হবিগঞ্জের লাখাই উপজেলায় ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত।
বুল্লা বাজারে অভিযান
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে লাখাই উপজেলার বুল্লা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৭ পিস ইয়াবাসহ মোশারফ হোসেনকে আটক করা হয়।
পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুল্লা বাজার থেকে ইয়াবাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন দাবি বিএনপির
এ ঘটনায় লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই।
তিনি আরও দাবি করেন, অনৈতিক কর্মকাণ্ডের কারণে মোশারফ হোসেনকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে তিনি বিএনপির কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত নন।












