০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে দেরিতে ফুটলেও ফুল ফোটে: শেখার কোনো বয়স নেই বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় পিছু হটল বিএসএফ নতুন ছাঁটে চমকে দিলেন কনর স্টোরি, ক্রিয়েটিভ আর্টস এমিসে আত্মপ্রকাশ ‘বাজকাট’ লুকে জঙ্গলে মিলল নিখোঁজ যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলেন বাবা কৃষিকে বদলে দিতে বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’, লক্ষ্য ৩০ কোটি ক্ষুদ্র কৃষক সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তদন্ত চান রিজভী শরতের ফ্যাশনে জেন বারকিনের পুরোনো ছবিই আজকের নতুন অনুপ্রেরণা শরতের সাজে সুয়েড জ্যাকেট, ৬ দারুণ স্টাইলিং আইডিয়া সিয়ারা মা হচ্ছেন পঞ্চমবার, রাসেল উইলসনের সঙ্গে আসছে নতুন অতিথি

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-১০৪)

  • Sarakhon Report
  • ১১:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • 145

সন্ন্যাসী ঠাকুর

পরদিন সকালে শ্মশানে আসিয়া যথারীতি পূজা করিয়া বাহিরে আসিয়া বসিলাম। দেখিলাম আমারই বয়সের একটি বালক সন্ন্যাসীর বেশে শ্মশানের পথ দিয়া যাইতেছে। তাহাকে কাছে ডাকিয়া আনিয়া সমাদর করিয়া বসাইলাম। পূর্ব দিনের সেই চৌর্য-উপার্জিত আমগুলির কয়েকটি পাকিয়াছিল। তাহা আনিয়া আমার এই সন্ন্যাসী বন্ধুকে খাইতে দিলাম। আর তাহাকে জিজ্ঞাসা করিলাম, “আচ্ছা ভাই!

তুমি এই অল্প বয়সে সন্ন্যাসী হইয়াছ কেন?” ছেলেটি বলিল, “বাড়িতে বসিয়া ধর্মকাজ করিতে আমার বাপ-মা আমাকে বেদম প্রহার করেন।” আমি আবার জিজ্ঞাসা করিলাম, “আচ্ছা ভাই! তোমাকে আর কে কে মারে?” ছেলেটি বলিল, “আমার বড় ভাই-ই আমাকে সবচাইতে বেশি মারেন।”

এ যে আমারই কাহিনী। আমি ছেলেটির প্রতি আরও আকৃষ্ট হইলাম। আমি বলিলাম, “ভাই! আমি যদি তোমার মতো সন্ন্যাসী হই, তুমি কি আমাকে সঙ্গে লইবে?”

ছেলেটি বলিল, “বেশ তো! আমরা দুই বন্ধুতে একসঙ্গে দেশে দেশে ঘুরিব।”

জিজ্ঞাসা করিলাম, “ভাই! তুমি এখন খাইবে কোথায়?” সে বলিল, “আমি সন্ন্যাসী মানুষ, যে দিবে তাহারই বাড়িতে আহার করিব।”

আমি বলিলাম, “এই পথ দিয়া বরাবর চলিয়া যাও। তিনখানা বাড়ি পার হইলেই আমার পিতা আনছার উদ্দীন মোল্লার বাড়ি। সেখানে যাইয়া অপেক্ষা কর। আমি অল্প সময়ের মধ্যেই ঘর-দোর পরিষ্কার করিয়া আসিতেছি।” রাজি হইয়া ছেলেটি আমার নির্দিষ্ট পথে রওয়ানা হইল।

তাড়াতাড়ি আমার কাজগুলি সারিয়া বাড়ি আসিলাম। আসিয়া দেখি আমার নির্দেশমতো ছেলেটি আমাদের বাড়ি আসে নাই। সমস্ত পাড়া তন্ন তন্ন করিয়া খুঁজিলাম, কোথাও তাহার দেখা পাইলাম না। কতজনকে তাহার কথা জিজ্ঞাসা করিলাম। কেহই তাহার কোনো সন্ধান দিতে পারিল না।

শহরে যাইয়া রানীদিদিকে সমস্ত ঘটনা বলিলাম। রানীদিদি বলিলেন, “ওই ছেলেটির রূপ ধরিয়াই মা কালী তোকে দেখা দিয়া গেলেন। আর তুই রাত্রে শ্মশানে থাকিস না। কি হয় বলা তো যায় না। তবে একথা নিশ্চয় জানিস, তোর সরল বিশ্বাসে মা কালী একদিন-না-একদিন তোকে দেখা দিবেনই।”

ইহার পর প্রতিদিন শ্মশানে আসিয়া পথের দিকে চাহিয়া থাকি। সেই ছেলেটি যদি আসে। এবার আসিলে দুই হাতে তার পা জড়াইয়া ধরিব। দিনের পর দিন যাইতে লাগিল; সেই ছেলেটি আর ফিরিয়া আসিল না।

চলবে…

জনপ্রিয় সংবাদ

হিমালয় বদলে গেছে, এবার নেপালকেও বদলাতে হবে

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-১০৪)

১১:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫