কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পরিদর্শন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে তাঁদের ভয় দেখানো বা মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত তারাই অপমানিত হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পুড়ে যাওয়া বাড়ির সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর বাবা আবদুল হালিম ও এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ রাজনৈতিক পরিষদের সদস্য।
এর আগে বুধবার রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতারা। খবর পেয়ে রাতেই ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ সম্মেলন করেন।
‘১৭ বছরে এমন অসংখ্য ঘটনা দেখেছে মানুষ’
নুসরাত তাবাসসুম বলেন, বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করছেন। তাঁরা মনে করছেন, এ ধরনের হামলা চালিয়ে তাঁদের ভয় দেখানো কিংবা মানসিকভাবে দুর্বল করা সম্ভব।
তিনি বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানও ছিল এসব ঘটনার ধারাবাহিক পরিণতি। তাই যারা মনে করছে, এভাবে ভয় দেখিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে, শেষ পর্যন্ত তারাই অপমানিত হবে।
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের আগে কয়েক দিন ধরে হুমকি
নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও আরও কয়েকটি হুমকির ফোন পান তিনি।
এ ঘটনায় মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি করার পরও হুমকি অব্যাহত ছিল। বিশেষ করে বুধবার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে নিষিদ্ধ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্টে একটি হুমকির পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সংসদ সদস্য বলেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর কাছে এটি পেট্রলবোমা হামলা বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ হওয়ায় নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি।
নুসরাত জানান, খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সামর্থ্য অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করে। তবে প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় আগুন নেভানোর কাজে দেরি হয়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।
‘বাড়িটি পরিত্যক্ত ছিল না’
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার পর বাড়িটি পরিত্যক্ত ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি টেলিভিশন চ্যানেলে তথ্য প্রচারিত হয়। এর প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, বাড়িটিতে গত পাঁচ থেকে ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। পরিবারটি তাঁদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিল এবং বাড়িটির দেখাশোনা করত। এই বাড়িতেই তিনি ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন। তাঁর মা-বাবার সংসারও গড়ে উঠেছে এখানে। তাঁর দাদা নিজের হাতে বাড়িটি নির্মাণ করেছিলেন।
নুসরাত আরও বলেন, বাড়িতে গবাদিপশুর খামার ছিল। সেখানে তাঁদের আত্মীয়স্বজনের পাশাপাশি ওই অসহায় পরিবারটিও বসবাস করত। হামলার ঘটনায় পরিবারটির একটি শিশু আহত হয়েছে। কয়েকটি গবাদিপশুও মারা গেছে। বাড়িটির আর কিছুই অবশিষ্ট নেই।
হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করার অভিযোগ
নুসরাত তাবাসসুম বলেন, স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি মনে করেন না। তাঁর ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল অবস্থায় রয়েছে।
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দৌলতপুর থানায় মামলা করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।












