পঞ্চগড়ের বোদা উপজেলার মলকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, মলকাডাঙ্গা সীমান্ত এলাকায় ছয়জন পুরুষ ও একজন নারীসহ সাতজনকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাদের বাধা দেন এবং বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেন।
বিজিবির বাধার মুখে ওই সাতজন সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থান করতে থাকেন। পরে দিনভর সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত ছিল।
রাতে পরিস্থিতি ও বিজিবির সতর্ক অবস্থানের মধ্যে ওই সাতজন একই সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে ফিরে যান।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, চোরাচালান, অবৈধভাবে সীমান্ত পারাপার, কাউকে জোর করে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়া এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
সীমান্তে এ ধরনের ঘটনা ঠেকাতে বিজিবির নজরদারি ও সতর্কতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।












