ভারত ও নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বরের রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে মারা গেছেন ৫৬ জন এবং নেপালে ১৪ জন। নেপালে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।
নদীর পানি বাড়ায় নেপালে নতুন আকস্মিক বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ভারতে এক হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত
ভারতের উত্তর প্রদেশে ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রয়টার্স জানিয়েছে, ভারতে ৪৬ জন আহত ও এক হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির সাতটি রাজ্যের ৩০টি নদী পর্যবেক্ষণকেন্দ্রে পরিস্থিতি গুরুতর বলে জানিয়েছে কেন্দ্রীয় পানি কমিশন। গঙ্গা, গণ্ডক ও কোশিসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নেপালের ৪৯ জেলায় সতর্কতা
নেপালের ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে।












