আফ্রিকার অন্যতম বৃহৎ জ্বালানি অবকাঠামো প্রকল্প ট্রান্স-সাহারা গ্যাস পাইপলাইন (টিএসজিপি)-এর আলজেরিয়া অংশের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আলজেরিয়ার আদরার প্রদেশে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়নের নতুন ধাপে প্রবেশ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আলজেরিয়া, নাইজেরিয়া ও নাইজারের জ্বালানি মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন তিন দেশের জাতীয় তেল কোম্পানি সোনাত্রাক, এনএনপিসি এবং সোনিদেপের প্রধান নির্বাহীরা।
পরিকল্পনা থেকে বাস্তবায়নে
আলজেরিয়ার হাইড্রোকার্বন মন্ত্রণালয় জানিয়েছে, হালনাগাদ সম্ভাব্যতা সমীক্ষার চূড়ান্ত অনুমোদনের পর প্রকল্পটি এখন বাস্তব নির্মাণপর্বে প্রবেশ করেছে। প্রকল্পের স্টিয়ারিং কমিটির পঞ্চম মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই এই নির্মাণকাজ শুরু হয়েছে।
এর আগে নাইজেরিয়ার জ্বালানি মন্ত্রী একপেরিকপে একপো এবং নাইজারের জ্বালানি মন্ত্রী হামাদু টিনি আলজিয়ার্সে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁরা আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আরকাবের সঙ্গে স্টিয়ারিং কমিটির বৈঠকে অংশ নেন।
তিন দেশের যৌথ অঙ্গীকার
মন্ত্রী পর্যায়ের বৈঠকে হালনাগাদ সম্ভাব্যতা সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়, যা নির্মাণকাজ শুরু করার পথ সুগম করে। আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আরকাব বলেন, এই সিদ্ধান্ত তিন দেশের রাজনৈতিক সদিচ্ছা এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
যৌথ বিবৃতিতে তিন দেশ নিশ্চিত করেছে, পাইপলাইনের কেন্দ্রীয় অংশ হিসেবে বিবেচিত আলজেরিয়ার সেকশনের কাজ প্রথমে শুরু হবে। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আদরার প্রদেশের আউলেফ গ্যাসক্ষেত্রে।
বিশ্ববাজারে পৌঁছাবে আফ্রিকার গ্যাস
প্রকল্পটি সম্পন্ন হলে নাইজেরিয়ার প্রাকৃতিক গ্যাস নাইজার হয়ে আলজেরিয়ায় পৌঁছাবে। সেখান থেকে আলজেরিয়ার বিদ্যমান গ্যাস প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, তরলীকরণ এবং রপ্তানি অবকাঠামোর সঙ্গে সংযুক্ত হয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হবে।

একই সঙ্গে এই পাইপলাইন আলজেরিয়ার অভ্যন্তরীণ গ্যাস নেটওয়ার্ককেও আরও শক্তিশালী করবে। আহনেত গ্যাসক্ষেত্রসহ বিদ্যমান ও নতুন আবিষ্কৃত একাধিক গ্যাসক্ষেত্র জাতীয় গ্যাস ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে।
আফ্রিকার কৌশলগত জ্বালানি অবকাঠামো
৪ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই ট্রান্স-সাহারা গ্যাস পাইপলাইন বছরে ২ হাজার থেকে ৩ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পরিবহনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এ কারণে এটি শুধু আফ্রিকার অন্যতম বৃহৎ জ্বালানি অবকাঠামো প্রকল্পই নয়, বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী গ্যাস পাইপলাইন উদ্যোগগুলোর একটি হিসেবেও বিবেচিত হচ্ছে।
আলজেরিয়ার হাইড্রোকার্বন মন্ত্রণালয়ের মতে, প্রকল্পটি আলজেরিয়া, নাইজেরিয়া ও নাইজারের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও গভীর করবে, আঞ্চলিক সংযোগ জোরদার করবে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৈশ্বিক প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যবস্থায় আফ্রিকার অবস্থান আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















