দেশে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে। জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমায় সার্বিক সূচকে কিছুটা স্বস্তি এলেও মজুরি বৃদ্ধির হার এখনো মূল্যস্ফীতির নিচে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্টে জাতীয় মজুরি সূচক বেড়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। ফলে মানুষের আয় বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় সেই আয়কে ছাড়িয়ে যাচ্ছে।
কমেছে খাদ্য মূল্যস্ফীতি
আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০২ শতাংশ হয়েছে। জুলাইয়ে এর হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।
গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩১ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে এই হার ৮ দশমিক ২৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২০ শতাংশে।
বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি
আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেশি, ৯ দশমিক ৫৯ শতাংশ।
একই সময়ে কৃষি খাতে মজুরি বেড়েছে ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্পে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। তিনটি প্রধান খাতের মধ্যে শিল্পের মজুরি বৃদ্ধির হার সবচেয়ে কম। তথ্যগুলো দেখাচ্ছে, মূল্যস্ফীতি কমার সূচনা হলেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় দৃশ্যমান স্বস্তি এখনো ফেরেনি।
সারাক্ষণ রিপোর্ট 



















