ভারতের লোকসভায় আসন পুনর্বিন্যাস ও নারীদের জন্য আসন সংরক্ষণ কার্যকরের লক্ষ্যে সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। শনিবার দুই ঘণ্টার বৈঠকে বিরোধী দলগুলোর সংসদীয় নেতারা এ বিষয়ে একমত হন। তাঁদের অভিযোগ, প্রস্তাবিত বিলের মাধ্যমে তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতির (এসটি) স্বার্থ ক্ষুণ্ন হবে। একই সঙ্গে ক্ষমতাসীন বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে ক্ষমতা কুক্ষিগত করার উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, বিরোধীরা সম্মিলিতভাবে সংসদে এই বিলের বিরোধিতা করবেন।
এসসি-এসটির প্রতিনিধিত্ব কমার আশঙ্কা
খাড়গের দাবি, প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের মূল উদ্দেশ্য হলো জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে লোকসভায় এসসি ও এসটি জনগোষ্ঠীর আসনসংখ্যা বাড়ানোর সুযোগ আটকে দেওয়া।
তিনি বলেন, দেশে তফসিলি জাতি ও উপজাতির জনসংখ্যা বেড়েছে। সর্বশেষ জনগণনায় এই পরিবর্তনের প্রতিফলন দেখা যাবে। কিন্তু সরকার সেই বাস্তবতাকে স্বীকার করতে চাইছে না বলে অভিযোগ করেন তিনি।
খাড়গের মতে, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে এসব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ার কথা। কিন্তু প্রস্তাবিত বিলের মাধ্যমে সেই সুযোগ সীমিত করার চেষ্টা চলছে।
ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অভিযোগ
কংগ্রেস সভাপতি বলেন, গত সাধারণ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘চারশ পার’ স্লোগান দিয়েছিলেন। এখন এই সংবিধান সংশোধনী বিল পাস করিয়ে লোকসভায় আসনসংখ্যা ৮০০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
খাড়গের দাবি, এর মাধ্যমে বিজেপি ও আরএসএস দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পাশাপাশি সংবিধানের কাঠামো পরিবর্তনের সুযোগ তৈরি করতে চায়।
তিনি বলেন, ক্ষমতা একবার তাদের হাতে চলে গেলে এই বিলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করা হবে। এ কারণে বিরোধীরা কোনোভাবেই বিলটি সমর্থন করবেন না।
গণতন্ত্র ও সংবিধান নিয়ে উদ্বেগ
খাড়গে অভিযোগ করেন, প্রস্তাবিত উদ্যোগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় হুমকি। তাঁর দাবি, সরকার এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে, যেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে এবং বিরোধীদের রাজনৈতিক ভূমিকা সংকুচিত হয়ে পড়বে।
চীনের রাজনৈতিক ব্যবস্থার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে হাজার হাজার প্রতিনিধি হাত তুলে সংখ্যাগরিষ্ঠতা দেখানোর মতো পরিস্থিতি তৈরি করা হয়। ভারতকেও সেই ধরনের ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
খাড়গে আরও বলেন, বিজেপি ও আরএসএসের হাতে স্থায়ীভাবে সরকার পরিচালনার ক্ষমতা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষায়, এর পরিণতিতে মনুস্মৃতির আদর্শ বাস্তবায়নের পথ তৈরি হতে পারে।
বিরোধীদের সম্মিলিত প্রতিরোধের ঘোষণা
কংগ্রেস সভাপতি জানান, এর আগেও বিজেপি সরকার বিলটি পাস করানোর উদ্যোগ নিয়েছিল। তবে বিরোধীদের সম্মিলিত অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।
এবারও একইভাবে সংসদে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী নেতারা। খাড়গের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও শিবসেনাসহ বিভিন্ন রাজনৈতিক দলকে ভাঙার চেষ্টাও বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ।
তিনি বলেন, প্রস্তাবিত বিল এসসি ও এসটি জনগোষ্ঠীর স্বার্থের অনুকূলে নয়। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিরোধীরা একসঙ্গে এই সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করবেন।












