যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় সাফল্যের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, তাঁর প্রশাসনের পরবর্তী দুই বছরের কর্মকৌশল এবং বিরোধী দলের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর ট্রাম্প কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, ক্ষমতার শেষ দুই বছরে কতটা সংঘাতমুখী হবেন এবং ডেমোক্র্যাটরা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন—এসব প্রশ্ন এখন মার্কিন রাজনীতির কেন্দ্রে।
নিউইয়র্ক টাইমসের দুই মতামত লেখক ফ্র্যাঙ্ক ব্রুনি ও ব্রেট স্টিফেনসের আলোচনায় উঠে এসেছে, নির্বাচনের ফল শুধু ট্রাম্প প্রশাসনের প্রতি অসন্তোষের প্রকাশ নয়; এটি মার্কিন রাজনীতিতে নতুন ধরনের নেতৃত্ব, সংযম ও দায়িত্বশীলতার প্রত্যাশারও প্রতিফলন।
পরাজয়ের পরও সংঘাতের পথেই ট্রাম্প?
মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের মানসিক অবস্থা এবং তাঁর সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গিয়ে ফ্র্যাঙ্ক ব্রুনি বলেন, ট্রাম্পের আচরণ আগে থেকেই অনিশ্চিত ও অসংলগ্ন। বিজয়ের সময়ও তাঁর আচরণে এর প্রকাশ দেখা যায়। বড় পরাজয়ের পর তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তা অনুমান করা আরও কঠিন।
ব্রেট স্টিফেনসের মতে, পরবর্তী চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নেওয়ার মধ্য দিয়েই ট্রাম্পের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। তাঁর ধারণা, আগামী দুই বছরও রাজনৈতিক সংঘাত অব্যাহত থাকবে। ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার চেষ্টা, পরাজয় মেনে নেওয়ার রাজনৈতিক সৌজন্য কিংবা নিজের দলের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বিষয়ে ট্রাম্পের আগ্রহ থাকার সম্ভাবনা কম।
ব্রুনি মনে করেন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের উদ্যোগকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে দেখানোর চেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে। হোয়াইট হাউসের প্রধান আইনজীবী উইল স্কার্ফ প্রতিনিধি পরিষদের নজরদারি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়াকে চিঠি দিয়ে সতর্ক করেছেন, ট্রাম্প ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কঠোর তদন্ত অপরাধের সীমা অতিক্রম করতে পারে।
ব্রুনির মতে, নির্বাচনে ভোটাররা যে অসন্তোষ প্রকাশ করেছেন, এমন অবস্থান সেই বার্তাকে উপেক্ষা করার শামিল।
নির্বাহী ক্ষমতার ব্যবহার নিয়ে উদ্বেগ
স্টিফেনসের আশঙ্কা, স্টিফেন মিলার নির্বাহী আদেশ ও অন্যান্য প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের মাধ্যমে কংগ্রেসকে পাশ কাটানোর চেষ্টা আরও জোরদার করতে পারেন। এর মাধ্যমে একদিকে ডেমোক্র্যাটদের দুর্বল হিসেবে তুলে ধরা, অন্যদিকে তাঁদের অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে উসকে দেওয়ার কৌশল নেওয়া হতে পারে।
তবে ট্রাম্পের কর্মকাণ্ডকে আগের প্রেসিডেন্টদের সঙ্গে তুলনা করার প্রবণতা নিয়ে আপত্তি জানিয়েছেন ব্রুনি। তাঁর মতে, বারাক ওবামা বা জো বাইডেনের প্রশাসনের কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও ট্রাম্পের কর্মকাণ্ডের ব্যাপ্তি ও নিষ্ঠুরতা সম্পূর্ণ ভিন্ন মাত্রার।
তিনি বিশেষভাবে ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির চেষ্টা, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ, বিরোধীদের চরিত্রহনন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) কর্মকাণ্ডের সমালোচনা করেন।
স্টিফেনস অবশ্য মনে করেন, ডেমোক্র্যাটরা অতীতে নির্বাহী ক্ষমতার কিছু সীমা অতিক্রমের দৃষ্টান্ত তৈরি করেছিল। এখন ট্রাম্প সেই সুযোগকে আরও আগ্রাসীভাবে কাজে লাগাচ্ছেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষের তৈরি করা পথ পরবর্তী সময়ে আরও বড় অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
ডেমোক্র্যাটদের নেতৃত্বে কে আসবেন?
নির্বাচনে সাফল্যের পর ডেমোক্র্যাটদের সামনে এখন বড় প্রশ্ন—সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কে হবেন?
ফ্র্যাঙ্ক ব্রুনির মতে, চাক শুমার এই পদে থাকার যথেষ্ট যোগ্যতা রাখেন। মধ্যবর্তী নির্বাচনে উপযুক্ত প্রার্থী বাছাই এবং গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে জয় নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ওহাইওর শেরড ব্রাউন এবং নর্থ ক্যারোলাইনার রয় কুপারের মতো প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্তও সফল হয়েছে।
তবে ৭৫ বছর বয়সী শুমার নতুন প্রজন্মের নেতৃত্বের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচনে ডেমোক্র্যাটরা এমন কিছু রাজ্য ও অঞ্চলেও জয় পেয়েছে, যেগুলোকে আগে দলটির জন্য প্রতিকূল মনে করা হতো। সেখানে বিভিন্ন বয়স ও পটভূমির প্রার্থীদের বিজয় নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশাও সামনে এনেছে।
অন্যদিকে, ব্রেট স্টিফেনস মনে করেন, সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে শুমারই সবচেয়ে উপযুক্ত। তাঁর মতে, এ পদে শুধু জনপ্রিয়তা নয়, আইন প্রণয়নের অভিজ্ঞতা, রাজনৈতিক সমঝোতার দক্ষতা এবং দলের বিভিন্ন অংশের স্বার্থ বোঝার ক্ষমতা প্রয়োজন।
বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের শক্তিশালী অবস্থান রয়েছে, সেখান থেকেও ডেমোক্র্যাটরা এবার সিনেটে আসন পেয়েছেন। ফলে দলের নেতৃত্বকে মধ্যপন্থী অবস্থান বজায় রাখার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
বামপন্থার দিকে ঝোঁকা কি ভুল হবে?
ব্রুনির মতে, ডেমোক্র্যাটদের সাম্প্রতিক বিজয়কে শুধু প্রগতিশীল রাজনীতির উত্থান হিসেবে দেখার সুযোগ নেই। নির্বাচনে মধ্যপন্থী প্রার্থীরাও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তাই দলটি যদি অতিরিক্ত বামপন্থার দিকে ঝুঁকে পড়ে, তাহলে এই নির্বাচনী সাফল্যের রাজনৈতিক তাৎপর্য নষ্ট হতে পারে।
স্টিফেনসও মনে করেন, ডেমোক্র্যাটদের সামনে এখন দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। নতুন রিপাবলিকান নেতৃত্বে জিম জর্ডানের দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক সংঘাত বাড়তে পারে। তবে ডেমোক্র্যাটদের উচিত হবে অকারণে অভিশংসন, সরকার অচল করে দেওয়া কিংবা স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের অর্থায়ন বন্ধের মতো পদক্ষেপে না যাওয়া।
তাঁর মতে, বর্তমান মার্কিন রাজনীতিতে সবচেয়ে কার্যকর পার্থক্য হতে পারে উগ্র রাজনৈতিক অবস্থানের বিপরীতে সুস্থ ও দায়িত্বশীল রাজনীতির অবস্থান তৈরি করা।
প্রতিশোধ নয়, মানুষের সমস্যার সমাধান চান ভোটাররা
ব্রুনির মতে, মধ্যবর্তী নির্বাচনের ফল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি পাওয়া যায়, তা হলো—ভোটাররা রাজনীতিবিদদের ব্যক্তিগত বিরোধ ও ক্ষমতার লড়াইয়ে ক্লান্ত। তাঁরা চান, রাজনীতিবিদেরা স্বাস্থ্যসেবা, করব্যবস্থা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মতো বাস্তব সমস্যার সমাধানে মনোযোগ দিন।
ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা অন্যায় করেছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনার দাবি অবশ্যই থাকতে পারে। কিন্তু প্রতিশোধের রাজনীতিই যদি ডেমোক্র্যাটদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে, তাহলে দীর্ঘ মেয়াদে দলটি এবং দেশ—উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
স্টিফেনসের প্রস্তাব, ডেমোক্র্যাটরা রাজনৈতিক প্রতিপক্ষের শক্তিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারে। যেমন, সীমান্ত দেয়াল নির্মাণের বাকি অর্থায়নে সম্মতি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রে শৈশবে আসা অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করার দাবি তোলা যেতে পারে। একইভাবে, মেয়াদ শেষ হওয়া ওবামাকেয়ার কর-সুবিধা পুনর্বহালের বিনিময়ে মেডিকেয়ার ও মেডিকেইডে জালিয়াতি বন্ধে দ্বিদলীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেওয়া যেতে পারে।
ব্রুনি এসব প্রস্তাবের মূল ধারণাকে সমর্থন করেছেন। তাঁর মতে, সমঝোতাকে নীতির সঙ্গে আপস হিসেবে নয়, বরং রাজনৈতিক পরিপক্বতার পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। দলীয় কৃতিত্বের হিসাব না করে যেখানে ঐকমত্য সম্ভব, সেখানে তা গ্রহণ করতে হবে।
দুই লেখকের আলোচনার শেষ বক্তব্যও ছিল রাজনৈতিক সৌজন্য, অনুশোচনা, সমঝোতা ও নাগরিক আচরণের গুরুত্ব নিয়ে। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন শুধু ক্ষমতার লড়াই নয়, সভ্য ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার প্রয়োজন সবচেয়ে বেশি।












