ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ। গানপ্রেমীদের মন কাড়ে প্রিয়াংকার গাওয়া গান।
হালের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর ‘প্রিয়াংকা গোপ অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আজি নেমেছে আঁধার’ শিরোনামের গান। গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন উম্মে হুমায়রা উপন্যাস। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ইফতেখার মুনিম।
সম্প্রতি গানটি প্রসঙ্গে প্রিয়াংকা গোপ সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, ‘একটা স্বপ্নের প্রজেক্ট এই গান। অনেক দিনের অপেক্ষা এই গানটি। আমার ছোট্ট চ্যানেলের অদ্যাবধি বিগ বাজেটের একটি কাজ। রাজীব ভাই এত সুন্দর গানখানি কী করে লিখলো কে জানে! সোনালী দি ও হৃদয়কাড়া সুর করলেন, তাতে বিনোদ দা, পল্লব দা, মামুন দিলেন জাদুর ছোঁয়া। মুনিম ভাই ভালোবাসা দিয়ে বানালেন দৃষ্টিনন্দন ভিডিওচিত্র। ফোরকান ভাইয়ের ক্যামেরার কারসাজিও একটা আশ্চর্য। আর আমার সাথে যে নীলপরীটিকে স্ক্রীনে দেখছেন, ওইদিন ভয়াবহ গরমে মাথায় রোদ নিয়ে পা পুড়িয়ে নৃত্যভঙ্গিমায় মুখরিত করেছে উপন্যাস। আমাদের সাজিয়েছে সুমন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলের প্রতি। প্রোডাকশনের সবাই, আমার বর, দীনা, ফরিদ ভাই, সজীব। আপনাদের ভালো লাগলেই আনন্দ।’












