকাজে সার ও পানির ব্যবহার কমানো, বন্যার ঝুঁকি আগেভাগে শনাক্ত করা কিংবা বড় শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ—বিভিন্ন ক্ষেত্রে ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে থাইল্যান্ড। তবে এই প্রযুক্তির প্রসারে দেশটির বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চীনা ড্রোনের ওপর নির্ভরতা এবং উচ্চমূল্য। তাই আমদানি করা যন্ত্রপাতির পাশাপাশি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ও প্রযুক্তি সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে দেশটি।
থাইল্যান্ডের কৃষি ও শিল্প খাতের বড় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়ক ড্রোন ব্যবহার করছে। বিশেষ করে আবহাওয়ার চরম পরিবর্তন, খরা ও বন্যার ঝুঁকি মোকাবিলায় এসব প্রযুক্তির গুরুত্ব বাড়ছে। ব্যাংককে আয়োজিত বার্ষিক ড্রোনটেক এশিয়া প্রদর্শনীর আয়োজকদের হিসাবে, দেশটির অভ্যন্তরীণ ড্রোন বাজারের আকার প্রায় ২৬ কোটি ডলার। প্রতিবছর এই বাজার ১০ শতাংশ হারে বাড়ছে।
কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় ড্রোনের ব্যবহার
থাইল্যান্ডে ড্রোনের অন্যতম বড় ব্যবহার কৃষি খাতে। এসব যন্ত্রের সাহায্যে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ, জমির নির্দিষ্ট অংশে সার প্রয়োগ এবং পানির ব্যবহার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।
ড্রোনচিত্র ধারণ ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্কাইভিআইভির প্রধান পরিচালন কর্মকর্তা পিয়াদোল হিরুনজারুওং জানান, একটি ড্রোন এক দিনে প্রায় ১০ হাজার রাই জমির ছবি ধারণ ও মানচিত্র তৈরি করতে পারে। প্রায় চার হাজার একর জমির সমপরিমাণ এই এলাকা পর্যবেক্ষণের মাধ্যমে কোন অংশে কী ধরনের সমস্যা রয়েছে, তা দ্রুত শনাক্ত করা যায়। ফলে পুরো জমিতে সমানভাবে সার প্রয়োগের প্রয়োজন কমে এবং সময় ও অর্থ সাশ্রয় হয়।
আসন্ন ‘সুপার এল নিনো’র আশঙ্কায় কৃষিতে ড্রোনের গুরুত্ব আরও বাড়ছে। মৌসুমি বন্যা ও তীব্র খরার কারণে আখ, ফলমূল এবং দেরিতে চাষ করা ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ড্রোনের মাধ্যমে কোন এলাকা আগে এবং বেশি মাত্রায় প্লাবিত হতে পারে, তা চিহ্নিত করা গেলে ক্ষয়ক্ষতি কমানোর প্রস্তুতি নেওয়া সহজ হবে।
চীনা প্রযুক্তির ওপর নির্ভরতা বড় বাধা
ড্রোন ব্যবহারের ক্ষেত্রে থাইল্যান্ডের প্রতিষ্ঠানগুলো এখনো মূলত আমদানি করা যন্ত্রপাতির ওপর নির্ভরশীল। এর বড় অংশই আসে চীন থেকে। বিশ্বজুড়ে ড্রোন উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে; দেশটিতে বছরে আনুমানিক ৭০ থেকে ৮০ লাখ ড্রোন তৈরি হয়।
বাণিজ্যিক ড্রোন ব্যবহারের ক্ষেত্রেও চীন এগিয়ে। দেশটির বিভিন্ন শহরে খাবার, পণ্য ও ওষুধ সরবরাহে ড্রোন ব্যবহার করা হচ্ছে। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে নিবন্ধিত ড্রোনের সংখ্যা দাঁড়ায় ৩২ লাখ ৯০ হাজার।
অন্যদিকে, থাইল্যান্ডে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী একটি ড্রোনের দাম তিন হাজার ডলার থেকে শুরু করে ৫০ হাজার ডলারেরও বেশি হতে পারে। ফলে ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে এই প্রযুক্তি কেনা কঠিন। বর্তমানে বড় কোম্পানি, সরকারি ভর্তুকিনির্ভর প্রকল্প এবং যৌথ উদ্যোগের মধ্যেই এর ব্যবহার বেশি সীমিত।
সফটওয়্যার ও নিজস্ব প্রযুক্তি তৈরির পরিকল্পনা
আমদানি করা প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে উন্নত উৎপাদনশিল্প গড়ে তুলতে চায় থাইল্যান্ড সরকার। ড্রোনটেক এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল অর্থনীতি ও সমাজবিষয়ক উপমন্ত্রী নান বুনতিদা সোমচাই বলেন, ডিজিটাল অর্থনীতির বিকাশ মানে শুধু নতুন প্রযুক্তি ব্যবহার করা নয়; বরং সেগুলো তৈরি, উন্নত এবং বাস্তব প্রয়োগের সক্ষমতাও গড়ে তোলা।
প্রদর্শনীতে কৃষিকাজ ও শিল্প ব্যবহারের ড্রোনের পাশাপাশি রোবট কুকুর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত মানুষের নিয়ন্ত্রণে পরিচালিত মানবসদৃশ রোবটও প্রদর্শিত হয়েছে। থাইল্যান্ডের রোবট নির্মাতা প্রতিষ্ঠান সিস্ট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আসাওয়ান রুয়েংচু বলেন, দেশটির প্রকৌশলীরা দ্রুত সফটওয়্যার তৈরির দক্ষতা অর্জন করছেন। তবে যন্ত্রপাতি বা হার্ডওয়্যারের জন্য এখনো আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।
তাঁদের লক্ষ্য হলো বাস্তব কাজে ব্যবহারযোগ্য রোবটের জন্য নিজস্ব সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তৈরি করা।
ড্রোনের বাজার সম্প্রসারণের পাশাপাশি এই প্রযুক্তির স্থানীয় সক্ষমতা গড়ে তোলাই এখন থাইল্যান্ডের বড় লক্ষ্য। যন্ত্রপাতি আমদানি অব্যাহত থাকলেও সফটওয়্যার ও ব্যবহারিক প্রযুক্তি নিজেদের হাতে নেওয়ার মাধ্যমে দেশটি উন্নত উৎপাদনশিল্পে অবস্থান শক্ত করতে চাইছে।












