এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সেবা উন্নত করতে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। এতে প্রায় ৯ লাখ মানুষ উপকৃত হবেন। বৃহস্পতিবার এডিবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পানি ও পয়ঃসেবা উন্নয়নের এই উদ্যোগ ছোট শহরগুলোর নাগরিক সেবায় বড় পরিবর্তন আনতে পারে।
ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট বাস্তবায়ন করা হবে কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে। ঋণটি রেয়াতি, অর্থাৎ বাণিজ্যিক ঋণের চেয়ে এর শর্ত নমনীয়। ক্লাস্টার টাউন বলতে অর্থনৈতিক প্রবৃদ্ধির নেটওয়ার্কের মধ্যে পাশাপাশি থাকা পৌরসভাগুলোকে বোঝানো হয়। প্রকল্পটি এডিবির সমর্থনপুষ্ট ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগ এবং সরকারের জনসেবা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও টেকসই আঞ্চলিক উন্নয়নের অগ্রাধিকারকে সহায়তা করবে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য পানি ও পয়ঃসেবা জনস্বাস্থ্য, মানবমর্যাদা এবং উৎপাদনশীল ও সহনশীল জনগোষ্ঠীর জন্য মৌলিক। প্রকল্পে প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক তৈরি করা হবে। ৬৫ হাজার পরিবারের পানির সংযোগ স্মার্ট মিটারসহ নতুন করে বসানো বা সংস্কার করা হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ যাবে নিম্ন আয়ের মানুষের এলাকা ও অনানুষ্ঠানিক বসতিতে।
সাতটি পানি শোধনাগার সংস্কার করা হবে এবং ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া গড়া হবে। এর লক্ষ্য পানির অপচয় কমানো। প্রকল্পের হিসাবে এসব শহরে এখন সরবরাহ করা পানির অর্ধেকের বেশি ক্ষতি বা অপচয় হয়। ২০২৬ সালে এই হার ৫০ শতাংশের বেশি থাকলেও ২০৩২ সালের মধ্যে তা ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ একই পানি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে।
নিম্ন আয়ের এলাকায় ১ হাজার ২০০টি পরিবারের জন্য শৌচাগার তৈরি হবে। সঙ্গে হবে চারটি গণসুবিধা, যা নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সহজে ব্যবহারযোগ্য হবে এবং নারী বাসিন্দারা সেগুলো পরিচালনা করবেন। প্রকল্প শেষ হওয়ার কথা ২০৩২ সালের ডিসেম্বরে। এই সময়ের মধ্যে স্থানীয় সেবা সংস্থাগুলোর কারিগরি, পরিচালন ও আর্থিক সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে কুমিল্লা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ গঠনে সহায়তা দেওয়া হবে।











