বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে ইউরোপের অনুপস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ প্রকাশ করছে ইউরোপীয় সংবাদমাধ্যমের একাংশ। গত সপ্তাহে চীনের শেনজেনে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে ইউরোপের কেউ ছিলেন না। চলতি মাসের শুরুতে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনাতেও ইউরোপীয় প্রতিনিধিদের জায়গা হয়নি। ইউরোপের আশঙ্কা, আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে তারা ক্রমেই ছিটকে পড়ছে।
কিন্তু এই উদ্বেগের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের একটি মন্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। আসিয়ান-সংশ্লিষ্ট একটি বৈঠকের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, রাশিয়া চীনের সঙ্গে এমনভাবে কথা বলছিল, যেন দুই দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে একসঙ্গে লড়েছে এবং জয়ী হয়েছে। বিষয়টি শুনে তিনি বিস্মিত হয়েছেন বলেও জানান।
অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও চীন মিত্রশক্তির পক্ষে লড়েছিল—এটি ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য। ওই যুদ্ধে প্রায় আড়াই কোটি সোভিয়েত নাগরিক এবং দুই কোটি চীনা প্রাণ হারিয়েছিলেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকের কাছে বিষয়টি নতুন মনে হওয়া শুধু বিস্ময়কর নয়; যুদ্ধের ভয়াবহ মূল্য দেওয়া দেশগুলোর ইতিহাস ও আত্মত্যাগকে খাটো করে দেখার ঝুঁকিও তৈরি করে। এই ধরনের মন্তব্যের পর এশিয়ার দেশগুলোর সঙ্গে ইউরোপের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার দায়িত্বে থাকা একজন কূটনীতিকের অবস্থান নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
এশিয়া সম্পর্কে পশ্চিমের জ্ঞানের ঘাটতি
কালাসের মন্তব্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এশিয়ার ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে পশ্চিমা বিশ্বের অজ্ঞতা অনেক ক্ষেত্রেই গভীর। এই অজ্ঞতা কখনো সংবাদমাধ্যমের প্রতিবেদনে, কখনো রাজনৈতিক নেতাদের বক্তব্যে প্রকাশ পায়।
গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের একটি পরিচিত সংবাদপত্র তাইওয়ান সম্পর্কে লিখেছিল, দ্বীপটি স্বশাসিত গণতন্ত্র, অথচ বেইজিং কখনো এটি নিয়ন্ত্রণ না করেই নিজের ভূখণ্ড বলে দাবি করছে। চীনের ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেও এমন বক্তব্যের সীমাবদ্ধতা বোঝা সম্ভব। চীনের গৃহযুদ্ধের দুই প্রধান নেতা মাও সেতুং ও চিয়াং কাই-শেকের সময় থেকেই তাইওয়ানের রাজনৈতিক অবস্থান নিয়ে বিরোধের ইতিহাস রয়েছে। এরও আগে চীনের ছিং রাজবংশ দুই শতাব্দীর বেশি সময় দ্বীপটি শাসন করেছে। ইতিহাসের এই প্রেক্ষাপট বাদ দিলে বিষয়টির জটিলতা বোঝা যায় না।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ক্ষেত্রেও একই ধরনের অপ্রস্তুতির উদাহরণ রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে সিনেটের শুনানিতে তাঁকে আসিয়ানের একটি সদস্য দেশের নাম বলতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংস্থাটির কী ধরনের চুক্তি রয়েছে তা ব্যাখ্যা করতে এবং জোটে কয়টি দেশ আছে তা জানাতে বলা হয়েছিল। তিনি সদস্যসংখ্যা বলতে পারেননি। বরং দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করেন। অথচ এসব দেশ আসিয়ানের সদস্য নয়। প্রায় ৭০ কোটি মানুষের এই আঞ্চলিক জোট বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়ার মতো সম্মিলিত অর্থনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করে।
এশিয়ার অর্থনীতিকে অবজ্ঞার পুরোনো দৃষ্টিভঙ্গি
পশ্চিমা ভাষ্যকারদের অনেকের বক্তব্যে এশিয়ার অর্থনৈতিক সক্ষমতা সম্পর্কেও পুরোনো ধারণা কাজ করে। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে গেলে যুক্তরাষ্ট্রের ভাষ্যকার বিল ও’রেইলি মন্তব্য করেছিলেন, এসব দেশের অর্থ নেই এবং তারা চীন থেকে পণ্য কেনার সামর্থ্য রাখে না।
বাস্তবতা এর চেয়ে অনেক জটিল। মালয়েশিয়া, যেখানে আমি বসবাস করি, বর্তমানে বিশ্বের প্রায় ১৩ শতাংশ সেমিকন্ডাক্টর চিপের পরবর্তী ধাপের প্রক্রিয়াকরণ বা ব্যাক-এন্ড প্রসেসিং পরিচালনা করে। দেশটির অর্থনৈতিক সক্ষমতা ও প্রযুক্তিশিল্পের অবস্থান সম্পর্কে ধারণা পেতে এই তথ্যই যথেষ্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও’রেইলির মন্তব্যকে সাম্রাজ্যবাদী মানসিকতার প্রকাশ হিসেবে বর্ণনা করেছিলেন।
এ ধরনের অজ্ঞতার আরও উদাহরণ রয়েছে। ২০০৬ সালে যুক্তরাজ্যের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট মালয়েশিয়া সফরে গিয়ে দেশটিকে ‘মালয়া’ বলে সম্বোধন করেছিলেন, যদিও ১৯৬৩ সাল থেকে দেশটির নাম মালয়েশিয়া। একই সময় লন্ডনের একটি সংবাদ সাময়িকীতে কাজ করার অভিজ্ঞতায় দেখেছিলাম, আরব উপসাগরের একটি মানচিত্রে উপসাগরীয় সহযোগিতা পরিষদের একটি সদস্যরাষ্ট্রের নামই বাদ পড়ে গেছে। সম্পাদনা ও প্রুফ দেখার একাধিক ধাপ পেরিয়েও ভুলটি কারও চোখে পড়েনি।
শুধু তথ্য নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন
পশ্চিমা বিশ্বে এশিয়া সম্পর্কে জ্ঞানের ঘাটতি যে বড় সমস্যা, তা কখনো কখনো সেখানকার বুদ্ধিবৃত্তিক পরিসরেও স্বীকার করা হয়েছে। ২০২৩ সালে ফিন্যান্সিয়াল টাইমসের একটি কলামের শিরোনাম ছিল, ‘আপনি কি এশিয়া সম্পর্কে পরীক্ষায় পাস করতে পারবেন?’ লেখাটিতে বলা হয়েছিল, পশ্চিমা শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় ঘাটতিগুলোর একটি হলো এশিয়া সম্পর্কে অজ্ঞতা।
সমস্যাটি কেবল ইতিহাস ও ভূগোলের কিছু তথ্য না জানার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে অন্যের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝার অক্ষমতা। চীনের মানুষ যে ‘অপমানের শতাব্দী’ হিসেবে পরিচিত দীর্ঘ সময়ের বিদেশি হস্তক্ষেপ, পরাজয় ও অপমানের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, পশ্চিমের মানুষ কি কখনো নিজেদের দেশের ইতিহাসের সঙ্গে তা মিলিয়ে দেখেন? অন্য দেশের জাতীয় স্মৃতি ও রাজনৈতিক আচরণ বোঝার জন্য এমন প্রশ্ন করা জরুরি।
এশিয়ার বহু অঞ্চলের রাজনৈতিক ইতিহাসকে ইউরোপীয় রাষ্ট্রব্যবস্থার ধারণা দিয়ে ব্যাখ্যা করলেও সমস্যা তৈরি হয়। ওয়েস্টফেলীয় রাষ্ট্রব্যবস্থায় নির্দিষ্ট ভূখণ্ড ও স্পষ্ট সীমান্তকে সার্বভৌমত্বের ভিত্তি হিসেবে দেখা হয়। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু সুলতানাত ও রাজ্যে ঐতিহাসিকভাবে ক্ষমতার বিস্তার ছিল ভিন্ন ধরনের। রাজধানী থেকে দূরত্ব বাড়ার সঙ্গে শাসকের কর্তৃত্ব কমে যেত। অনেক ক্ষেত্রে অধীন রাজ্য বা অঞ্চলের সঙ্গে সম্পর্ক ছিল নামমাত্র আনুগত্যের ভিত্তিতে। সুস্পষ্ট সীমান্তের পরিবর্তে সীমান্তবর্তী অঞ্চল বা প্রভাববলয়ই ছিল বেশি পরিচিত বাস্তবতা।
অতএব, এশিয়ার রাজনৈতিক ইতিহাস বুঝতে হলে ইউরোপীয় অভিজ্ঞতাকে একমাত্র মানদণ্ড ধরে চললে হবে না। প্রেক্ষাপট, স্থানীয় ইতিহাস ও নিজস্ব রাজনৈতিক ধারণাকে গুরুত্ব দিতে হবে।
আন্তর্জাতিক সম্পর্কের পাঠে ‘বিশ্বজনীন’ দৃষ্টিভঙ্গি
ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানী অমিতাভ আচার্য আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের প্রচলিত পশ্চিমকেন্দ্রিক কাঠামো বদলে ‘গ্লোবাল ইন্টারন্যাশনাল রিলেশনস’ বা বিশ্বজনীন আন্তর্জাতিক সম্পর্কের ধারণা সামনে এনেছেন। তাঁর প্রস্তাবের মূল কথা হলো, পশ্চিমের বাইরের দেশগুলোর ইতিহাস, চিন্তাভাবনা, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভূমিকা যেন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় প্রান্তিক হয়ে না থাকে।
এই পরিবর্তন এখন জরুরি। কারণ বৈশ্বিক অর্থনীতিতে এশিয়ার গুরুত্ব দ্রুত বেড়েছে। ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপি বিবেচনায় বিশ্ব অর্থনীতির প্রায় অর্ধেক এখন এশিয়ার দখলে। অর্থনৈতিক শক্তি, প্রযুক্তি, বাণিজ্য ও কূটনীতিতে মহাদেশটির প্রভাব আরও দৃশ্যমান হচ্ছে। অথচ পশ্চিমা সমাজের একাংশ এখনো এশিয়াকে পুরোনো শ্রেষ্ঠত্ববোধের দৃষ্টিতে বিচার করে।
এই মনোভাব শুধু বুদ্ধিবৃত্তিক দুর্বলতা নয়, পশ্চিমের নিজেদের স্বার্থের জন্যও ক্ষতিকর। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অনেক সমাজের জনসংখ্যা বয়স্ক হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিও তুলনামূলক ধীর। তাদের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এশিয়ার সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। সেই সম্পর্ক কার্যকর করতে হলে এশিয়ার ইতিহাস, অর্থনীতি ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে গভীর জ্ঞান প্রয়োজন।
ইউরোপ যদি আন্তর্জাতিক আলোচনায় নিজের অবস্থান ধরে রাখতে চায়, তবে শুধু বৈঠকের টেবিলে জায়গা পাওয়ার দাবি জানালেই হবে না। যেসব দেশ ও অঞ্চলের সঙ্গে সম্পর্ক গড়তে চায়, তাদের ইতিহাস ও অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির নেতৃত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য। কাজা কালাসের সাম্প্রতিক মন্তব্য সেই প্রয়োজনীয়তার কথাই সামনে এনেছে।
এশিয়ার দেশগুলোকে বোঝার ক্ষেত্রে অজ্ঞতা ও অবজ্ঞা বজায় রেখে ইউরোপের পক্ষে নতুন বৈশ্বিক বাস্তবতায় প্রভাবশালী থাকা কঠিন। আন্তর্জাতিক রাজনীতিতে জায়গা ধরে রাখতে হলে প্রথমে অন্যদের ইতিহাসকে স্বীকার করতে হবে।












